খামোখা কী যে অত খুঁজে চলো কাগজে
সামান্য ঘটনাটা কোন বোকা না বোঝে,
আতিপাতি নথি ঘেঁটে গোটা ঊনসত্তর,
সে কাগজ যেই তুমি জমা দেবে সত্বর,
অমনি অট্টহেসে বলবেন কর্তা,
এইটুকু তথ্যতে পোষাবে না পড়তা,
যাও যাও দৌড়াও, এখনই না ক্ষান্ত
ওরে রামু গোটা কয় নথি তুলে আন তো!
হাতে হাতে পেয়ে যাবে নতুন এক ফর্দ,
নাগরিক হতে গেলে যা পূরণ শর্ত,
দাদু এলো কোত্থেকে ,ঠাকুমার গ্রাম কী,
দিদিমার বোনেদের সব আছে নাম কি,
বিশদে রয়েছে লেখা, এরকম নথি চাই
তিনখানা ফটোকপি করা চাই প্রতিটাই
ওরে বাবা আর কত , যত তুমি চেঁচাবে
ততই নথি’র ভূত আরো গলা প্যাঁচাবে।
ওদিকে যে উঠে গেলো সরকারি স্কুল সব
কোনোখানে নেই তাতে কারো একচুল রব
আরে বাবা মোড়ে মোড়ে ইংরাজি মাধ্যম
ফেলো কড়ি মাখো তেলে তৈরি সে একদম
চাষাভুষো বাদ গেলো প্রগতির জাহাজে
আগামীতে কেউ নেই মেঘনাদ সাহা যে
কে বলবে এটা নিয়ে, ব্যস্ত যে সকলে,
তামাম মগজ আজ কাগজের দখলে।
সাঁই সাঁই করে নামে হাঙ্গার ইনডেক্স
রুপির ডলার-দামে এ ব্যাপারে মিল বেশ,
শোনা যায় আশি কোটি ফ্রীতে পায় খোরাকি
তাই নাকি থমকিয়ে প্রগতির ঘোড়াটি,
তবে কেন এত বাড়ে অপুষ্টি শিশুদের
সংসদে আলোচনা নেই সেই ইস্যুদের,
বরং ট্রোলেরা এসে মিডিয়াতে ধমকান
পশ্চিমী দুনিয়ার ভুল পরিসংখ্যান
সেখানে তর্ক করা মুশকিল বেশ তো
সকলে তো সারাদিন কাগজেই ব্যস্ত।
রাশিয়ার থেকে তেল নিলো দুই শ্রেষ্ঠী
অথচ ট্যারিফে ভোগে কেন গোটা দেশটি
এত রোজগার মেলা তবু কেন কাজ নেই
আগামী কী ভালো হবে ভালো যার আজ নেই
সাধুবেশী ধর্ষক বেশি বেশি বেল পায়,
কারা যেন বিনা বেলে পাঁচ সাল জেলটায়
রাজনীতিবিদ যেই ছাড়া পান জামিনে
মামলাটি ঢোকে কেন বারো হাত জমিনে,
বিরোধী নেতাটি গেলে শাসকের শরণে
ঘাপলারা আর কেন আসেইনা স্মরণে,
এইসব প্রশ্নের চাইবে কে উত্তর,
কাগজ খুঁজলে ঘেঁটে নথি ঊনসত্তর।
আজ-কে কাগজ পেয়ে তাই কেন খুশি হে
কালকেই নয়া বিধি ফের যাবে ঢুঁসিয়ে।
রোজকার নথি খোঁজা যদি চাও ছাড়তে
সহজ একটা কাজ তবে হবে পারতে..
ডেথ-নথি সত্বর লিংক করো বার্থ-এ।









