জরায়ুতে সন্তান নিয়ে
দু চোখ ভরা কান্না সমেত, একবুক অবিশ্বাস সমেত,
নির্জন নদীর ঘাটে কলসি নামিয়ে রেখে
মেয়েটা নেমে গেছে অতলে
সেই কলসিটা পাহারা দিচ্ছি আমি
মেয়ে জেনে যায়নি,
সেই নদী এখন মজে এসেছে,
কুমিরেরা পোষাক পালটে অধুনা সিন্ডিকেট
দ্রুত দখল নিচ্ছে তার
ঘাটে নির্জনতা আর নেই
মেয়েকে ঠকিয়েছিল কেউ
বালি পাচার করার জন্য জমায়েত
খেলা হবে বলে চেঁচানো লম্পটতর ভিড়
ক্রমশ বেড়েছে
মেয়ের ফেলে যাওয়া
সেই কলসিটার কাছে আমি
আমি তার অজাত সন্তান
মাগো, উঠে এসো।
★









