ফ্রিজশটে ধরা ছিলো বিষণ্ণমন
ফোকাস গেছিলো সরে জীবনের থেকে
পৃথিবীর তাঁকে আর নেই প্রয়োজন,
রুটিনে সময় রোজ সেই কথা লেখে..
এরকম বাজে স্ক্রিপ্ট কার যে বানানো
রহস্য খুলবে না লাস্ট সিনে এসে,
প্রদীপের জ্বিন কই, তাকে ডেকে আনো
বিষাদ সারাতে পারে কোনোভাবে সে?
ছ’তলার থেকে যেন ড্রোন দিয়ে দেখা
নিচে লোকজন খেলনার মতো ছোটো
এ দৃশ্যটাতে অভিনেতা তিনি একা,
দোহাই পৃথিবী ,দ্রুত ‘ কাট’ বলে ওঠো!
বিনা রি-টেকএর নট-ওকে এক শটে
গ্রাহ্য হলো না জনতার মতামত,
‘অপরাজিত’ই নাম দেওয়া ছিলো বটে
বিষাদ পেরোতে তবু বেরলো না পথ।
ক্যামেরার ট্রলি ধীরে ধীরে পিছু হটে
ভূত হয়ে যায় তামাম ভবিষ্যৎ ..
ছাদে পড়ে থাকে তাঁর লেখা শেষ খৎ।










