এদেশ করেছে কাঁটাতার-বার, ওদেশ ঢুকতে দেয়না,
আয় বাছা বলে নথি-প্রিয় মা’রা কেউ কোলে তুলে নেয় না,
পুরুষ-রমণী-শিশু নিয়ে গড়া ওই ছোটো জটলাটি,
খুঁজছে খুঁজবে খুঁজেই চলবে দেশ বলে ডাকা মাটি।
আপাতত ওরা নো-ম্যানস ল্যান্ডে.. অধিকারহীন স্থিতি
খিদে তেষ্টার করে না জরিপ পরিচিতি-পরিমিতি,
ওখানেও ওরা খাবার খুঁজছে, জল কি কোথাও আছে?
দায় নয় কারো বেগতিক-নথি-মানুষ মরে কি বাঁচে..
ওরা বরাবর হদ্দ গরীব, পুঁটলি-যাপন আজীবন,
আজ থেকে আজ আয়ুর ব্যাটনে আমৃত্যু দেওয়া আজ-এ মন,
জন্মের নথি গিলেছে অতীত, মরণে স্মরণ নেই তাই,
আছে-র তালিকা এতখানি ফাঁকা , আঁকড়ে রয়েছে নেই-টাই।
যেমন এখন নো-ম্যানস ল্যান্ডে উইমেন মেন চিলড্রেন,
দুটো রাষ্ট্রেরই নীরব ইচ্ছে , ‘সামবডি প্লিজ কিল দেম’
ওদিকে বন্ধ কাঁটাতার-গেট, এদিকে শাসানো রাইফেল,
মানুষ বলে তো দেখে না দেশেরা, মানবাধিকার তাই ফেল।
মাটি আকাশকে বলে দ্যাখ দ্যাখ , দেশ না কী যেন ভাগে,
দু-দল মানুষ আরেকদলকে আটকেছে মাঝ-দাগে।
আকাশও অবাক..
আফ্রিকা থেকে ব্যাটারা বেরোলো এই তো কদিন আগে!










