হাজার বছর মাছ-ডিম-খেকো গুষ্টি,
তাকে যদি দিতে চাও রাজমা’র পুষ্টি
তাহলে শিশুরা নয়, বড় হোক টার্গেট
শিশুর পোষণ যদি না দেয় তার পেট
তবে সেটা ধরা পড়ে বৃদ্ধির শেষে যে
গো-এষণা নেই দেশে জেনেটিক মেসেজে
সুতরাং বদলালে খাবারের ধরণে
টের পাবে বড় হয়ে হাড়গিলে গড়নে,
সেই ঝুঁকি নিয়ে যদি রাজমায় স্কুল-মিল
বিশ সাল পরে বোঝা যাবে হলে ভুল ডিল।
তার চেয়ে গিনিপিগ বড়রাই হোক না,
যাদের ভুঁড়িতে কিছু কমবার ঝোঁক না
‘আপনি আচরি ‘ নাকি শেখানোই ধর্ম
সেই মতো হোক তবে ভাবনা ও কর্ম
সরকারি আছে যত বড়দের ক্যান্টিন
মৎস্য -মাংস-ডিম করে দিয়ে শান্টিং
মেনু সেজে উঠুক না রাজমা ও পনিরে
শোনা যায় ও দুটোই ভিটামিন-খনি রে,
পরীক্ষা হয়ে যাক বড়দের স্বাস্থ্যে
বাঙালি কেমন পারে সেটা ভালোবাসতে।
তারপরে স্কুলে ভাত মেখে দিও রাজমায়
পরে কোনোদিন হবে, ডিম যেন আজ পায়
সহজে প্রোটিন তাতে পাবে খুদে হাভাতে
হাংগার ইনডেক্স আর নিচে না যাতে।
নিরিমিষ-আমিষের রাজনীতি দাবাতে
শিশুরা না হোক বোড়ে পুষ্টির ব্যাঘাতে
মন্ত্রী ও এম এল এ-রা আগে নিন তা পাতে..










