একদল বলছিল বেঁচে থাকাটা একটা আর্ট
অন্যদল চেঁচাল উঁহু, মেরে ফেলাটাই,
ঠিক ঠিক মারতে পারাও আর্ট একটা
তর্কের আসর জমজমাট
এ হাতের আস্তিন গোটাচ্ছে, ও বাঁই বাঁই ঘোরাচ্ছে নানচাকু
খরসান দৃষ্টিতে দৃষ্টিতে ঘসা লেগে ছিটকোচ্ছে আগুন
তর্কে না জড়ানো একজনকে চেপে ধরল দু’দলই
অ্যাই, তুই যে বড় চুপ করে আছিস
বাঁচতে গেলে যে কোনও পক্ষ নিতেই হবে
সে বলল,
শোনো, রাজার হুকুম মেনো না
বাঁচিয়ে রাখতে পারাটাই এতাবৎ পৃথিবীর জানা সবচেয়ে বড় শিল্প
বাঁচিয়ে রাখো, বাঁচতে দাও।










