যে মানুষটা রিকশা চালাত
সে আজকের পরেও রিকশা চালাবে।
যে লোকটা রাস্তার কোনে বসে
চপ ভাজত, সেও তাই করবে।
হকার হকারি করবে।
মেছুনি মাছ বিক্রী।
ডাক্তার ডাক্তারি করবেন।
আইনজ্ঞ ওকালতি।
অফিসার অফিস যাবেন।
ব্যবসায়ী তাঁর ব্যবসার জায়গায়।
রবিবার স্কুল যাওয়া ছেলেরা
দশটায় ঘুম থেকে উঠে মা’র
বানিয়ে দেওয়া চাউমিন
খেতে খেতে বলবে,
আর একটু ঝাল দিতে পারনি?
রাজুর মা দেরীতে কাজে আসার জন্য বিশাখা তাকে দুটো কথা
শোনানোর পর যখন শুনবে রাজুর ধুম জ্বর, তাই আসতে দেরি হলো,
তখন মুখে প্রকাশ না করলেও মনে মনে কেঁদে কাজের মাসীর হাতে পঞ্চাশ টাকা গুঁজে দিয়ে বলবে, ওর জন্য ফল কিনে বাড়ি যেও।
এসব কিছুই পাল্টাবে না।
চলবে আগের মতো।
কিন্তু আপনারা হয়তো পাল্টে যাবেন আপনাদের বসার চেয়ারগুলো পাল্টে যাবার সঙ্গে সঙ্গে।
তবু একটাই আবেদন
আপনাদের কাছে,
মানুষ যেন শান্তিতে এগুলো করতে পারে, সেটা দেখবেন।
বয়স হয়েছে।
অতীত অভিজ্ঞতা থেকে দেখেছি
তারা কিছু চায় না।
শুধু নিজের কাজ
নিজে করে নেওয়ার পথে
যাতে ব্যাঘাত না ঘটে
সে স্বপ্নটা দেখে।
০৪.০৬.২০২৪










