প্রায় কুড়ি বছর পর তসলিমা নাসরিন বর্তমান সরকারের আমন্ত্রণে কলকাতায় আসছেন। তথাকথিত প্রগতিশীল এবং বিপ্লবীরা নিশ্চয়ই এতে খুব খুশি। কারণ তাঁরা ‘অধিকার’-এ বিশ্বাসী, ‘স্বাধীনতা’-য় বিশ্বাসী।
আমিও অধিকারে বিশ্বাসী, স্বাধীনতায় বিশ্বাসী—বরং অনেক বেশি রকম ভাবেই বিশ্বাসী। কিন্তু আমার স্বাধীনতার ধারণার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে আমার দায়িত্ববোধ। আমার সামাজিক দায়বদ্ধতা থেকেই সেই দায়িত্ববোধ তৈরি হয়েছে। কোনো সুবিধাবাধিতা বা ভয় তাকে প্রভাবিত করেনি। এখানেই আমার স্বাধীনতা। সারা জীবন সেই স্বাধীনতার স্বাদ আহরণ করার জন্য আমি অনেক কিছু ত্যাগ করতে রাজি। কিন্তু Rights without Responsibilities-এ আমি বিশ্বাসী নই। তার মানে কিন্তু আমি শর্ত সাপেক্ষে স্বাধীনতানতার কথা বলছি না ।
তসলিমাকে যখন কলকাতা ছেড়ে যেতে হয়েছিল, পশ্চিমবঙ্গে তখন বামফ্রন্ট সরকার; মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর সাহিত্যপ্রেম নিয়ে নিশ্চয়ই কোনও প্রশ্ন নেই। তবুও পরিস্থিতির চাপে তাঁকে তসলিমাকে কলকাতা থেকে সরিয়ে রাজস্থানে পাঠানোর সিদ্ধান্ত নিতে হয়েছিল।
সেই সময় তসলিমা কলকাতায় বহাল তবিয়তে ছিলেন। লিখছিলেন, বক্তৃতা দিচ্ছিলেন, বুদ্ধিজীবী মহলে অবাধ বিচরণ করছিলেন। পরে তাঁর কিছু মন্তব্য এবং দ্বিখণ্ডিত বইয়ের কয়েকটি পাতা নিয়ে বিতর্ক তীব্র হয়। রাজ্য সরকার তাঁকে ওই অংশ বাদ দিয়ে বইটি প্রকাশ করার অনুরোধ করেছিল। কিন্তু তিনি তাতে রাজি হননি। অথচ বাংলাদেশে একই বই ওই অংশ বাদ দিয়েই প্রকাশের অনুমতি দিয়েছিলেন। এই ঘটনাপ্রবাহের পরিপ্রেক্ষিতে কলকাতার পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে এবং সাম্প্রদায়িক সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়।
আক্ষরিক অর্থে যে কোনও সরকারই সবার সরকার—সব ধরনের মানুষের সরকার। সে যেমন সবচেয়ে গরিব মানুষের প্রতিনিধিত্ব করে, তেমনি সবচেয়ে ধনী মানুষেরও। একইভাবে সে সবচেয়ে কম সচেতন থেকে সবচেয়ে বেশি সচেতন মানুষেরও প্রতিনিধি। সবারই নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের।
যে কোনও কারণেই হোক, যদি এমন পরিস্থিতি তৈরি হয় যেখানে দাঙ্গা বেঁধে যেতে পারে, তাহলে সীমিত প্রশাসনিক সক্ষমতা নিয়ে কোনও সরকারই মুহূর্তের মধ্যে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবে—এমন নিশ্চয়তা নেই। আর সেই অস্থিরতায় যদি নিরীহ মানুষের প্রাণ যায়, তার দায় কে নেবে? কোনটি বেশি গুরুত্বপূর্ণ—কিছু নিরীহ মানুষের জীবন, নাকি একজন দায়িত্বজ্ঞানহীন ও সুবিধাবাদী লেখকের সীমাহীন স্বাধীনতার দাবি?
ইসলামি মৌলবাদের বিরুদ্ধে তসলিমার লড়াইকে আমি যেমন সমর্থন করি, তেমনি তাঁর রাজনৈতিক সুবিধাবাদিতাকে ঘৃণা করি। আমার পর্যবেক্ষণে, হিন্দুত্ববাদ বা হিন্দু মৌলবাদের বিরুদ্ধে তিনি একই রকম ধারাবাহিক অবস্থান নেননি। ২০১৪ সালের পর সংখ্যালঘু ও বিরোধীদের ওপর যে নানা আক্রমণ নেমে এসেছে, সে বিষয়েও তাঁর কাছ থেকে তেমন উচ্চকণ্ঠ প্রতিবাদ শোনা যায়নি। আমার কাছে এই কৌশলগত র্নীরবতা এক ধরনের অসততার পরিচয়।
এই প্রেক্ষাপটে তাঁকে এই সময় কলকাতায় নিয়ে আসার সিদ্ধান্ত নিছক সাংস্কৃতিক বা মত প্রকাশের স্বাধীনতার পক্ষে কোনও উদ্যোগ নয়; বরং তা উদ্দেশ্যপ্রণোদিত এবং প্ররোচনামূলক বলেই আমার মনে হয়।
মানুষের বাক্স্বাধীনতা, অধিকার, সার্বভৌমত্ব এবং সামাজিক দায়িত্বশীলতা—এসব কোনও পরস্পর বিচ্ছিন্ন ধারণা নয়। এদের মধ্যে সম্পর্ক আছে, আবার সীমারেখাও আছে; এবং কোথাও না কোথাও কিছু ifs এবং buts ও আছে ।
ভলতেয়ার আমাদের আরাধ্য। কিন্তু এই পোড়া দেশের এক রাষ্ট্রপতি একবার বলেছিলেন, “এই দেশ কোনও দিন কোনও অতিথিকে ফেরায়নি, আজও ফেরাবে না। কিন্তু অতিথিরও দায়িত্ব অতিথির মতো থাকা।”
‘মহান’ লেখিকারও সেই কথাটি মনে রাখা উচিত।










