কোন্নগরে প্রতিবন্ধী নাবালিকার খুনের প্রতিবাদে রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী ও ‘প্রচেষ্টা’ র আহ্বানে এবং অভয়া মঞ্চের সহযোগিতায় বিক্ষোভ সভা অনুষ্ঠিত হল ৫ জুন ২০২৫ বৃহস্পতিবার কোন্নগর বারোয়ারিতলায়।
এই কর্মসূচিতে বক্তব্য রাখেন রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর সাধারণ সম্পাদক কান্তি গাঙ্গুলি, রাজ্য সভাপতি অনির্বাণ মুখার্জি, কামদুনির প্রতিবাদী শিক্ষক প্রদীপ মুখার্জী, অভয়া মঞ্চের পক্ষ থেকে চিকিৎসক তমোনাশ চৌধুরী, পুণ্যব্রত গুণ, নাট্যপরিচালক সীমা মুখার্জী, সুতনুকা ব্যানার্জী এবং সন্দীপ রায়। সভা সঞ্চালনা করেন আত্রেয়ী ভৌমিক, জিষ্ণু মুখার্জী, প্রিয়াঙ্কা ঘোষ। এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন নির্যাতিতার বাবা, মা, মাসি এবং পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ। উপস্থিত ছিলেন অভয়া মঞ্চের অন্যতম আহ্বায়ক মনীষা আদক।
১৩ বছরের একটি নিঃসহায় প্রতিবন্ধী মেয়ের বাঁচার অধিকারকে স্বীকার করেনি নির্মম সমাজ, প্রশাসনের উদ্যোগের অভাবে মেয়েটি হারিয়ে গেল চিরতরের জন্যে হিংস্র জান্তব লালসার স্বীকার হয়ে। বক্তারা সকলেই সমাজের নৈ্তিক অধোগতি, প্রশাসনিক ঔদাসীন্য ও প্রশ্রয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করেন। অভয়া মঞ্চের পক্ষ থেকে বক্তারা বলেন অভয়া মঞ্চ শুধুমাত্র একজন অভয়ার বিচারের জন্য গঠিত হয়নি, আর অভয়া না হতে দেওয়াই এই মঞ্চের অন্যতম লক্ষ্য। তাই এই মঞ্চের অন্যতম প্রধান দাবী হল নারী সুরক্ষা। এই নারী সুরক্ষার প্রশ্নে অভয়া মঞ্চ অবিরাম লড়াই চালিয়ে যাবে। এই ভাবেই আর জি করের আন্দোলন ছড়িয়ে পড়বে কোন্নগর, শুলংগুড়ি এবং বাংলার প্রতি প্রান্তে। অভয়া আন্দোলন মিশে যাবে প্রত্যন্ত জেলা ও গ্রামের আন্দোলনে।
প্রতিবন্ধী সম্মিলনীর পক্ষ থেকে প্রতিবন্ধী বালিকা, কিশোরী এবং নারীর অসহায়তার কথা তুলে ধরা হয়। এই অসহায়তার কারণেই প্রতিবন্ধী নারীর ধর্ষণ ও খুন এর সংখ্যা তুলনামুলক ভাবে অনেক বেশি। এর প্রতিকারের জন্য যৌথ আন্দোলন এবং সামাজিক সংবেদনশীলতা গড়ে তোলার কথা বলেন তাঁরা।
কামদুনির প্রতিবাদী শিক্ষক অপরাধীদের মুক্তাঞ্চলে অন্যায়ের প্রতিকার পাওয়া কঠিন হলেও হতাশার শিকার না হয়ে নিরন্তর সংগ্রামের কথা বলেন।
নিহত বালিকার মা এবং মাসির বুকফাটা আর্তনাদ উপস্থিত সকলের বিবেকে কশাঘাত করে।
অঞ্চলের বহু মানুষ এই প্রতিবাদ সভায় যোগ দেন। বক্তা, শ্রোতা এবং নির্যাতিতার পরিবারের সদস্য এই অন্যায়ের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবার জন্য রা প্রতিজ্ঞাবদ্ধ হন।
“তিলোত্তমার মৃত্যু নেই…
আবার চোখ মেলেছে সে
চারিদিকে জ্বলছে প্রতিবাদের আগুন …
জেগে থাকতে চাই, জাগিয়ে রাখতে চাই
চোখের রক্তজলে দ্রোহকাল”











👌👌👌✊✊✊