প্রথম লড়াইটা জিতে গেছো, অভয়াসেনানী।
এবারে ছাউনি ওঠাও, পরের যুদ্ধক্ষেত্র আরো বিস্তৃত।
সাবধান, আচমকা অ্যাম্বুশে হতে পারে সৈনিক-হানি,
ডিভাইড অ্যান্ড রুল আর ফেক নিউজের গুল,
তৈরি রয়েছে দুই অস্ত্র শাণিত।
ওরা ভয় পেয়েছে ভীষণ, বিভীষণ-গোষ্ঠির সদস্য যারা,
এতকাল প্রশ্নহীন রাজত্ব গুঁড়িয়ে দিলো যে অ-রাজনীতি,
তাকে প্রতিহত করবার অস্ত্র অজানা।
বিনীত কণ্ঠস্বরে ঋজু শিরদাঁড়া,
যে কোনো স্বৈরাচারে ঘুম নেয় কেড়ে,
চোরাবালি মনে হয় মজবুত কংক্রিট ভেবে যাওয়া ভিত-ই।
তোমাদের যু্দ্ধ যে জারি আছে, রোজ সেটা দেখাতে ভুলো না,
আমরা রয়েছি ঘরে ঘরে,
ভয় ভেঙে জেগে ওঠা সাধারণ লোক,
অযুত অ-মুখ সেনা মেয়ে অভয়া’র। কেবল গান্ধী হতে পারেন তুলনা,
যা তোমরা করেছো, যেভাবে এ অসম যুদ্ধ লড়েছো,
‘জাস্টিস’এ আমাদেরও চেপে গেছে রোখ।
ছাউনি ওঠাও সেনানী, এবারে যুদ্ধ চালু কলেজে কলেজে,
চা-দোকানে, বাসে ট্রেনে,
চোখ খুলে যাওয়া সব জনতার ভিড়ে,
সুবিচার না পেলে থামবে না এ লড়াই, দ্রিমি দ্রিমি চলবেই দুন্দুভি বেজে,
ঝেড়ে শিরে ওঠা বিষ, এনে দেবো জাস্টিস,
সাপেরা লুকাক যত পাতালে গভীরে।
ছাউনি ওঠাও সেনানী, তা বলে যুদ্ধবিরতি নয়।
প্রত্যহ মাঠে নেমো বর্মতে সেজে,
কেঁচোর জীবনে আর ফিরছি না কেউ,
মেয়ে হারিয়ে পেয়েছি এ শিরদাঁড়া ফিরে।










