৩ ফেব্রুয়ারী, ২০২৬
গতকালের একটি ঘটনা শেয়ার না করে পারলাম না।
অভয়া মঞ্চ – গড়ফা’র দুজন সদস্য, ছোট্ট রুপসা এবং অদ্রিজা কাল বিকেলবেলা বইমেলায় যাচ্ছিল। সঙ্গে তাদের বাবারাও ছিলেন। বাসে একজন মধ্যবয়স্ক লোক লুকিয়ে অন্য একটি মেয়ের ভিডিও তুলছিলো। এটা চোখে পড়ার সঙ্গে সঙ্গে আমাদের ছোট্ট রূপসা এবং অদ্রিজা প্রতিবাদ করে। বাসের আরও একটি মেয়ে ওদের সঙ্গে প্রতিবাদে সামিল হয়। লোকটি প্রথমে খুব মেজাজ দেখাবার চেষ্টা করেছিল, কিন্তু বাসের প্রায় সবাই মিলে প্রতিবাদ করায় চুপ হয়ে যায়। লোকটা চিংড়িঘাটায় নেমে যেতে চায়, কিন্তু মেয়েরা ওকে নামতে দেয়নি। বাসে চিৎকার করে বলে, আর কোন অভয়া হতে দেবো না আমরা। করুণাময়ীতে নামিয়ে মেয়েরা ওকে থানায় নিয়ে যায়। যে মেয়েটির ছবি তোলা হচ্ছিল, তিনি যাদবপুর কে পি সি হাসপাতালের একজন ডাক্তার। তিনি তার বাবাকেও ডেকে আনেন ফোন করে। আরেকটি প্রতিবাদী মেয়ে কলকাতায় পড়াশোনা করে, বাড়ি রায়গঞ্জে। সবকটি মেয়ে মিলে ওই লোকটির বিরূদ্ধে বিধান নগর থানায় সাক্ষী দেয় এবং লোকটিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
এটা শোনার পর আনন্দে চোখের জল আটকাতে পারিনি। গড়ফার সেই ছোট্ট শান্ত মেয়েটির এই প্রতিবাদী পরিবর্তনকে স্যালুট জানাই। স্যালুট জানাই অদ্রিজাকে, ছোট বোনকে প্রতিবাদের পথে এগিয়ে নিয়ে যেতে উৎসাহিত করার জন্য। গত এক বছর ধরে অভয়া মঞ্চের সৈনিকদের অক্লান্ত পরিশ্রম, আন্দোলন এবং রাজপথ, গলিপথ না ছাড়ার শপথের এই প্রতিক্রিয়া, অনেকটা অক্সিজেন দিলো । ✊✊✊✊
প্রস্তুতিঃ ইলোরা দেবনাথ










