এটা কি হচ্ছে? আর কত? ১৮ বছরের এক কিশোরকে ঠাকুরপুকুর থানা ২৩ শে আগস্ট ২০২৫ শনিবার বিকেল ৫ টায় ডেকে পাঠিয়েছিল। অপরাধ? সাইকেল চালিয়েছিলো। অভয়ার বিচার চেয়েছিল। We demand justice বলেছিল।
গত ৭ আগস্ট মাত্র ৬০ টির মতো সাইকেল সুদূর সুন্দরবন থেকে অভয়ার বিচারের দাবি প্রচার করতে করতে কলকাতা এসে পৌঁছয়। ৮ আগস্ট অভয়া মঞ্চের ডাকে এরা রাস্তার এক পাশ ধরে কাউকে কোনও অসুবিধে না করে কলকাতার কিছু রাস্তা পরিক্রমা করে। মানুষের অভূতপূর্ব সাড়া মেলে। তার ফলে আমাদের দুই কনভেনরকে থানায় হাজিরা দিতে হয়, কোর্টে জামিন নিতে হয় ডা তমোনাশ চৌধুরী ও ডা পুণ্যব্রত গুণকে। তাদের ড্রাইভারদেরও। তারপর এক বছর আগের কোনও মিছিল উল্লেখ করে একের পর এক ডাক্তারকে বৌবাজার থানা এবং হেয়ার স্ট্রীট ডেকে পাঠালো।
এখানেই শেষ না। এখন এক ১৮ বছরের কিশোরকে ডেকে পাঠালো। তার প্রত্যন্ত গ্রামের বাড়িতে সমন পৌঁছেছে। দোষ, We want justice বলা না সাইকেল চালানো – আসলে উভয়ই। অথচ , ডায়মন্ডহারবার রোড ব্লক করে রাখল ৩/৪ দিন ধরে তৃণমূল কংগ্রেস।
২৩ আগস্ট বিকেল পাঁচটায় ঠাকুরপুকুর থানায় অভয়া মঞ্চের সদস্যরা ছিলেন ওর সাথে।
ছেলেটির নাম সাগর মজুমদার। থাকে সেই সুদূর সুন্দরবনের কাছে । আজই কলেজের প্রথম বর্ষের ভর্তির লিস্টে নাম বেরিয়েছে আর আজই ওকে কলকাতা আসতে হলো থানায় হাজিরা দিতে। আবার সোমবার আসতে হবে কোর্টে জামিন নিতে। কারণ ও অভয়ার বিচার চেয়ে সাইকেল চালিয়ে এসেছিল। ঘাবড়ে গেছিল কিন্ত ওর পাশে এতজন আছে দেখে আবার চাঙ্গা, লড়াইয়ে থাকার প্রত্যয় নিয়ে ফিরে গেল।
লড়াই এই ১৮বছরের বাচ্চাটির একার নয়, আমাদের সবার। পুলিশ যত ভয় দেখাবে আন্দোলন তত জোরালো হবে।









