৬ জুলাই , ২০২৬
বারুইপুরের সূর্যপুরে ৪ জুলাই একটি নয় বছরের মেয়ে নিরুদ্দেশ হয়ে যায়। পরদিন গ্রামবাসীরা তার মৃতদেহ উদ্ধার করে। শিশুটিকে গণধর্ষণ করে খুন করা হয়েছে। পুলিশে অভিযোগ জানানোর পরেও পুলিশ কোন পদক্ষেপ করেনি বলে গ্রামবাসীরা নিজেরাই সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের ধরিয়ে দেয় এবং মৃতদেহ উদ্ধার করে। কিন্তু জানা গেছে, স্থানীয় বিজেপি নেতার নির্দেশে পুলিশ অভিযুক্ত চারজনকে ছেড়ে দেয়। জানা যাচ্ছে অভিযুক্ত চারজনই বিজেপি কর্মী। এরপর ক্ষুব্ধ জনতা চারজন অভিযুক্তদের মধ্যে একজনকে পিটিয়ে হত্যা করে।
সংগ্রামী গণমঞ্চ এই গণধর্ষণ করে হত্যা ও গণপিটুনি দিয়ে হত্যা — প্রতিটি অপরাধেরই তীব্র নিন্দা করে এবং অপরাধীদের আইনানুগ সাজা দাবি করে। তবে, ভুললে চলবে না পুলিস অপরাধীকে ছেড়ে দেবার প্রতিক্রিয়াস্বরূপ গণপিটুনির ঘটনাটি ঘটেছে। পুলিস নিজ কর্তব্যে অবিচল থাকলে এই ঘটনা ঘটত না। পুলিশ ও প্রশাসনের নিষ্ক্রিয়তা সাধারণ মানুষের ক্ষোভকে বাড়িয়ে দিয়েছে বলে আমরা মনে করি।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে সংগ্রামী গণমঞ্চের স্পষ্ট কয়েকটি দাবি আছে
১. এই ঘটনায় জড়িত সমস্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
২. বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করতে হবে ফাস্টট্র্যাক কোর্টের মাধ্যমে।
৩. যে স্থানীয় বিজেপি নেতার নির্দেশে পুলিশ অভিযুক্তদের ছেড়ে দিয়েছে সেই নেতাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
৪. লোকাল পুলিশ স্টেশনের যে পুলিশ অফিসাররা অভিযুক্তদের ছেড়ে দিয়ে কর্তব্যে অবহেলা করেছেন তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নিতে হবে।
৫. রাজ্য জুড়ে নারীনিরাপত্তার ব্যাপারে রাজ্য সরকার ঘোষিত “ভয় আউট ভরসা ইন” আমরা বাস্তবের মাটিতে দাবি করছি।
৬. এই ঘটনার উপর কোনও সাম্প্রদায়িক রং লাগানো চলবে না।
আহ্বায়কমন্ডলি
ফোন: 76058-23920, 98309-22194, 91470-08731, 70637-77356












