ইষ্ট খোঁজ-এ ভক্ত যদি ভিড়ের তলায় পিষ্ট হয়
সেটার জন্য কিন্তু দায়ী রহিম রাম বা খ্রীষ্ট নয়
গাফিলতি যাদের আছে , দৃশ্যে তারা দৃষ্ট নয়,
দায় এড়িয়ে যাওয়ার মতন রাষ্ট্র যদি ধৃষ্ট হয়..
বুঝতে হবে, দেশের ভাবীর আয়নাতে মুখ হৃষ্ট নয়।
ভিড় যে হবেই তীর্থে যেতে, বার্তা জানেন কর্তা সব,
তাও যদি হন জীয়ন্তরা ধর্মে ‘ফজুল খরচা’ সব,
যতই পেটাক উল্লাসে ঢাক মিডিয়াদের পড়চা সব,
অনন্তকে ধরতে গিয়ে অন্ততে যার ঝটকা শব..
‘চলতা হ্যায়’ এর গপ্পো দেওয়া ‘ব্যবস্থা’ তার হন্তারক।
আজকে যারা শাসকমোহে ঘা মেরে যান ডংকাতে
বিরোধীতে থাকলে তাঁরাই ,জ্বলতো আগুন লংকাতে
ভি আই পিদের জো হুজুরে আমজনতা শংকাতে
এই বুঝি ভিড় পৌঁছে দিলো পায়ের চাপে যম-হাতে..
পুণ্য বনে পণ্য যখন , লাশ বাধা মৌতাতে।
চলতে থাকে চাপান উতোর , ‘ ওটাই ছিলো ভাগ্যে ওর’
মরলে পরে স্বর্গ ফ্রীতে, এমন প্রচার থাকবে জোর ,
ঘুম ভোঁ ভাঁ কেউ কুম্ভে গেলে , খেলছে মরণ রুমালচোর,
যার হারালো , তার কী হলো দেখার পরে লাশ নিথর
দেখায় না তা টিভির চ ্যানেল, গান্ধী মানা তিন বানর..
ঘোর কাটে না তাও মানুষের, যাক না যতই প্রাণ বেঘোর।











