মিছিল নেমেছিল পথে, নাকি গোটা পথটাই
হয়ে উঠেছিল চলমান মিছিল এক
রাগী পতাকার সহস্র ফনা তুলে,
বাতাসে স্লোগান ছিল, নাকি সমস্ত বাতাস
ঝড়ের তীক্ষ্ণ শাঁখের মতো বেজেছিল
আকাশে আগুন নাকি পুরো আকাশ
আগুন হয়ে জ্বলেছিল সারা বিকেল
গেরুয়া মোহের ঊর্ণাজাল ছিঁড়ে
কল্লোলিনী শহর আমার,
ফিরেছো আপন রূপে
বিদ্রোহের রাঙা আলোয় অপূর্ব সে মুখ
ভয়ের বাঁধ ভেঙে বানভাসি পাপের খোঁয়াড়
মুক্তধারায় ধুয়ে দাও গৈরিক গ্লানির চিহ্ন
দাহ্য বাতাসে আসন্ন দাবানল
ঘিরেছে হিংস্র হায়নার দলকে
ক্রুদ্ধ সূর্যের দীপ্তিতে অন্ধ
আঁধারের জীব পালাচ্ছে প্রাণভয়ে










