একবার বলো,
শুধু একবার
উচ্চারণ করো
তিলোত্তমা-
সারবাঁধা পেঙ্গুইন
দাঁড়িয়ে পড়বে
ফুরিয়ে আসা বরফের প্রান্তরে।
একবার মৃদুস্বরে বলো
তিলোত্তমা
হারিয়ে আসা কালোহরিণ
হরিণচোখে এসে দাঁড়াবে
তোমার চোখের সামনে।
তিলোত্তমা বলে ডাক দিলে
সাগর উথালপাথাল
নীলতিমির দল
এসে বলবে
আমরাও আছি
মনে কি আছে?
তিলোত্তমা
ডাক শুনলে
ধোঁয়া ঢাকা আকাশ থেকে
কোটি নক্ষত্র
তিলোত্তমা-
তিলোত্তমারাও
এক বিলুপ্তপ্রায় প্রজাতি;
যার রক্ত অশ্রু
আর মৃত্যু
জন্ম দেয়
এক পবিত্র প্রতিবাদের-
অথবা বিশুদ্ধ
অশ্রুমাখা তীব্র ক্রোধের।
শুধু একবার
গহীন রাতে,
বালিশে মুখ গুঁজে
নিজের মনে
বলো তিলোত্তমা-
দেখবে তোমার
হারানো হৃদয়
তোমার দুই
চোখের ভিতর দিয়ে
ফিরে এসেছে
-ঝরে পড়ছে।










