১৯ এপ্রিল ২০২৬
ক্ষমতার আস্ফালন আর চোখ রাঙানি শেষ কথা বলে না, ইতিহাস বারবার তা প্রমাণ করেছে। অভয়ার নৃশংস হত্যার পর আমরা হাজার হাজার ছেলে মেয়েকে দেখেছি যারা সহপাঠীর, সহকর্মীর ন্যায়বিচার চেয়ে জান কবুল লড়াই করেছে। আমরা চোখ ভরা জল নিয়ে ওদের শ্লোগানের সামনে দাঁড়িয়ে গর্বিত হয়েছিলাম। মনে হয়েছিল এই ছোট ছোট ছেলেমেয়েরা কোন জাদুমন্ত্রে গোটা সমাজকে জাগিয়ে দিচ্ছে, নাড়িয়ে দিচ্ছে। প্রশাসনের অপকর্মের বিরুদ্ধে টানটান শিরদাঁড়া নিয়ে সে লড়াই বাঙালি তথা দেশবাসী ভুলবে না কখনো। প্রশাসনের কর্তা-কর্ত্রীরা ছুটে এসেছেন নানা রকম শর্ত নিয়ে। কিন্তু ওরা হার মানে নি।
ফলস্বরূপ যেই আন্দোলনে একটু ভাঁটা পড়লো নখদন্ত বার করে প্রশাসনের নির্লজ্জ প্রতিশোধস্পৃহা দেখলাম আমরা। থানা পুলিশ, হুমকি নানা কিছু চলতে থাকলো। শেষে দেখলাম দেবাশীষ হালদার, অনিকেত মাহাতো এবং আশফাকুল্লা নাইয়াকে অনৈতিক বেআইনী পোস্টিং দেওয়া হল। যে ছাত্রদের জন্য গর্ব হবার কথা, যাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করা দরকার, তাদের চরম মানসিক যন্ত্রণার মধ্যে কাটাতে হল একটি বছর প্রায়।
১৭ই এপ্রিল ২০২৬, হাইকোর্টের মাননীয় বিচারপতি, দেবাশীষ ও আশফাকুল্লার পক্ষে রায় দিয়ে বোঝালেন ওদের সাথে অন্যায় হয়েছে।
অদ্ভুত প্রশাসন আমাদের। শিক্ষক নিয়োগ দুর্নীতি ঢাকা দিতে, যারা চুরি করেছে তাদের বাঁচাতে, কোটি কোটি টাকা খরচ করছে, আবার সততার শাস্তি দিতে, প্রতিবাদের শাস্তি দিতেও সরকারি অর্থ ব্যয় করছে। আমরা মাননীয় বিচারকদের ধন্যবাদ জানাই। সাথে সাথে দাবি জানাই এই অনৈতিক কাজ যারা করলেন তাদের শাস্তির। অন্যায় যদি বিচারালয়ে প্রমাণ হয়ে যায় তবে শাস্তি কেন হবে না?
একই সাথে আমরা তীব্র প্রতিবাদ জানাই বিভিন্ন পরীক্ষায় প্রশ্নপত্রে অসংখ্য ভুল প্রশ্ন দেওয়ার। ২০২৬ সালের উচ্চ মাধ্যমিকের অংক পরীক্ষায় ৪০ নম্বরের মধ্যে ১০ নম্বরের ভুল প্রশ্ন দেওয়া হল আবার JEE মেন এর পরীক্ষায় ১৯ নম্বরের ভুল প্রশ্ন। যারা দিনরাত পরিশ্রম করে পড়াশোনা করে পরীক্ষা দিচ্ছে তাদের মূল্যায়ন এইভাবে হবে? কারা প্রশ্ন করেন? তা তদারকির দায়িত্ব কার? শিক্ষা মন্ত্রক গুলি কি করছে? লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রীর জীবন নিয়ে এই ছিনিমিনি খেলা বন্ধ হবে না, যদি এই কাজ যারা করছেন তারা শাস্তি না পান।
দেবাশীষ হালদার, আশফাকুল্লা নাইয়ার এই জয় আমাদের শক্তি দেয়। আশা করব প্রশাসন নিজের ভুল অথবা অন্যায় স্বীকার করবে। একই সঙ্গে ভবিষ্যতে কোন পরীক্ষায় প্রশ্নপত্রের ভুল থাকা কোনমতেই চলবে না এই দাবি জানাই।












