২২ আগস্ট ২০২৬
“তুমি কি ভেবেছো চুনকাম করলেই ইতিহাস মুছে যায়?প্রতিটি ইঁটের পাঁজরে ক্ষোভের আগুন জ্বলে ওঠে অমাবস্যায়।”
“We Want Justice” এই লেখা বাঙালীর মন, স্মৃতি, ইতিহাস, ভবিষ্যৎ থেকে পৃথিবীর কোনো শক্তি কখনও মুছে দিতে পারবে না। যারা মুছতে চাইবে তারা ওই শব্দগুলি যারা বিনিদ্র রাত, প্রখর রোদ, অঝোর বর্ষায় রাস্তায় দাঁড়িয়েছিল সেই সমগ্র বাঙালী জাতিকে অপমান করবেন, গোটা পৃথিবীতে ছড়িয়ে থাকা প্রকৃত মানুষ যারা পরের মেয়েকে নিজের মেয়ে করে কত কত রাত কেঁদেছেন, তাদের অপমান, অসম্মান করছেন। সবচেয়ে বড় কথা মনুষ্যত্বের সব চেয়ে দুর্মূল্য গুণ ভালোবাসাকে অপমান করছেন।
৯ই আগস্ট ২০২৪ একটা না ভোলার দিন। ওই দিনটা ভুলে গেলে আমরা আমাদের মেয়েদের বেঁচে থাকার অধিকারের কথা ভুলে যাবো। কেন চলে গেলো তরুণী ডাক্তার অত কষ্ট পেয়ে? চোখে জল নয় রক্ত ছিল। ভুলে যাবো? তাহলে আমি যে মানুষ সেটাও ভুলে যাবো। আজও অভয়া বিচার পায় নি। ৯ই আগস্ট ২০২৬ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চোখের জলে আর্তনাদ করে বলেন ‘ ‘অভয়া ভুলিনি ‘। আমরা আশ্বস্ত হয়েছিলাম যে সরকার চায় আমরা মনে রাখি সবসময় যে অভয়া বিচার পায় নি। তাঁরাও ব্যথিত।
কিন্তু গতকাল হতবাক হলাম যখন দেখলাম মাননীয় স্বাস্থ্যমন্ত্রী যিনি নিজে অজস্রবার মিছিলে সভায় আমাদের সাথী হয়ে যে শব্দগুলি উচ্চারণ করেছেন, সেই শব্দগুলি মুছে দিতে চাইছেন।
বর্ধমান মেডিক্যাল কলেজের দেওয়ালে লেখা We want justice সহ অন্য এই সংক্রান্ত কথাগুলি তো আমাদের ঐশ্বর্য। এগুলি প্রমাণ করে আমরা মরে যাইনি। আমাদের মেয়ের সীমাহীন যন্ত্রণাকে ভুলে যাইনি। হাল ছেড়ে দিই নি। মানবিকতার সবচেয়ে সুন্দর প্রমাণ ওই শব্দগুলি। কোন রং তার থেকে বেশি সুন্দর? অন্যায়ের বিচার চাইতে যেদিন ভুলে যাবো সেদিন যেন আমাদের মৃত্যু হয়।
শুনলাম মাননীয় মন্ত্রী বলছেন “এটা কি মামার বাড়ি”? আমরা বলতে চাই সরকার আমাদের সবার । সরকারী সম্পত্তি কিছুদিন পাহারা দেওয়ার জন্য, দেখভাল করার জন্য আমরা কয়েকজনকে নির্বাচিত করি। কেউই মালিক নন। নতুন সরকার অভয়ার ন্যায়বিচারের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছেন। আমরা আশা করবো তারাই দেওয়ালে দেওয়ালে লিখে দেবেন “We want justice”, নাহলে নিজেদের সাথেই বিশ্বাসঘাতকতা করা হয়ে যাবে।
আর আমরা সরকারকে কথা দিচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীর মতোই আমরা অভয়াকে ভুলিনি। কোনোদিন ভুলবো না। দেওয়ালে দেওয়ালে মনে মনে, চিৎকার করে, নিঃশব্দে বলে যাবো, মেয়েটা বড় কষ্ট পেয়েছিল। We deserve justice. কেউ আটকাতে পারবে না।
“When you tear out a man’s tongue,y ou are not proving him a liar; you are only telling the world that you fear what he might say”.










