(এ পোস্টে কারও আগ্রহ হবে না জেনেও বোকার মতো লিখছি। না লিখে কোনো উপায় নেই বলে। ছোট্ট লেখা। চোখে পড়লে একটিবার অন্তত চোখ বুলিয়ে নেবেন। আর উচিত মনে করলে খবরটা একটু ছড়িয়ে দেবেন অনুগ্রহ করে)!
নতুন বছর এল। স্বাভাবিকভাবেই আনন্দমুখর। কিন্তু অভয়ার ন্যায়বিচার, বঞ্চিত ন্যায্য চাকরীপ্রার্থীদের রাজপথে আজও মাথা খুঁড়ে মরা, কেন্দ্র-রাজ্যের আশ্চর্য ‘সেটিং সমীকরণে’, সিবিআই-এর লোকদেখানো তদন্ত প্রক্রিয়ায় সকল বাঘা বাঘা ফেরেপবাজগুলোর জামিন মুক্তি ইত্যাদি বড় বড় কাঁটা অন্তস্থলে অতন্দ্র হয়ে আছে।
এর ভেতরে আর একটা ঘটনা অস্থির করে তুলেছে তা হল পাঞ্জাব হরিয়ানা সীমান্তের খানাউরিতে এক বৃদ্ধ কৃষক নেতা জগজিৎ সিং ডাল্লেওয়ালের আমরণ অনশন।
২০২০-২১ এর কৃষক আন্দোলনের প্রবল চাপে শেষ পর্যন্ত কেন্দ্রিয় সরকার কিষাণবিরোধী কৃষি বিল প্রত্যাহার করতে বাধ্য হয়। একবছরের ওপর চলা এই আন্দোলন দমনে কেন্দ্র সব চেষ্টাই করেছিল। হাজারের ওপর কৃষক মারা যান এই আন্দোলনে। কিন্তু কেন্দ্রকে শেষ অবধি নত হতে হয়। যদিও এটাও ছিল আসলে ধূর্ত সরকারের এক কৌশলী পদক্ষেপ। কৃষি বিল প্রত্যাহৃত হল বটে কিন্ত এতদিনেও কৃষকদের প্রধান প্রধান দাবিগুলো মানা হয়নি। যেমন ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের গ্যারান্টি, কৃষিঋণ মকুব, উন্নয়নে নেওয়া জমির উপযুক্ত ক্ষতিপূরণ, কৃষক আন্দোলনে জড়িতদের ওপর থেকে সব মামলা প্রত্যাহার ইত্যাদি।
এইসব ১৩ দফা দাবি নিয়ে পাঞ্জাব হরিয়ানার সীমান্তে কৃষকেরা ধর্ণায় বসেছেন ২৪-এর ফেব্রুয়ারি থেকে। তারা বার কয়েক দিল্লি ঢোকার চেষ্টা করে করেছেন। আটকে দিয়েছে পুলিশ। কেন্দ্রিয় সরকার নির্বিকার! অবশেষে গত ২৬ নভেম্বর থেকে ৭০ বছরের কৃষকনেতা ডাল্লেওয়াল আমরণ অনশন শুরু করেছেন। কেন্দ্রিয় সরকারের কাছে তাঁর একমাত্র দাবি কৃষকদের সঙ্গে তাঁদের দাবিদাওয়া নিয়ে অন্তত আলোচনাটুকু শুরু করতে হবে। ৩৬ দিন অতিবাহিত। কিন্তু নির্মম, অমানবিক সরকার মূক ও বধির। যেন এসব কিছুই নয়!
আমাদের যেহেতু এসবে আগ্রহ নেই, মিডিয়াতেও তেমন করে নেই এ খবর। ডাল্লেওয়াল এখন একেবারে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে। যে কোনো মুহূর্তে অঘটন ঘটে যেতে পারে। জানি না রাজনীতির কারবারিরা আমাদের অন্নদাতাদের ওপরও এত নির্মম কী করে হন। বিরোধী রাজনীতিকদের কাছে, সমস্ত শুভবুদ্ধিসম্পন্ন মানুষের কাছে আমার আবেদন এই মুহূর্তে এর বিরুদ্ধে প্রবল জনমত গঠনের চেষ্টা করুন। যদি বাঁচানো যায় এই অসীম সাহসী বৃদ্ধ মানুষটিকে।
গতবারের কৃষক আন্দোলনের পর একটি গান পোস্ট করেছিলাম। তার লিঙ্কও রইল এখানে।
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।
-পল্লব কীর্ত্তনীয়া।











এই অনশন নিয়ে বাংলাস্ফিয়ার থেকেও বলা হয়েছে। আপনার কেন মনে হচ্ছে, আমরা পড়ব না?? মূল্যবান লেখা। 🙏