প্রেস বিজ্ঞপ্তি
১৬ ই আগস্ট, ২০২৫
অভয়া হত্যার পর এক বছর পর ৯ ই আগস্ট ২০২৫ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস অভয়া মঞ্চের সাথে যৌথভাবে বিক্ষোভ সমাবেশ আয়োজন করেছে হাজরা মোড়ে। ১৪ আগস্ট ‘রাত দখল’ কর্মসূচী পালিত হয়েছে সারা রাজ্যে।
৮ ই আগস্ট জুনিয়র ডাক্তারদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট-এর উদ্যোগে মশাল মিছিল ও সারা রাতের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অভয়ার খুন-ধর্ষণ-এর প্রকৃত বিচারের দাবিতে আন্দোলন অব্যাহত। প্রতিটি মিছিল সমাবেশে সাধারণ নাগরিকদের অংশগ্রহণ অক্ষুণ্ণ রয়েছে।
বর্তমান পরিস্থিতিকে সরকার আন্দোলনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে নতুন করে আক্রমণ করার সময় হিসেবে বিবেচনা করেছে। কয়েক দিন আগে কয়েকজন সিনিয়র ও জুনিয়র ডাক্তার এবং ডাক্তারী পড়ুয়া ছাত্রদের বিভিন্ন তারিখে ও বিভিন্ন সময়ে থানায় থানায় তলব করা হয়েছে, এক একজনকে আবার একই দিনে বা একাধিক দিনে বিভিন্ন সময়ে। অভিযোগ বেআইনি সমাবেশ, রাস্তা অবরোধ, সরকারি সম্পত্তির ক্ষতি, এমনকি মহিলা পুলিশের প্রতি অসদাচরণ, ইত্যাদি, ইত্যাদি। সবকটি অভিযোগই গত বছরের অভয়া আন্দোলনের উত্তাল সময়ের।
আমরা অবাক হচ্ছি না। সব শাসকই মনে করে আন্দোলনের ভাঁটার সময় ভয় দেখিয়ে আন্দোলনের অবসান ঘটিয়ে দেওয়ার আদর্শ সময়। আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই আমরা ভয় পাচ্ছি না। আমাদের আন্দোলন সঠিক ছিল। আমরা সকলেই নাগরিক অধিকারের পরিধির মধ্যে থেকে প্রতিবাদী আন্দোলন করেছি। সরকার সেই সময়ে বারবার তার ক্ষমতার অপব্যবহার করে সেই আন্দোলনকে বাধা দিতে চেয়েছে এবং ব্যর্থ হয়েছে। অনেক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে যেখানে সরকার বাতিল করতে বলেছে, পরে আদালতের নির্দেশে বাধ্য হয়েছে সমাবেশে বাধা তুলে নিতে।
আমরা আবারও বলছি আমরা ভয় পাইনি। অভয়ার খুন-ধর্ষণ, পরবর্তী সময়ে আরও অনেক ধর্ষণ, ধর্ষণ-খুন, খুন-এর বিরুদ্ধে এবং ভয়ের রাজনীতির বিরুদ্ধে সুস্থ, স্বাভাবিক সমাজ প্রতিষ্ঠার জন্য আমরা প্রতিবাদ, আন্দোলনের রাস্তায় আছি, থাকব।সুস্থ স্বাভাবিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্য আমাদের স্বপ্ন, আমাদের অঙ্গীকার।
এই আন্দোলন চলবে, সর্বস্তরের চিকিৎসক ও নাগরিক সমাজের প্রতিবাদী অংশ এই আন্দোলনকে অব্যাহত রাখতে রাস্তায় ছিল, আছে, থাকবে।
প্রতিবাদী চিকিৎসকদের হেনস্থার প্রতিবাদে ১৮ ই আগস্ট সোমবার, ১৯ শে আগস্ট মঙ্গলবার, ২০ শে আগস্ট বুধবার, ২৫ শে আগস্ট সোমবার এবং ২৭ শে আগস্ট বুধবার জমায়েত করব। জমায়েতের স্থান এবং সময় পরে জানানো হবে।
প্রত্যেকটি প্রতিবাদ সমাবেশ সফল করুন।
ডা হীরালাল কোনার,
ডা পুণ্যব্রত গুণ,
যুগ্ম আহ্বায়ক, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল।










