যৌবন থেকে প্রৌঢ়ত্ব পেরিয়ে বার্ধক্যের দোরগোড়ায় দাঁড়িয়ে দেখছি আশেপাশে..
বুড়োবয়েস একেকজনের কাছে এক এক রকম ভাবে আসে।
যে বৃদ্ধ দম্পতিকে বছরে তিনমাস ‘ আমেরিকা ঘুরতে’
যেতে দেখি,
কাহিনীর একটু ভেতরে ঢুকলেই টের পাওয়া যায়, তা ঠিক সন্তানের ভক্তি না সাবেকি,
ওই সময়গুলোয় স্কুল ছুটি থাকে আর বেবিসিটার ডলারে ভারী মহার্ঘ,
কাজেই নাতি বা নাতনি’র জন্য দেশ থেকে আমদানি দুই স্নেহের কার্গো।
কিন্তু শুধু এইটুকু জেনেই বিদেশে থাকা সন্তানদের সবাইকে ভিলেন বানানো ভুল,
বহু মেয়ে ও ছেলে আছে,
পৃথিবীর আরেক প্রান্ত থেকে মা বাপের যত্নে যাদের ত্রুটি নেই একচুল,
সে সেবায় স্বার্থ না, সম্মান ও প্রেমে হীরকের দ্যুতি পায় কর্তব্যবোধ,
প্রাক-বুড়োকাল আয়ু লগ্নীতে ঠিক হলে সন্ধ্যায় পাওয়া যায় পুব-মুখী রোদ।
লগ্নী সন্তানে না শুধু, সব ডিম রাখেন না একটি ঝুড়িতে বুদ্ধিমানেরা,
যে সময় শরীরে বেঠিক, জীবন কারোর থাকে বন্ধুতে ঘেরা,
কেউ আবার একেবারে একা, কদাচিত দোরে এসে লোকে কড়া নাড়ে,
ফোনেও দুচারটে নাম, গেলে এলে ঢেউ কিছু নেই সংসারে,
যৌবনে যতখানি বন্ধুর প্রয়োজন, তার অনেকগুণ লাগে বুড়োকালে,
একথা যে যৌবনে বোঝে না, বিষাদ-কুমীর আসে
তার কাটা খালে,
বয়েসের সাথে সাথে বুড়ো হওয়া বন্ধুর সংখ্যাটি যত বেশি হয়,
ততই সন্ধ্যা আসে বেশি তারা নিয়ে, সূর্যের শেষ আলো আরো যেন আনন্দময়।
উত্তরপ্রজন্ম পাবে উত্তরাধিকার, তাই বলে দেখাশোনা করবে মা-বাবা’র,
সেই আশা করা ঠিক নয় আজ। স্থায়ী কাজ নয় কারো,
ঠাঁইনড়া হতে হয় বাধ্যত বারংবার,
আজ রোজগার তো কালকে বেকার, যে পেশায় থাকুক যেখানে,
থিতু ভিত নড়ে যেতে পারে কাল-পরশুই, এখন যে রোজগেরে রোজ সেটা জানে,
এত অস্থিরতা কখনো দেখেনি এর আগে মধ্যবিত্ত বয়েসের মাঝখানে এসে,
বারো চোদ্দো ষোলো ঘন্টা খাটনি খেটে দুজনের রোজগারে বেঁচে থাকা ক্লেশে,
দাম বাড়ে , ঘাম বাড়ে, লোক বাড়ে নাম্বারে, কাজের সংখ্যা শুধু কমে প্রতিদিন
এ সময় শ্রবণকুমার বা শ্রবণকুমারী হওয়া সব কিছু সামলিয়ে দারুণ কঠিন।
সুতরাং, লগ্নীটা ঠিকঠাক করা দরকার, ব্যাংকে না,
বন্ধু খোঁজায়,
বুড়োবয়েসের সুখ আসলে ‘ অনেক আছে বন্ধু’ বোঝায়,
জি ডি পি উপরে যাক, আমাদের আমানত ক্রমশ নিম্নগামী সুদ দেওয়া হারে,
যত কোটি টাকা থাক ব্যাংকে তোমার, সেটা যে যথেষ্ট সেটা কে বলতে পারে?
এটুকু বলতে পারি, সঠিক বন্ধু পেলে বয়েসের সাথে সাথে সুখ-সুদ বাড়ে।
যাও হে বাল্যকাল, যাও যৌবন, যাও যাও শিগগির প্রৌঢ়বয়েস,
বন্ধু বাড়াতে থাকো।
অচিরেই বুড়োকাল এসে যাবে দ্বারে।









