কার্তিকের পড়ন্ত বিকেল। একটু পরেই নেমে আসবে কোজাগরী সন্ধ্যা। দশকর্মার দোকান ফাঁকা। ফলের দোকানের ভিড়ও পাতলা হয়ে এসেছে। রাস্তার এক পাশে কেতরে পড়ে আছে থোড়ের নৌকো — বিক্রি হয়নি।
আর ভাঙা হাটের কোণে, মলিন তক্তপোশে অবহেলায় পড়ে আছে অবিক্রীত লক্ষ্মীরা।
কারোর মুখশ্রী ভাল নয়। কারোর দেহসৌষ্ঠব আকর্ষণীয় নয় তেমন। কারোর সাজপোশাক, গয়নাগাটির জৌলুস কম। কেউ আবার তেড়াবাঁকা, ট্যারাচোখো – পছন্দ হয়নি ক্রেতার।
পাশে বসে ক্লান্ত পসারি মুড়ি চিবোচ্ছে হতাশ মুখে।
সে তো প্রাণপণ যত্নেই গড়েছিল সবাইকে। তবু কেউ কেউ ঠিক মনোমত হলো না। জগতে মূল্য পেল না তারা।
কেমন চেনা চেনা গল্প, তাই না? সেজেগুজে, রূপগুণের পসরা খুলে বসা -‘রাঁধতে পারে? ঘরোয়া তো? মানে, ঘরের কাজকর্ম সব জানেটানে? চোখদুটো টানা টানা হলে কি হবে, মেয়ের আপনার রঙটা বেশ চাপা। তা, কী কী দিয়ে সাজিয়ে দেবেন মেয়েকে? হেঁ হেঁ, পরকে নয়, নিজের মেয়েকেই তো দিচ্ছেন’ –
শরৎশশী দর্পণে আর মুখ দেখে না লজ্জায়। ঐ যে হাটের কোণে, সকলের ব্রাত্য হয়ে পড়ে আছে ক’জন লক্ষ্মী – ওদের কানে কানে ফিসফিস করে যায় এলোমেলো হাওয়া। খসে পড়ার আগে চোখ মিটমিট করে চায় হৈমন্তী উল্কা – ওরা সব বন্ধুমানুষ কিনা!
শেষ সন্ধের নতুন হিম ভারি দরদী গলায় বলে ওঠে, তোরা আর লক্ষ্মী হয়ে থাকিসনি। তোরা সব সরস্বতী হয়ে ওঠ তো দেখি!
বিদ্যায়, জ্ঞানে, প্রতিভায় হয়ে ওঠ সুরেশ্বরী। অনন্য বোধের দীপ্তিতে ভাস্বর হয়ে উঠুক অন্ধকার প্রতিবেশ।
বীণার তন্ত্রীতে বেজে উঠুক অপার্থিব সুর, তুলির টানে রচিত হোক অনৈসর্গিক আলেখ্য, অসামান্য সব শ্লোক লেখা হোক তোদের লেখনীতে — লেখা হোক কালজয়ী সাহিত্য! মোহিত হয়ে যাক রূপের সওদাগররা, মাথা নত করুক সেই অবিশ্বাস্য অরূপের সামনে।
দোহাই, আর লক্ষ্মী হয়ে থাকিসনি তোরা।
দায়গ্রস্ত অভাবী বাপের অসুন্দর মেয়েটিও শোনে সে কথা। বোঝে কি?
একদিন সব লক্ষ্মীরা হয়ত কমলাসন, কড়ির ঝাঁপি, লাল চেলি আর ধানের ছড়ার অলঙ্কার ছেড়ে, বিদ্যা, বুদ্ধি, জ্ঞান আর ললিতকলার অমূল্য গয়নায় সেজে জীবনের আঙিনায় এসে দাঁড়াবে।
মিনার্ভার মতো। আথেনার মতো। সরস্বতীর মতো।
হয়ত বা ঊর্বশীর মতোও।
সেদিন কিন্তু বিকিয়ে যাবে সক্কলে। কেউ মানের হাটে, কেউ বা অসম্মানের।
ততদিন অপেক্ষা থাকবে — অনন্তের।
রাত বাড়ছে। কোজাগরী চাঁদ ঢলছে পশ্চিমে।
কে জাগে? কে?
#পুরোনো_লেখা (ঘষেমেজে)










