কালীপুজোর রাত্রে ডা. সুপ্রিয় বসু যখন স্টলে ঢুকলো, তখন আমাদের বুক স্টল পুলিশে পুলিশে ছয়লাপ। এত পুলিশ দেখে সুপ্রিয়দা কোনরকমে বাইক স্ট্যান্ড করে দৌড়ে এলো, কী হয়েছে রে? কী সমস্যা?
চারটে পুজোর চারটে মাইক চারদিক থেকে চলছে। তার একটায় শ্যামা সংগীত বাজছে, আর একটায় কিশোর কুমার। একটা মাইক ভূতের প্যান্ডেলের। সেটায় ক্রমাগত হিঁ হিঁ, খিঁ খিঁ বিচিত্র সব আওয়াজ। অন্য মাইকে মান্না কণ্ঠী শিল্পীর আকুল অনুষ্ঠান।
যথারীতি সুপ্রিয়দার কথা বুঝতে পারলাম না ভালো করে। বললাম, জোরে বলো, চিৎকার করে।
সুপ্রিয়দা আবার বলল, কী সমস্যা?
শেখর স্যার বললেন, সমস্যা কী বুঝতে পারছিস না? আধা ঘন্টা বস, তাহলে হাড়ে হাড়ে বুঝতে পারবি। একেবারে শব্দব্রহ্ম!!
ততক্ষণে সুপ্রিয়দা পরিস্থিতি বুঝে ফেলেছে। পুলিশেরা বই দেখছেন উল্টোপাল্টে। দু- তিনজন বই পছন্দও করে ফেলেছেন।
শেখর স্যার বললেন, বা বা, খুব ভালো পুলিশ আপনারা। পুলিশদের মুখে লাজুক হাসি। বিরল দৃশ্য।
স্যার গল্প জমানোর চেষ্টা করলেন। পারলেন না। যা আওয়াজ চারদিকে, তাতে চিৎকার করে কথা বলতে হবে। আবার পুলিশদের সাথে চিৎকার করে কথা বলাও উচিত না।
এতএব পুলিশেরা বই টই কিনে বিদায় নিলেন। আধঘন্টা বাদে দেখি এক পুলিশ দিদি ফেরত এসেছেন। বই উল্টে পাল্টে দেখছেন।
সুপ্রিয়দা আলাপ জমাতে ওস্তাদ। খানিকক্ষণ বাদেই বেরিয়ে গেল যে দিদির বাড়ি কান্দিতে।
কান্দি সাব ডিভিশনের খড়গ্রাম হাসপাতালে আমার প্রথম পোস্টিং। শহরটাকে এক সময় হাতের তালুর মত চিনতাম।
কাজেই গল্প জমে উঠল। ডাক্তার পীযূষ কান্তি পালের প্রসঙ্গ উঠতেই পুলিশ দিদি জানালেন, ওনাকে তো কান্দির সবাই চেনে। খুব বড় ডাক্তার। পীযূষদার গর্বে আমার বুক ফুলে উঠলো।
তিনটে বই কিনলেন। সুপ্রিয়দা বলল, ম্যাডাম আপনার একটা ছবি তুলবো বই নিয়ে?
পুলিশ দিদি হেসে বললেন, তুলুন না। এ আবার অনুমতি নেওয়ার কি আছে?
মানে চারদিকে যা ঘটছে…
যাই ঘটুক বই পড়া তো অন্যায় নয়, বই কেনাও অপরাধ নয়।
মনটা ভালো হয়ে গেল। কিন্তু খানিকক্ষণের মধ্যে আবার মন খারাপ। খবর পেলুম দিকে দিকে আবার বুকস্টল ভাঙচুর শুরু হয়েছে। কী জ্বালা। 










