প্রেস বিজ্ঞপ্তি
৩১শে মার্চ, ২০২৫
কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজের হাসপাতালে কর্তব্যরত তরুণী চিকিৎসকের হত্যার প্রতিবাদে ও ন্যায়বিচারের দাবিতে আমরা সমবেত ও একত্রিত হয়েছিলাম। সেই সময় থেকেই আমরা রাজ্যে ঘটে চলা বিভিন্ন সামাজিক অন্যায়ের বিরুদ্ধে সাধ্যমতো সোচ্চার হয়েছি। গঠিত হয়েছে অভয়া মঞ্চ, যা এই রাজ্যের সকল অভয়ার ন্যায়বিচারের জন্য লড়াই আন্দোলন সংগঠিত করে চলেছে। বিভিন্ন প্রান্তিক মানুষের অধিকারের প্রশ্নেও আমরা সরব হতে চেষ্টা করছি।
কিন্তু এই রাজ্যের সাম্প্রতিকতম সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতিতে আমরা উদ্বিগ্ন শঙ্কিত ও ক্ষুব্ধ। যেভাবে রাজ্যের শাসকদল ও সংসদীয় ক্ষেত্রে প্রধান বিরোধী দলের বিভিন্ন নেতৃত্ব আসন্ন রামনবমীকে কেন্দ্র করে ধর্মকে অপব্যবহার করে সাম্প্রদায়িক সম্প্রীতির অবনতি ঘটাচ্ছেন তা আমাদের সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যর পরিপন্থী। মানুষের মধ্যে সাম্প্রদায়িক বিষ ছড়িয়ে বিভাজনের এই রাজনীতি আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটাতে পারে। এবং আমরা জানি যে,যে কোনো দাঙ্গায় সবচেয়ে বেশি আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত হন মেয়েরা ও শ্রমজীবীরা। আমরা আমাদের পশ্চিমবঙ্গে ও সারা দেশেই এই ধরনের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, উগ্র ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে।
এই প্রায় অভূতপূর্ব পরিস্থিতিতে আমরা অভয়া মঞ্চর পক্ষ থেকে সকল শুভবুদ্ধিসম্পন্ন মানুষকে এই সাম্প্রদায়িকতা ও হিংসার রাজনীতিকে প্রত্যাখ্যান করে রাজ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য আহ্বান জানাচ্ছি।
অভয়ার ন্যায় বিচারের আন্দোলন সামাজিক, সাংস্কৃতিক ও অধিকার রক্ষার আন্দোলনের সঙ্গে যুক্ত। ধর্মনিরপেক্ষতার ঐতিহ্যকে রক্ষা করে রাজ্যকে সাম্প্রদায়িকতার কলুষ মুক্ত করে তোলার দায়িত্ব আমাদের সকলের।
অভয়া মঞ্চ-এর পক্ষে পুণ্যব্রত গুণ, তমোনাশ চৌধুরী, মণীষা আদক










