নিজের ঢাক নিজে পেটানোর বিপদ আছে। বিশেষত আমাদের মত ঢাল তরোয়ালহীন নিধিরাম সর্দারদের জন্য।
সেটা এখন হাড়ে হাড়ে বুঝছি।
নিজের নতুন বই নিয়ে ফেসবুকে লিখেছিলাম। অবশ্য আমি ছাড়া আর কেইবা লিখবে। কার দায় পড়েছে?
মুশকিল হল সেই লেখা পড়ে কয়েকজন বই চেয়ে পাঠিয়েছেন। কেউ থাকেন কুচবিহারে। কেউবা আলিপুরদুয়ারে। উড়িষ্যা থেকে, তেলেঙ্গানা থেকে, হায়দ্রাবাদ থেকে বই চেয়েছেন তিন জন।
সাতজন টাকা পয়সা জী পে করে পাঠিয়ে পর্যন্ত দিয়েছেন। এই অব্দি সব ঠিকঠাকই ছিল। কিন্তু মুশকিল হল এই সোমবারের আগের সোমবার পোস্ট করতে গিয়ে।
প্যাকিং ট্যাকিং করে সঞ্জীব দা পোস্ট অফিসে গিয়ে শোনে সার্ভারে কি সব গন্ডগোল হয়েছে। যার জন্য আপাতত সব স্পিড পোস্ট বন্ধ। তারপর মঙ্গলবার যায়, বুধবার যায়, বৃহস্পতিবার যায়- সার্ভারের সার্ভাইভাল হয় না৷
মাঝখান থেকে আমাদের অস্তিত্বের সংকট শুরু হয়। সেই সংকট কাটিয়ে এই মঙ্গলবার থেকে আবার পোস্ট অফিসে কাজকর্ম শুরু হয়েছে। আমরাও বইগুলো পোস্ট করে হাঁপ ছেড়ে বেঁচেছি। এখানেই অধ্যায় শেষ করে দেওয়া উচিত ছিল। তবে সমস্যা হল ন্যাড়া কতবার বেলতলায় যায় সেটা সুকুমার বাবু স্পষ্ট করে বলে যাননি।
আমিও তাই বেলতলায় রয়েছি। সকলের কাছে বেলতলা থেকেই বিনীত অনুরোধ যাদের টাকা পাঠাতে বারণ করা হয়েছে, তারা এবার নির্ভয়ে টাকা পাঠাতে পারেন।
যদিও পোস্ট অফিস আবার ডোবাবে কিনা জানিনা। আর যারা এই বইটি কিনবেন তাদের কাছে আগে থেকেই সাবধান বাণী দিয়ে রাখি। বইটি অত্যন্ত অখাদ্য। যদি কেনেন, তাহলে ডা. অরুণাচল দত্ত চৌধুরীর অনবদ্য ভূমিকার জন্য কিনতে পারেন, সুস্মিতার প্রাণঢালা আঁকার জন্য কিনতে পারেন।
আগে হলে বলতাম প্রচ্ছদশিল্পী রতন সেনের জন্যও কিনতে পারেন। কিন্তু উনি এবার কভার করতে গিয়ে একটি বিদঘুটে কান্ড ঘটিয়েছেন। সেটি আপনারা কভারের ছবি দেখলেই বুঝতে পারবেন।
বইয়ের ভেতরে বাকি যা আছে তা একেবারে টুকে লেখা। ডাক্তারি করতে গিয়ে নানা রকম আজব আজব ঘটনার সম্মুখীন হই। সেই ঘটনাগুলো অত্যন্ত কাঁচা ভাষায় টুকে দিয়েছি। ভাগ্যিস এই ধরণের টুকে লেখার জন্য এখনো কোনো কপিরাইট আইনে পড়তে হয় না।
তবে বইটির মূল্য যৎসামান্য। কিনে নিশ্চিতভাবে ঠকবেন। তবে গায়ে লাগবে না। আজকাল দিনে দুপুরে পুকুর চুরি হচ্ছে, সে তুলনায় এই ঠকা তো ঠকাই না।
আর একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটি বাংলায় লেখা হলেও বানানে বিশেষ ভুল নেই। তবে তাতেও আমার কোন ক্রেডিট নেই। শ্রী সঞ্জিত ভট্টাচার্য বইটির প্রুফ দেখে দিয়েছেন। বানান ঠিক করে দিয়েছেন। প্রথম প্রুফ যেভাবে লালে লাল হয়ে গেছিল, সেটা দেখলে শিওর বাংলা পক্ষ আমায় অবাঙালি ভাবত। যদিও দুঃখের ব্যাপার হলেও এটাই সত্য বাংলা ছাড়া অন্য কোন ভাষায় মনের ভাব প্রকাশ করার ক্ষমতা আমার নেই।
এরপরেও যদি কেউ নিজ দায়িত্বে বইটি কিনতে চান তাহলে whatsapp করুন 8100042650 নাম্বারে।
★সত্যি বলছি গল্প নয় ৬*
হার্ড বাইন্ডিং, ১২০ পৃষ্ঠা
মূল্য ৮০ টাকা
ছাড় দিয়ে ৭০ টাকা।
কলকাতার মধ্যে কোন ডেলিভারি চার্জ লাগবে না। কলকাতার বাইরে পশ্চিমবঙ্গের সর্বত্র ডেলিভারি চার্জ ৫০ টাকা।
ছটি খণ্ড একসাথে নিলে মোট মূল্য ৪০০ টাকা।
যে নেবেন নিজ দায়িত্বে নেবেন।😊
বিদ্রঃ এটিই শেষ খণ্ড। আর এধরণের অখাদ্য বই নিয়ে নিজের ঢাক পেটাতে হবে না।











