৯ আগস্ট ২০২৪ আমাদের জীবনে একটা কালো দিন। একবছর হয়ে গেলো আমাদের মেয়ে বিচার পেলো না। কত মানুষের প্রাণ এই এক বছরে, হয়তো আমাদের ডাক্তার মেয়ে বাঁচাতো। সে সুযোগ সে পেলো না। তারপর একের পর এক নাবালিকা ,শিশু, মহিলার খুন,ধর্ষণ। চলছে তো চলছেই। কলকাতা শহরের কলেজের মধ্যেই বলুন আর তামান্নার অথবা ক্যানিং এর গ্রামেই বলুন, কোথাও আমার আপনার মেয়ে নিরাপদ নয়।
কোথায় এই ধর্ষকদের শাস্তি? কেন নেই সঠিক বিচার? অন্যায়ের প্রতিবাদ করতে গেলে কেন আক্রান্ত হতে হবে? কেন গলা তুলে দাবি করা যাবে না, আমাদের মেয়েদের সুরক্ষা চাই?
সঠিক বিচার না পেলে এই ধর্ষক খুনিরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে, এ আমরা সবাই জানি। তাদের শাস্তি কে দেবে? নিশ্চয়ই প্রশাসন। কেন দিতে পারছে না? তারা কি ব্যর্থ নাকি মদতদাতা?! এ প্রশ্ন করবেন না?
আগামী ৯ আগস্ট হাজরা মোড়ে একসাথে আমরা এই প্রশ্নটাই করতে চাই। জনগণের দাবি আদায় করতে এই বাংলার মানুষ জানে।বিদ্যাসাগর, রামমোহনের দেশে আপনি আমি ভয় পাবো, চুপ করে থাকবো আমার/আপনার মেয়ের ওপর,বোনের ওপর, মা এর ওপর, বান্ধবীর ওপর অত্যাচার হলে, নির্মম ভাবে ধর্ষণ করে তাদের খুন করা হলে?
অভয়া মঞ্চ কোনো দলীয় সংগঠন নয়। কিন্তু শাসককে এই একবছর ধরে এই প্রশ্নগুলো করে চলেছে সকল সাধারণ নাগরিককে সাথে নিয়ে।
৯ তারিখ আপনিও আসুন। এ আমাদের মেয়েদের পক্ষে, ভালবাসার পক্ষে, সুন্দর একটা সমাজ গড়ার লক্ষ্যে, আর যেনো কেউ অভয়া না হয় সেই শপথ নেওয়ার জন্যে। আজ যদি আপনি আমি একসাথে এই কাজে না দাঁড়াই, আমাদের ছোটো ছোটো শিশু মেয়েদের কাছে আমরা অনেকটা ছোটো হয়ে যাবো মানুষ হিসেবে। এই আন্দোলন সুযোগ করে দিয়েছে, আমাদের মেয়েদের পাশে দাঁড়িয়ে নিজেকে ধন্য করার।আমরা যেন বলতে পারি,এই নিদারুণ, অস্থির সময়ে ভয় না পেয়ে, আমরাও গলা তুলেছিলাম, আমরাও মিছিলে হেঁটেছিলাম, প্রতিবাদীদের সঙ্গে থেকেছিলাম।
“দুবেলা মরার আগে মরবো না ভাই মরবো না….”
৯তারিখ শনিবার বিকেল ৪টে আপনি আমার হাত ধরে হাজরা মোড়ে দাঁড়াবেন এই অপেক্ষায় থাকলাম।









