দোষী মানে দোষই নেই তাও হয় বৈকি,
ভালোভাবে পড়া নেই আইনের বই কি,
ক্ষমতার সাথে কেউ ‘আভি’ হলে যুক্ত,
কভি যা যা করেছিলো, তার দায়মুক্ত।
অভিযোগ ‘আভি’ যোগ হতে পারে খাতাতে
দেখেছো তো পুজোতে কী হলো কলকাতাতে
তিন-ধারা মণ্ডপে জাস্টিস চাওয়া যেই
তিনখানা ধারা যোগ, যাতে বেল পাওয়া নেই ।
‘অভি’ মানে হয়তো বা ‘ ও ভি’ সেটা হিন্দির,
এখনো অধুরা আছে দোষী-গ্রুপ-তসবির,
আরো কেউ রয়ে গেছে, যোগ করা বাকি যে,
ফাঁকিবাজি রয়ে গেছে দোষ দেওয়া প্যাকেজে।
দোষ যদি ফোঁস করা ক্ষমতার বিরোধে,
প্রশাসন হাঁক দেবে ‘ওরে ওকে জিরো দে’
জিরোতে দিবি না যেন, অভিযোগ এত কর,
আই টি বাইট দিয়ে ইমেজটা থেঁতো কর।
আর যদি ক্ষমতার ওপরে সে দোষারোপ
ধমক আসবে ছুটে ‘টুঁ শব্দ নয়, চোওপ!’
তফাৎ হয় না কিছু প্রমাণিত ক্রাইমে
মালা নিয়ে খাড়া লোক জামিনের টাইমে।
সুতরাং সব দোষী নয় অভিযুক্ত,
বিরোধী করলে যেটা জেলে মাথা ঠুকতো
ক্ষমতার স্নেহে কারো একই দোষে সুখ তো
ঠেকে ঠকে জানে সেটা যারা ভোগী ভুক্ত।
এই দেশে আইনের এটা ‘নিউ লুক’ তো।











