আয়াত আর শ্লোক যেন যুদ্ধের সমর্থনে বিতরণ করা প্যামফ্লেট,
ঈশ্বরের নাম রণহুঙ্কারের মতো বেজে ওঠে অনুসারী ঠোঁটে
প্রতিটি উপাসনালয় যুদ্ধের ট্রেঞ্চ,
অদৃশ্য সৈনিকেরা তাক করে আছে টার্গেট,
ধর্মমিছিলগুলো মসমসে বুট পরা সেনার টহল,
তিলেক বিরোধ পেলে খটাখট ট্রিগারেরা জেগে ওঠে।
এ ভূমি কাদের দেশ, কাদের তা নয়, বিবাদ পেরোলো আয়ু হাজার বছর,
পাশ দিয়ে বিজ্ঞান ভোঁ দিয়ে যায়, মেশিন লার্নিং শেখে এ আই রোবট,
প্রোগ্রাম যারা লেখে, এ দেশে ছড়িয়ে আছে তাদের শেকড়,
আমাদের বিনিয়োগ তবুও আল্লাহ -রামে, রকেটের যুগে চাপি গোরুর শকট।
আমাদের দেশ জুড়ে মূর্তির সারি, আমাদের জমায়েত গীতা ও কোরানে,
ওদিকে লড়াই চলে চীনা মার্কিনে, কাদের এ আই হবে দুনিয়ার সেরা,
আমাদের দাবী সবে আমরাই ফার্স্ট, বিগ ব্যাং লেখা নাকি বেদে ও পুরাণে,
আধুনিক বিজ্ঞানে ক্রমশ পিছিয়ে , মাঝ-যুগ-আঁধারের দিকে ফের ফেরা।
কবে যাবে সব ঘরে শিক্ষার আলো? সকলের পাতে যাবে ভাতা ছাড়া ভাত?
জি ডি পি তো ভরায় না বাজারের থলি, চাল ডাল তেল নুনে লেগেছে আগুন,
কোটা ছেড়ে কবে দেশ আঁকড়াবে মেধা, মানুষের নাম থেকে মুছে যাবে জাত?
সাড়ে ছ’টাকার খানা বরাদ্দ স্কুলে, দেশের বাজেটে হবে কবে পাঁচগুণ?
উত্তর সহজ ও শোনা, কক্ষনো সেটা হবে না,ঈশ্বর যত ধনী হবেন এ দেশে,
তত হবে মানুষেরা আরোই গরীব, শিক্ষার রুটি-রুজি বদলাবে ভিক্ষা-ভাতায়,
ঈশ্বরবন্দনা পরিণত হবে রণ-দামামা-ধ্বনিতে, হিংসা মগজ খাবে ধর্মের বেশে,
সভ্যতা-বিজ্ঞান ক্রমশ এগোলে, দেশ যাবে সময়ের বাতিল খাতায়।
অতীতে দেখতে গিয়ে বেকার বর্তমানে আগামী যাচ্ছে ওই ভেসে,
এত এত মহামানবের দেশে, কেউ কী কোথাও নেই তাকে আটকায়?









