ভাতার এখন ভাতার দাতা, ভাত আর পাতে দিচ্ছে কে
প্রায়-মৃতদের অমৃত তাই, যা দেয় গোঁসাই বিষ ছেঁকে
কিল পিঠে তাও সব মুখে খিল, পড়ছে না ঢিল মৌচাকে,
ভাতাই ত্রাতা ও ভোটদাতা যেই দেশে ভোট ভৌ ডাকে
কেন্দ্র জানে, রাজ্য জানে, আর বাকি সব প্রার্থীরাও
ভোটের রেসে জিততে হলে একটু ভাতা বাড়তি দাও
অ্যাকাউন্ট পিছু ঠিক করে নাও পাঁচ দেবে না হাজার দশ
ছোট্ট থেকেই সবার জানা এই পৃথিবী টাকার বশ।
বেকার কেন শিক্ষা কাজের করছো দাবী আমদানি
ওসব দিলে এ দেশ গিলে খান কীভাবে আম্বানি?
তিনিও বহু ভাতার দাতা, ফান্ড খোলা সব বন্ডেতে
হোক শ’কোটি, তাও ভাতা সে, সিংহাসনের মন পেতে।
এখন যারা বেদম ঠুকে বলছে ভাতা’ র বিপক্ষে ,
সিংহাসনে চড়লে তারা দেখবে ভাতা কী চক্ষে?
নতুন কোনো নাম পাবে স্রেফ, আগের স্কিমই পেস্ট কপি,
কোন ভাতারের ভাতা’ র হারে ভোটার দেবে বেস্ট ট্রফি?
ভিক্ষাতে যেই ভাতার মুখোশ, সবাই তখন হাত পাতে,
ঘর্মে ভরা কর্মে ভারী কষ্টে আসে ভাত পাতে,
চর্ম পুরু বর্ম গুরু, মাগনা পেলে ছাড়বে কে,
কর্মখালি চোখের বালি, দরকারই নেই আর দেখে।
শিক্ষা-কাজের বাঁধ দিয়ে আর আটকাবে কে রন্ধ্রকে
বঁড়শি এমন সফল হলে করবে শিকার বন্ধ কে?
ভাতার জানে ভাতা’র চালে তার কাছে ভোট বন্ধকে..









