আমরা বিভিন্ন সংবাদমাধ্যম জানতে পারলাম এই রাজ্যের মধ্যেই কিছু ভুয়ো চিকিৎসক রাজ্যের বিভিন্ন নার্সিং হোমে , নিজের চেম্বারে প্র্যাকটিস করছে বেশ কয়েক বছর ধরে। এমনকি তারা শল্য চিকিৎসাও করছে। তারা যে অন্য রাজ্যের যে রেজিস্ট্রেশন নম্বর সংক্রান্ত নথিপত্র এই রাজ্যের মেডিক্যাল কাউন্সিলে দাখিল করেছিল সে রাজার মেডিক্যাল কাউন্সিল জানিয়েছে তা ভুয়ো।
স্বাভাবিক ভাবেই প্রশ্ন ওঠে এই রাজ্যের মেডিক্যাল কাউন্সিল (WBMC)কি প্রক্রিয়ায় তাদের নাম এই রাজ্যের মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রারে নথিভুক্ত করল? এটি কি শুধুই গাফিলতি না সরাসরি দুর্নীতি? যে কাউন্সিলের কাজ রাজ্যের চিকিৎসকদের চিকিৎসাক্ষেত্রে নীতি নির্ধারণ ও তদারকি সেই কাউন্সিলই দূর্নীতিকে লালনপালন ও পরিপুষ্ট করেছে? সোজা কথায় কাউন্সিল নিজেই নীতিভ্রষ্ট, তস্কর, প্রতারক দ্বারা পরিচালিত হচ্ছে, হয়ে আসছে?
রাজ্যের নাগরিককে শুধুমাত্র এই ভুয়ো চিকিৎসকরাই প্রতারণা করে সর্বনাশ করেনি,এই মেডিক্যাল কাউন্সিলও একই কাজ করেছে বিগত কয়েক বছর ধরে। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন চিকিৎসক সংগঠন, নার্সিং হোম পরিচালকদের সংগঠন এই নিয়ে সরকারের কাছে অভিযোগ জানিয়েছে।
এই ঘটনার অভিঘাতে এ রাজ্যের চিকিৎসকদের উপর সাধারণ নাগরিকদের আস্থা, বিশ্বাসের উপর প্রভাব পড়বে। আমরা সরকারের স্বাস্থ্য বিভাগ, পুলিশ বিভাগ, আইন বিভাগের কাছে আবেদন করছি রাজ্যের নাগরিকের স্বার্থে, চিকিৎসকদের সম্মান ও নিরাপত্তার স্বার্থে, রাজ্যের প্রসাশনের সম্মানের স্বার্থে অবিলম্বে তদন্ত করে অতি দ্রুত যথাযথ ব্যবস্থা নিতে। একই সঙ্গে প্রয়োজন রাজ্যের সমস্ত সরকারি অসরকারি হাসপাতাল সহ সমস্ত চিকিৎসা কেন্দ্রে এ ধরনের ভুয়ো চিকিৎসক দের চিহ্নিত করে আইন অনুযায়ী পদক্ষেপ করা।











