হক আর কিছু রইলো না কারো
মাফ করে ভাই, যাও আগে বাড়ো
সাজিয়ে রেখেছি শ’বুলডোজারও ওই দেখো হাঁটু মুড়ে
পক্ষে আমার আইন ও পুলিশ
হকের শ্লোগান তাও কে তুলিস
ভূমিকাটা তোর স্রেফ আব্বুলিশ, যা বসে থাক দূরে।
হক আর কানুন হলে বিপরীত,
গরীবের প্রতি আলগা পিরিত
দেখানো যে নয় রাষ্ট্রচরিত, সেটা বোঝা দরকারি,
অরণ্য কেটে কয়লার খনি
সে যে প্রগতির চক্ষের মণি
দিতে পারি সেই প্ল্যানকে এখনই বৈধতা সরকারি।
হক আর কত পাবে নাগরিক
রোজ শ্বাস নিতে পারছে তো ঠিক
সেই অধিকারও কেউ কেড়ে নিক, চাইবে না নিশ্চিত
দূষণ গোলালে সেসব হিসেবও
বিশ্বাস রাখো, শ্বাস নিতে দেবো
হাঁফ-টান হলে বরঞ্চ ভেবো, আরো যদি বিষ দিতো!
হক আর কিছু নেই ভোট ছাড়া
বৈধতা পায় শুধু নোট-তাড়া,
খালি পেট রাগে যত ঠোঁট নাড়া শিগগিরই যাবে থেমে
থিকথিক করে গরীব-গুর্বো
ভাগাতেই হবে ওদের দূর গো
প্রগতির গাড়ি এমন জুড়বো, স্বর্গ আসবে নেমে।
শ’কোটি গরীব মরে হেজে গেলে
সোনার নতুন দেশ তবে মেলে
বাহবা বলবে প্লেনে উড়ে এলে ট্যুরিস্ট সাহেব মেমে।










