সতীনাথ ভাদুড়ি যে বড় লেখক সেটা আপনি জানেন।
কিন্তু তিনি যে সাপ নিয়ে আস্ত একখানা উপন্যাস লিখেছেন – ঢোঁড়াইচরিতমানস নামে – জানতেন?
সতীনাথ ভাদুড়ির নির্বাচিত উপন্যাস প্রকাশ করতে গিয়ে গিল্ডের বড়কর্তা এই গুরুত্বপূর্ণ তথ্যটি জানিয়েছেন।
প্রকাশকদের গিল্ড যিনি নিয়ন্ত্রণ করেন – বাঙালির গর্বের বইমেলার হর্তাকর্তা যিনি – যিনি এমনকি লেখালিখিও (খুবই খাজা কোয়ালিটির হলেও) করেন এবং নিজেই প্রকাশক হওয়ার সুবাদে ছাপাবাঁধাই করে সেসব পয়মাল বিক্রিও করেন – সাহিত্যসভা আলো করে বসে থাকা তো তাঁর প্রায় জন্মগত অধিকারের মধ্যে ধরা যেতে পারে – এবং যশোপ্রার্থী লেখক-চামচা পরিবেষ্টিত অবস্থায় ছাড়া যাঁর ছবি বিশেষ কখনোই দেখিনি – তিনি বাংলা গদ্যসাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কীর্তিটি পড়া তো দূর, তার বিষয়বস্তুটুকুও জানেন না?!
অশিক্ষিত বিশেষণটা শুধুই পলিটিশিয়ানদের প্রতি প্রয়োগ করলে হবে?












