কাপলস কাউন্সেলিং করতে গিয়ে দেখেছি, যে সম্পর্কের ক্ষেত্রে যে বিষয়টি সবচেয়ে বেশি সমস্যাজনক তা হল- প্রতিটি কাপলস ( সম্পর্কে রয়েছেন এমন বিবাহিত কিম্বা অবিবাহিত দুজন মানুষ) এক অন্যের মধ্যে পারফেক্ট প্রেমিক বা প্রমিকার চরিত্র খুঁজতে চেষ্টা করেন। এটা যে খুব সচেতন ভাবে হয়, তা নয়, অনেকের ক্ষেত্রেই নিজেদের অবচেতনেই এই ঝোঁক থেকে যায়। নিজেদের মনগড়া পারফেক্ট বা যথাযথ, সম্পূর্ণ নিখুঁত মানুষের সঙ্গে তুলনায় বারাবার হার মেনে যায় বাস্তবের প্রেমিক-প্রেমিকারা। বেশিরভাগ সময়ই একে অপরের কথা গুলো কেউ শুনতে চান না, বোঝা তো অনেক পরের ব্যাপার। দুজন মানুষ হয়তো একসাথে ভালোবাসায় থাকতে চায়, সুস্থ ভাবে থাকতে চায়-কিন্তু তার জন্যে প্রয়োজন- অপার ধৈর্য এবং দুজনকে সহজভাবে গ্রহণ করার ক্ষমতা। আপনাকে বুঝতে হবে এবং খুব কঠিন হলেও এটা মেনে নিতে হবে উলটোদিকের ব্যক্তিটি একেবারেই পারফেক্ট নন, হয়তো বা আপনি যা চেয়েছিলেন ঠিক তার বিপরীত।
হতাশা, যন্ত্রণা এবং তীব্র বিরক্তি এই সমস্যাগুলো আসবেই, যা একটি সম্পর্কে অনিবার্য। কিন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হল আপনারা কি জীবনের ওঠাপড়া, ভালমন্দ সময় একসঙ্গে সামলে নিতে প্রস্তুত? কারণ হল সেইটাই বুনিয়াদি সত্য। ভালোবাসার সম্পর্ক মানে- এটা বুঝতে শেখা যে অন্যজনেরও খুঁত, দোষ-ত্রুটি, দুর্বলতা, একইরকম কাজ করে, ঠিক যেমনটা করে আপনার। অন্যজনেরও মুহূর্তের দ্বিধা-দ্বন্দ্ব থাকে আপনারই মত। উল্টোদিকের মানুষের এই দোষ-ত্রুটি গুলোকে লালন-পালন করা হল সম্পর্কের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিক। প্রতিটি ঝগড়ার পরে, প্রতিটি রাগারাগির পরে নিজেদের সামলে নেওয়া, তর্কের বাইরেও এগিয়ে ভাবতে শেখা, ভুল বোঝাবোঝি এবং ভুলকরা গুলো মেনে নিয়ে এগিয়ে যাওয়া প্রতিটি সম্পর্কের সুস্থভাবে টিকে থাকার ক্ষেত্রে জরুরি। এভাবেই সম্পর্কের ভিত,যোগাযোগ আরও শক্ত হয়, সম্পর্কের বিশ্বাস বাড়ে, পায়ের তলার জমি আরও শক্ত হয়, দুজনকে বাস্তবমুখী করে তোলে, ধীরে ধীরে একে অপরের জীবনের অংশীদার হয়ে ওঠেন।
সম্পর্কে থাকা আসলে একটা লড়াই, এই লড়াই অনেক কিছু গড়ে তোলে-ক্ষমা করতে শেখায়, দুজনের জীবনকে একসাথে বড় করে তোলে।জীবনের সৌন্দর্য আর ভালোবাসা আসলে লুকিয়ে থাকে এই একসাথে থাকতে চাওয়ার চেষ্টায়!











