শেখর স্যার কালী পুজোর দিন দু’প্যাকেট লাড্ডু নিয়ে এসেছিলেন। আজ বুকস্টলে বসার জন্য যিনি আসছেন তাঁকে আমরা লাড্ডু খাওয়াচ্ছি।
সৌমেন কাকু সবার শেষে আসেন। আজও তাই এসেছেন। রাত দশটায়। একটাই লাড্ডু পড়ে আছে।
এসেই বললেন, একি সব ফাঁকা কেন? লোকজন কই? সুপ্রিয় আসেনি, দেবাশীষ?
বললাম, সবাই এসছিল। দেবাশীষ কাকু এই গেলেন। বলতে বলতে ছোটকাকু হাজির। পুজোর রাত্রে এক অদ্ভুত ড্রেস। ফুলপ্যান্ট ডান হাঁটুর নীচে গার্ডার দিয়ে আটকানো।
জিজ্ঞেস করলাম, এটা কী কেস?
কাকু বলল, সাইকেল চালাতে গেলে ওপাশের প্যান্ট প্যাডেলে আটকে যাচ্ছিল।
বলে লজেন্স বের করল। আর চানাচুর।
সৌমেন কাকু বলল, প্রকাশদা, তোমার এই অ্যাটিচিউড আমার হেব্বি ভালো লাগে। কেউ কী বলল, বয়েই গেল। সারা কালীপুজো পায়ে গার্ডার বেঁধে ঘুরলে।
এদিকে ন’জেঠু হাজির। কাকুকে চানাচুরের প্যাকেট বের করতে দেখে রেগে ব্যোম। বলল, সারা দিন এ’সব আজেবাজে খাবি। আর মাঝ রাতে জ্বালাবি। দে, দে দেখি।
বলে নিজেই চানাচুর খেতে আরম্ভ করল। আমি প্রমাদ গুনলাম। একজনের বয়স আশি, আরেকজনের সত্তর। আজ রাত্রে কেউ না কেউ উল্টাবে।
শেখর স্যার উঠে দাঁড়ালেন। বললেন, আমি এবার যাই।
দীপকদাকেও বললাম, আপনিও বেরিয়ে পড়ুন। দশটা বাজে। রাস্তার যা অবস্থা, তাতে স্টেশন যেতেই কুড়ি মিনিট লেগে যাবে।
ব্রিজের তলার রাস্তার অবস্থা সত্যিই খারাপ। লোকজন, টোটো অটো, খাবারের দোকান সব মিলিয়ে জট পাকিয়ে গেছে। রাত আটটায় দেশবন্ধু রোডে ভূতের প্যান্ডেল বন্ধ করে দিয়েছে। ভিড়ের চাপে মানুষ টপটপ পড়ে যাচ্ছে। তারা ক্রমাগত ঘোষণা করছে, আমাদের মণ্ডপ দেখতে আসবেন না। চোরবাগান কাণ্ডের থেকে শিক্ষা নিয়ে আমরা মণ্ডপ বন্ধ করে দিচ্ছি।
তবে তাতেও ভিড় কমার লক্ষণ নেই। দীপকদা সব বুঝিয়ে শুনিয়ে উঠে দাঁড়ালেন। এমন সময় একটি কম বয়সী ছেলে স্টলে ঢুকলো। লম্বা চুল। জেনজি।
লেনিনের নির্বাচিত রচনাবলী দেখিয়ে বলল, এইটার দাম কত?
চারটে খণ্ডের একসাথে দাম বললাম। শুনে বলল, আরেকটু কমানো যায় না। তাহলে আমার কাছে যা টাকা আছে, নিয়ে নেব। না হলে শুধু প্রথম খণ্ড নেব।
সৌমেন কাকু হেব্বি উৎসাহিত। বললেন লেনিন পড়বি তুই? কত টাকা আছে বল? বাকি আমি দেবো? কলেজে পড়িস?
না, ক্লাস টুয়েলভে।
বা বা। ঐন্দ্রিল, ওর কাছে যত টাকা আছে নিয়ে পুরো সেটই দে।
ছেলেটি বিচিত্র প্যান্টের বিভিন্ন পকেট থেকে যে টাকা বের করল, তাতে মোটামুটি বইয়ের দাম হয়ে গেল। ছোটকাকু তাকে লজেন্স আর চানাচুর খাওয়ানোর চেষ্টা করছে। কিছুতেই খাবে না। ভয়াবহ স্বাস্থ্য সচেতন।
দীপক দা বললেন, একটা ছবি তুলব ভাই। তাহলে ফেসবুকে পোস্ট করতাম।
ছেলেটি বলল ছবি তোলার সমস্যা আছে।
কেন? কী সমস্যা?
ছেলেটি বলল, বাড়ি শুদ্ধু সব বিজেপি। লেনিনকে গালাগালি করে। কিন্তু জিজ্ঞেস করলে কিছুই ঠিকঠাক বলে না। তাই নিজেই একবার পড়ে দেখি। কাউকে গালাগালি করলে তো তার সম্বন্ধে জানা দরকার?
সৌমেন কাকু একেবারে অভিভূত হয়ে বললেন, আহা, আহা। ভাইরে তোর বাড়ি কোথায়?
পানিহাটি।
বেঁচে থাক বাবা। এইভাবে সবকিছু কষ্টিপাথরে যাচাই করে নিবি। পরের মুখে ঝাল খাস না।
ছেলেটি চলে গেল। সৌমেনকাকু বললেন, অনেক রাত হল। এবার আমি যাই। কিন্তু আমার সাইকেল কোথায়?
অনেক খোঁজাখুঁজির পর সাইকেল পাওয়া গেল। কেউ একজন স্টলের পেছনে ঢুকিয়ে রেখেছে।
যেহেতু ছেলেটির ছবি তোলা গেল না, তাই এই ছবিই দিলাম। যাকেই ভালোবাসুন, বা গালাগালি করুন, একটু পড়াশুনোও করুন। অন্ধভক্ত হবেন না। কোনো দলেরই।











