Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ঘাসজন্ম প্রথম পরিচ্ছেদ

IMG_20261113_073333
Dr. Sukanya Bandopadhyay

Dr. Sukanya Bandopadhyay

Medical Officer, Immuno-Hematology and Blood Bank, MCH
My Other Posts
  • November 13, 2026
  • 7:34 am
  • No Comments
বল্টুদের একতলা বাড়িটার সদর দরজা পেরিয়ে মরচেধরা লোহার তেড়াবেঁকা গ্রিলঘেরা যে একফালি বাড়তি জায়গাটুকু আছে — যেটাকে ওরা সাধ করে বারান্দা বলে ডাকে, ওরই এককোণে গণাদাদুর একটুকরো মলিন সংসার।
একটা ছেঁড়া তেলচিটে শীতলপাটি — পলেস্তারা খসা দেওয়ালে ঠেস দিয়ে গুটিয়ে রাখা ময়লা চিটচিটে ছোবড়া বের করা একটা তোশক আর কতকগুলো খবরের কাগজ – দিনমানে ওগুলো পেতে বসে সে।
একপাশে একটা কলাইকরা কানা উঁচু থালা, তোবড়ানো পেতলের ঘটি আর নোংরা স্টিলের গেলাস — এই-ই গণাদাদুর অস্থাবর সম্পত্তি।
ঐ গোটানো মাদুরটার মতোই ইঁট বেরকরা দেওয়ালে পিঠ দিয়ে, ডাঁটিবিহীন সুতোবাঁধা ঘোলাটে চশমার কাঁচের ফাঁকে টিনের সদরের দিকে হাঁ করে তাকিয়ে বসে থাকে গণাদাদু।
বিড়বিড় করতে থাকে -”মেলা দেরি হয়ে গেল রে বাপ, বড্ড বেলা হয়ে গেল–”
বল্টুর ক্লাস সিক্সে পড়া ছোটভাই পল্টু গিয়েছে মোড়ের মাথায় ভবার চায়ের দোকানে। ওই সাতময়লা স্টিলের গেলাস ভর্তি করে আনবে গরম চা, আর দুখানা লেড়ো বিস্কুট। গণাদাদুর ব্রেকফাস্টের দায়িত্ব ভবার।
তা, বল্টুদের দোষ দেখে না গণাদাদু। বলতে গেলে ওরা তো তার কেউই নয়। কেউ বলে যে ছিল, সে বছর সাতেক আগে কেরলে রাজমিস্ত্রির কাজ করতে যাবার নাম করে সেই যে কেটে পড়ল, তার কোনও খবরই আর পাওয়া গেল না। সে হলো গণাদাদুর ছেলে বিমল। স্বামী নিঁখোজ হবার ক’মাসের মধ্যে কচি নাতিটাকে নিয়ে ঘর ছাড়ল ছেলের বউ শোভা। কার ঘর করতে গেল কে জানে!
গণাদাদুর ছিল ছোট্ট একটা দশকর্মার দোকান। যতদিন শরীর দিয়েছে, টিমটিম করে হলেও দোকানটা চালিয়েছিল সে। তারপর গেল চোখ দুটো।
গরিব পাড়া। তা-ও ক্লাবের ছেলেরা চাঁদা তুলে সদর হাসপাতালে নিয়ে গিয়ে ছানি কাটিয়ে এনেছিল। পাড়াগাঁয়ের হাসপাতাল, গণ্ডগোল কিছু হয়ে থাকবে – দুটো চোখেই দৃষ্টিশক্তি ঝাপসা হতে হতে এখন তলানিতে এসে ঠেকেছে।
ঝামেলা করাই যেত হাসপাতালে, কিন্তু একে তো গণাদাদুর আপনার বলে তেমন কেউই নেই – তার ওপর মফস্বল থেকে অতদূর সদরে গিয়ে ঝামেলা পাকানোর মানসিকতাও ছিল না রোগাভোগা সাদাসিধে পাড়ার ছেলেগুলোর।
পরিবর্তে, গণাদাদুর ভার তারাই নিয়েছে একরকম।
দুপুরের ভাত, ডাল আর ঘ্যাঁটের জোগান দেয় অপু। ওর একটা হার্ডওয়্যারের দোকান আছে স্টেশনের কাছে।
রেলের বাবুদের কোয়ার্টারে ঝি-গিরি করে অনিমা, রান্নাও করে বিডিওসাহেবের বাড়িতে। সে পৌঁছে দেয় রাতের ভাত-তরকারি। তার বাপ হরি সামন্ত ছিল দিনমজুর। জন খাটত, বাগালি করত, পুবপাড়া স্টেশনের পশ্চিমদিকের বড়লোক মহল্লায় টুকটাক জোগাড়ের কাজ করত বাবুদের বাড়িতে – সে ছিল গণাদাদুর বন্ধুলোক। মাথায় রক্ত উঠে হরি সামন্ত মরেছে আজ বছর তিনেক হলো। সেই থেকেই অনিমা রাতের খাবারটা দিয়ে যায় গণাদাদুকে।
বল্টুদের বাড়ি এসে গড়গড়ে মোটা তাঁতের আঁচলে ঘাম মুছে খানিক জিরোয় সে, দুঃখের কথা বলে কিছু – আহা, বাপের বন্ধু, সে তো একরকম আপনার লোকই হলো। মাতাল স্বামীটা রোজ রাতে অত্যাচার করে, ছেলেটা এই বয়সেই বিড়ি ধরেছে, মেয়েটার উঠতি বয়স — সবজিওলা কচির সঙ্গে ফষ্টিনষ্টি করছিল, হাতেনাতে ধরেছে অনিমা – এইসব ঘরোয়া পাঁচরকম কথা বকবক করে যায় সে।
বুড়ো কিছু শোনে, কিছু শোনে না। পাকলে পাকলে তরকারি দিয়ে ভাতের মন্ড গেলে। দাঁতগুলোও বিশ্বাসঘাতকতা করে আজকাল। বয়স হওয়া বড় পাপ গো ঠাকুর! বড় পাপ!
সকাল আটটা। তিতকুটে মুখে দোকানের তালা খুলছিল অপু। বাচ্চু সঙ্গে ছিল – তার ফাইফরমাস খাটার ছেলে।
তালা খুলে শাটার তুলে, কোণের কুলুঙ্গিতে রাখা লক্ষ্মী গণেশের ছোট্ট মূর্তির পিছনের জিরো পাওয়ারের বালবটা জ্বেলে দিল অপু। তারপর পায়াভাঙা টুলের ওপর রাখা হতশ্রী প্লাস্টিকের জগটা বাচ্চুর দিকে এগিয়ে দিয়ে রুক্ষস্বরে বলে – ”যা, শিগগির জলটা নিয়ে আয়। কলপাড়ে গিয়ে আড্ডায় মজে যাসনি আবার। চ্যালা ভাঙব তোর পিঠে তা’লে–”
বাচ্চু জগ হাতে লাফাতে লাফাতে টিউবওয়েলের দিকে যায়। যেতে যেতে ভাবে, ‘দাদার সালা খোপড়ি গরম আছে আজ! বউদি নিঘ্ঘাত হাম্পু দিয়েছে রাত্তিরে — আজ দু’চার ঘা পড়বে ঠিক পিঠে—‘
ভাবতে ভাবতেই বাচ্চু পিচিক করে হেসে ফেলে আপন মনে। বউদির কাল্পনিক ‘হাম্পুর’ কথা ভেবেই কি না, কে জানে।
বস্তুত অপুর মেজাজটা বেশ খিঁচড়ে আছে আজ।
তার বউ দোলন একটু রূপসোহাগী বটে। বলতে নেই, চটক আছে দোলনের চেহারায়। রঙটা মাজা, তবে গড়ন সৌষ্ঠব ভাল। একটা বাচ্চার মা হয়েও এতটুকু টসকায়নি শরীর। এমন আগুনের খাপরা কি করে যে তার মত কাকতাড়ুয়ার বউ হয়ে গেল, প্রথম প্রথম ভেবে কূলকিনারা পেতো না অপু।
সবটাই তার মায়ের জন্য, এটা মানে সে।
অপুর মা প্রণতিমাসীকে এই গ্রামের সক্কলে খুব সমীহ করে চলত। তার এলেম ছিল বটে। অপুর বাপ গোবর্ধন বাছাড় স্থানীয় হাই ইস্কুলে ঘন্টা বাজাত। ইস্কুল বসা আর ভাঙার সময় দরজা খোলা আর বন্ধ করা ছিল তার দৈনন্দিন কাজ। সেই গোবর্ধন যখন হঠাৎ করেই তিনদিনের জ্বরে ফৌত হয়ে গেল, তিন ছেলেমেয়ে নিয়ে প্রণতিমাসী আতান্তরে পড়ল ঠিকই কিন্তু ভেঙে পড়ল না। সদর শহরে, পঞ্চায়েতে, ডি আই অফিসে দৌড়োদৌড়ি করে, পঞ্চায়েতের সদস্য জীবন কোঙারকে ধরেকরে শেষমেশ স্বামীর চাকরিটা বাগিয়ে ফেলল ঠিক।
যত সামান্যই হোক, সরকারি চাকরি। ওই চাকরি সম্বল করে পুবপাড়ার মাঠের ধারে একখণ্ড জমি কেনা, চালাঘর তোলা, অপুর দুটো দিদিকে পাত্রস্থ করা, মায় ‘কেলাস এইটে’ পড়াশোনায় ইতি দেওয়া অপুর দোকান করার মূলধন জোগানো পর্যন্ত সবটুকুই করেছিল প্রণতিমাসী।
দোলনের সঙ্গে অপুর বিয়েটাও সে-ই দিয়েছিল – রীতিমত ঘটক লাগিয়ে। দোলন বাপ-মা মরা মেয়ে, মামার বাড়িতে মানুষ। তারা অতশত দেখেনি – পাত্রপক্ষ পণ চাইছে না দেখেই বিগলিত হয়ে ঘাড়ের বোঝা নামিয়ে ফেলেছিল।
এই পণ না চাওয়া নিয়েও মায়ের সঙ্গে কম অশান্তি করেনি অপু।
তার সব ইয়ার দোস্তরা বিয়েতে ভালই বাগিয়েছে — তারও ইচ্ছে ছিল ক্যাশ না হোক, একটা মোটরসাইকেল আর একটা সোনার চেন অন্তত শ্বশুরবাড়ি থেকে যেন দেয়া হয়।
কিন্তু প্রণতিমাসীর এক গোঁ – সরকারি চাকরি করি, মাস্টাররা বলেছে, পণ নেওয়া বেআইনি। তাছাড়া অনাথা মেয়ে, তার মামাদের নিজেদেরও গণ্ডাখানেক কন্যে পার করতে হবে, তারাই বা পাবে কোত্থেকে!
মায়ের যত্তসব ঢ্যামনামি – ভাবতে গিয়ে আজও মাঝে মাঝে দাঁত কিড়মিড় করে ওঠে অপুর।
দোলনকে অবশ্য এই প্রবল ব্যক্তিত্বময়ী শাশুড়ির ঘর বেশিদিন করতে হয়নি।
ততদিনে অপুর দোকান খানিকটা দাঁড়িয়ে গিয়েছে। চালাঘর পাকা হয়েছে। বিক্রিবাট্টাও মন্দ হচ্ছিল না।
প্রণতিমাসীর ছিল বাগানের শখ। নিজের চিলতে চালাঘরের পাশে ছোট একফালি বাগান করেছিল সে। শাকপাতা, লাউ, বেগুন, লঙ্কা, বারোমেসে জবা আর দু’চারটে মরশুমি ফুলের গাছ – এর বেশি কিছু নয়। সেই বাগানেই একদিন সাপের কামড় খেলো প্রণতিমাসী। চন্দ্রবোড়ার বাচ্চা। কিন্তু বিষ ঢালতে কার্পণ্য করেনি। সদর হাসপাতাল দূরে থাক, পাশের বাউরিপাড়ার পুরোনো হাতুড়ে চৈতন্য ডাক্তার আসতে আসতে মাথা ঢলে গিয়েছিল মাসীর।
অপু কেঁদে ভাসিয়েছিল – যত না মায়ের শোকে, তার চেয়ে ঢের বেশি একজন মুরুব্বি হারানোর দুঃখে।
সে-ও না হোক বছর দশেক আগেকার কথা।
‘ব্যাটাছেলের বাপ’ মার্কা শাশুড়ির ছায়া থেকে বেরিয়ে নিজমূর্তি ধরেছিল দোলন।
আজ গন্ধসাবান চাই, কাল ‘সিরিয়াল শাড়ি’ চাই, পরশু চুল শুকোনোর যন্তর চাই, রকমারি ডিজাইনের গয়না চাই – সোনা না হলেও চলবে, সিটিগোল্ড আর ‘কস্টুম’ নাকি বলে, সেসব আছে না? রকমারি ফরমাশ শুনতে শুনতে হাল্লাক হয়ে গেল অপু।
আজকের মেজাজ বিগড়োনোর পিছনেও দোলনের আবদারই দায়ী। ইদানিং বউয়ের চাহিদাগুলোকে আর আবদার বলে ভাবতে পারে না অপু, জবরদস্তি বলে মনে হয় তার।
ক’দিন ধরেই ‘ফেসোয়াশ’ না কি যেন বলে, তার জন্য বায়না ধরেছিল দোলন, সঙ্গে বয়স কমাবার ক্রিম।
শুনে তো অপুর একগাল মাছি। ”কি সব যা-তা বলছ? বয়স আবার কমানো যায় নাকি?”
”যায়, যায় – টিবিতে দেকেচি–” হাতের নতুন পাথরসেটিংএর বালাটা মুগ্ধদৃষ্টিতে ঘোরাতে ঘোরাতে বলেছিল দোলন – ”বয়স যা-ই হোক, দ্যাকাবে ঠিক যেনো পঁচিশ – হুম।”
অপু একটু ক্যাবলা হেসে বলেছিল – ”তা, আমার চোখে তো তুমি সবসময়ই আঠারো”–
গলায় একরাশ বিরক্তি নিয়ে অধৈর্য স্বরে বলে উঠেছিল দোলন –
”অত কৈফৎ দিতে পারবনি, এনে দিতে পারবে কি না বলো? বুড়োবয়সে হত্তুকিপানা মুক নিয়ে অত ঢলানি ভাল্লাগেনি বাপু।”
শুনে ফুটো বেলুনের মতই চুপসে গিয়েছিল অপু, নিভে গিয়েছিল মুখের হাসি।
সত্যিই, তার মতো বাঁদরের গলায় দোলন যেন মুক্তোর হার! মানায় কখনও?
(ক্রমশ)
PrevPreviousযাকেই ভালোবাসুন, বা গালাগালি করুন, একটু পড়াশুনোও করুন।
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

যাকেই ভালোবাসুন, বা গালাগালি করুন, একটু পড়াশুনোও করুন।

November 13, 2026 No Comments

শেখর স্যার কালী পুজোর দিন দু’প্যাকেট লাড্ডু নিয়ে এসেছিলেন। আজ বুকস্টলে বসার জন্য যিনি আসছেন তাঁকে আমরা লাড্ডু খাওয়াচ্ছি। সৌমেন কাকু সবার শেষে আসেন। আজও

Does Amit Shah know who Peter Kropotkin is?

November 12, 2026 No Comments

Under the leadership of Union Home Minister Amit Shah, rallies and similar events are being organised across the country, ostensibly to “protect democracy” and “eradicate

বই পড়া তো অন্যায় নয়, বই কেনাও অপরাধ নয়।

November 12, 2026 No Comments

কালীপুজোর রাত্রে ডা. সুপ্রিয় বসু যখন স্টলে ঢুকলো, তখন আমাদের বুক স্টল পুলিশে পুলিশে ছয়লাপ। এত পুলিশ দেখে সুপ্রিয়দা কোনরকমে বাইক স্ট্যান্ড করে দৌড়ে এলো,

কোজাগরী

November 12, 2026 No Comments

কার্তিকের পড়ন্ত বিকেল। একটু পরেই নেমে আসবে কোজাগরী সন্ধ্যা। দশকর্মার দোকান ফাঁকা। ফলের দোকানের ভিড়ও পাতলা হয়ে এসেছে। রাস্তার এক পাশে কেতরে পড়ে আছে থোড়ের

ছাত্র-ছাত্রীদের উপর থেকে অন্যায় শাস্তিমূলক ব্যবস্থা প্রত্যাহার করা হোক

November 11, 2026 No Comments

বিবেকানন্দের ছবিযুক্ত আর এস এস পরিচালিত ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পোস্টারে ‘আপত্তিকর ‘  শব্দ লেখার জন্য প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ একজন ছাত্রীকে  বহিষ্কার করার

সাম্প্রতিক পোস্ট

ঘাসজন্ম প্রথম পরিচ্ছেদ

Dr. Sukanya Bandopadhyay November 13, 2026

যাকেই ভালোবাসুন, বা গালাগালি করুন, একটু পড়াশুনোও করুন।

Dr. Aindril Bhowmik November 13, 2026

Does Amit Shah know who Peter Kropotkin is?

K. Sahadevan November 12, 2026

বই পড়া তো অন্যায় নয়, বই কেনাও অপরাধ নয়।

Dr. Aindril Bhowmik November 12, 2026

কোজাগরী

Dr. Sukanya Bandopadhyay November 12, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

700952
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]