ক’দিন বাদেই যাবে জানা দেশ কাকে দেয় রাজা’র পার্ট,
কাদের ভাগে রাবড়িমালাই , উল্টাবে কার apple-cart
তারপরে ফের পাঁচটা বছর রগড়ে চলা দিনযাপন,
এই এতদিন দিলেন যারা গরীবসেবার বিজ্ঞাপন,
সবাই আরো আমীর হবেন, সেই ঘটনা নিশ্চিতই,
তখন যদি জানতে গেছো প্রতিশ্রুতির লিস্টি কই,
দাবড়ে দেবে রাজপেয়াদা, আসবে ঘরে রাজ-হুকুম,
ভোট দিয়েছো বেশ করেছো, এখন গিয়ে দাও গে ঘুম,
ভুলেও জেগে তুললে গলা, মূল্যে নেবো শান্তিকে,
মধ্যিখানের রাস্তা ছেড়ে যাক দেশ বাম ডানদিকে,
তোমার তাতে কী আর বাবা, হয় চড়ো নও পিষ্ট হও,
ভোটের পুজো শেষ হয়েছে , এখন তো আর ইষ্ট নও।
দেশ ভেবে নেয় প্রতি ভোটেই কাকে দেবে রাজা’র পার্ট,
মোহন কথার মদির নেশায় যেবার যেজন জেতেন heart.
সমস্যা এই, পার্টটাকে সব নেতাই ভাবেন সত্যিকার,
জনতা কী চাইছে জানার নেন না তেমন ঝক্কি আর,
তাঁরই আদেশ বাধ্যত দেশ মানবে বিনা কোশ্চেনে,
সেই ধারণায় বিরোধিতায় আনেন দ্রোহের দোষ টেনে,
চারদিকে তাঁর হাততালি-বাজ হয় জমায়েত তেল দিতে,
বিরোধীদের দিন কেটে যায় মামলা-জালে বেল নিতে,
টানাপোড়েন চলতে থাকে তুই ভালো না মুই ভালো,
সেই লড়াইয়ে আমজনতার খিদের দাবী আটকালো..
আটকেছে তো বয়েই গেছে, হাতের মুঠোয় পাঁচটা সাল,
ঘোলা জলের মৎস পেতে বিগশটেরা ফেলেন জাল।
যাকেই দেশের নির্বাচনে হোক না দেওয়া রাজা’র পার্ট,
সব সূচকেই নিচের দিকে দেখিয়ে চলে বেবাক chart.
রাজার রোলে থাকেন যিনি, ওড়ান সবই ছাই বলে,
মাটির কাছের হতাশারা হয় না বদল তাই বলে,
চাষীর ফসল দাম পাবে না, শিক্ষিতদের চাকরি নেই,
স্কুলের পড়ার গণ্ডী কাটা মাঝ-দিবসের এক মিলেই,
ইকনমি পেরোক যতই নিজের মতো কয় ট্রিলিয়ন,
পি এইচ ডি’রা বেপরোয়া-য় চাইবে হতে তাও পিওন,
ধর্ম জাতের কাজিয়াতে ফায়দা তোলার বঁড়শিতে
কর্মখালির শূন্য গণিত থাকবে কোটা’র টোপ দিতে।
পার্টিশনের ক্ষততে নুন ছড়িয়ে দেওয়ার বিশেষ আর্ট
তাহারে কয় রাজনীতি আজ, সবার হাতে সমান dirt.
আঁধার কাটার দীপ জ্বলে না, দাও না যাকেই রাজা’র পার্ট।










