আপনারা আর জি কর কেসের তদন্ত করছেন। প্রমাণ লোপাট আর প্রমাণ পরিবর্তন নিয়ে আদালতে অনেক কথা বলছেন। আপনাদের মনে করিয়ে দি রাত দখলের রাতের কথা। পুলিশের বয়ান অনুযায়ী ওইদিন রাতে সাত আটশো লোকজন আর জি করে ঢুকে ভাংচুর করে। প্রথমে পুলিশ সোস্যাল মিডিয়ায় পোস্ট করে একটি রাজনৈতিক দলের লোকজন ভাংচুর করেছে। পরে তাড়াতাড়ি রাজনৈতিক দলের কথা পোস্ট থেকে মুছে দেয়। আর জি করে পাহারায় থাকা পুলিশ বাথরুমে লুকিয়ে ভাংচুর চালাতে সাহায্য করে। কোনো প্রতিরোধ করেনি।
এরপর নগরপাল এসে হিন্দি সিনেমার স্টাইলে আই অ্যাম অ্যাংরি বলে নাটক করে। কয়েকজনকে আটক করে প্রমাণের অভাবে আদালত থেকে ছেড়ে দেয়। সিসিটিভি ফুটেজ থাকা সত্বেও তাদের নাকি ধরা যায়নি। বাংলার জনগণের আপনাদের কাছে পরিষ্কার প্রশ্ন, এই প্রমাণ লোপাটকারীদের নিয়ে কি তদন্ত আপনারা করেছেন? যারা এসেছিলো তারা কারা ছিলো? কে তাদের পাঠিয়েছিলো? এটা বের করতে পারলেই তো বেরিয়ে যেতো বৃহত্তর ষড়যন্ত্রে কারা কারা লিপ্ত। কলকাতা পুলিশ এরপর সেই হামলার পোস্ট ওদের সোস্যাল মিডিয়া থেকে সরিয়ে নিলো। যেনো ওই রাতে কিছুই ঘটেনি। হামলাকারীরা রাস্তা দিয়ে গাড়ি করে এসেছিলো। ওখানের রাস্তায় তো অজস্র সিসিটিভি ছিলো। তার ফুটেজ থেকে তো গাড়ির নম্বর, তার মালিক সব বের করা সম্ভব ছিলো।
এটা কি বাংলার মানুষ ধরে নেবে যে, আপনারা তদন্তে সেই সেই জায়গা বাদ রেখেছেন যেগুলো ধরলে বৃহত্তর ষড়যন্ত্র বেরিয়ে পড়বে।
আবারও জিজ্ঞেস করছি, কার নির্দেশে আপনারা এই হামলার তদন্ত করেন নি? কার নির্দেশে তাড়াহুড়ো করে শুধু সঞ্জয় রাইকে ফাঁসিতে ঝোলাতে আপনারা তৎপর?
কাদের নির্দেশে আপনারা বৃহত্তর ষড়যন্ত্র বের করতে চাইছেন না? আপনারা কাদের বাঁচাতে চাইছেন? কেনই বা চাইছেন?
আপনাদের এখনো তদন্ত শেষ হয়নি। এখনো আপনাদের কাছে সময় আছে শুধরে যাবার।
আর যদি সেটিং করেন, তাহলে কান খুলে জেনে রাখুন, আপনারা পার পাবেন না। কয়েক লাখ বা কয়েক হাজার না হলেও কয়েকশ ডাক্তার আর সাধারণ মানুষ আছে যারা এর শেষ দেখে ছাড়বে। পশ্চিমবঙ্গে অন্যান্য তদন্তে আপনাদের সেটিং আজকে জলের মতো পরিষ্কার। আপনারা অপরাধী ধরেন। তারপর তারা জামিন পেয়ে যায়। এরপর আপনাদের চার্জশিট আর জমা পড়েনা। সেই ফাঁকে কেউ এমএলএ কেউবা এমপি হয়ে বিরাজ করে। আবার বলছি এই কেস অন্যগুলোর থেকে আলাদা। এখানে বাংলার ঘরের মেয়ে খুন আর ধর্ষিত হয়েছে। এখানে সেটিংয়ের খেলা খেলে পার পাবেন না। আমরা এর শেষ দেখেই ছাড়বো।
(চলবে)










