হ্যান্ডেলে টান পড়লো, খুললো লোহার দরজা
সকালের সূর্যের মতো আগুনের শিখা
একত্রিশের ধর্ষিত অত্যাচারিত দেহ
ঝাঁপ দিয়ে ঢুকে গেলো আগুনের শিখায়
ধুপ করে বন্ধ হলো লোহার দরজা
পিঠ চাপড়ে একজন বললো,”ওয়েল ডান বয়”।
নগর কোটাল পিঠ চাপড়ে দিলো সেপাইয়ের
বড় নেতা ছোট নেতার,
তোলাবাজ ছিঁচকে চোরের
গুন্ডা ধর্ষকের, ধর্ষক উকিলের
উকিল পুলিশের, শাসক বিরোধীর
সবাই সবার পিঠ চাপড়ে দিলো।
সবাই সবাইকে বললো,”ওয়েল ডান বয়”।
কেউ খেয়াল করলো না,
অন্ধকারে দাঁড়িয়ে আছে কিছু ছায়ামূর্তি।
ছায়া মূর্তিরা দাঁতে দাঁত চাপলো,
হাতে পড়লো হাতের চাপ
নীরব প্রতিজ্ঞায় ওপরে তুললো মুষ্টিবদ্ধ হাত।
মনে মনে বললো, এই চিতায় তোদের সবাইকে তুলবো,
আজ না হয় কাল, কাল নাহয় কোনো একদিন।
সেদিন আমরা চুপিচুপি নয়,
মনুমেন্টের মাথায় দাঁড়িয়ে চিৎকার করে বলবো,
“ওয়েল ডান বয়”।










