এবছর অমাবস্যার রাতে শিবু কালীর পায়ের নীচে শুয়ে পড়তে রাজী হয়নি।
এই নিয়ে রীতিমতো দাম্পত্য কলহের কথা শোনা যাচ্ছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে এই রাজ্যে রাতের বেলায় কালীর নিরাপত্তা নিয়ে রীতিমতো চিন্তিত শিবু। রাজ্যের সব মেয়েদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন শিবুর কানে গিয়েছে এই রাজ্যে কেউ নাকি মেয়েদের রাতে বাড়ির বাইরে বের হতে নিষেধ করার নিদান দিয়েছে।
এই কথাটা শিবু কালীকে কিছুতেই বুঝিয়ে উঠতে পারছে না যে রাজ্যের বর্তমান পরিস্থিতিতে এবার কালীর অনুষ্ঠান রাতে না করে দিনের বেলায় সেরে ফেলতে। নন্দী, ভৃঙ্গী শিবুর পক্ষে সওয়াল করতে গিয়ে ডাকিনী যোগিনীর তাড়া খেয়ে পালিয়ে এসেছে। কালীর সঙ্গে ডাকিনী যোগিনী তাদের সিদ্ধান্তে অনড়। রাতেই বের হবে। তেমন হলে শিবুকে দরকার নেই। কালীর হাতের খাঁড়া আর কাটা মুণ্ডু, ডাকিনী যোগিনীর আগুনের ভাটার মত চোখ, বড় বড় দাঁত, হাতের বড় বড় নখ দিয়ে বেয়াদবদের মোকাবেলা করতে আজ রাতেই ওরা বের হচ্ছে।
কোন কোন চ্যানেল লাইভ টেলিকাস্ট করবে এই নিয়ে এখনও পর্যন্ত জানা যায়নি, রীতিমতো দরাদরি চলছে। তবে বেয়াদবরা এবার কালীঘাটের দিকে যেতে ভয় পাচ্ছে এটা শোনা যাচ্ছে।
সূত্র মারফৎ জানা গেল — কালী নাকি ভীষণ রেগে গিয়ে খাঁড়াতে ভালো করে শান দিয়ে আনছে। ডাকিনী যোগিনী গত বছর থেকে নখগুলো আরও বড়সড় করেছে আর শ্মশান সংলগ্ন পার্লারে গিয়ে সূচালো করেছে। আজ রাতে কোন বেয়াদবকে ওরা নিস্তার দেবে না। সামনে পেলেই নিকেশ করে দেবে।
রাজ্যের মেয়েরা, মায়েরা আজ নতুন করে সাহস পাবে, পাবেই। ওরাও এবার জোট বেঁধে খাঁড়া, দাঁত, নখ নিয়ে রাস্তায় নামতে প্রস্তুত হচ্ছে। মেয়েরা রাত দখল করবেই।









