ওরা বলে দেবে কার সাথে মেশা যাবে
কাদের ব্রাত্য করে রাখা প্রয়োজন,
ওরা বলে দেবে কোথা কোথা হ্রেষা যাবে
অশ্বমেধের করা আছে আয়োজন।
তুমি আমি জন সিরাজ চ্যাং বা হরমিত,
নানা ঘরে আছে আপাত-শাসক যত,
ওদের কাছেই সিংহাসনের পারমিট,
ঘোড়া ঘুরে গেলে ট্যাক্স দেওয়া বাধ্যত ।
ওরা বলে দেবে কোথায় সীমানা মানা,
কাদের পাড়ার রাস্তা মাইন-এ ভর্তি,
কেন সে নিষেধ কখনো যাবে না জানা
যাদের আদেশ, তাঁরাই চক্রবর্তী।
তোমরা ভেবেছো ভুলে যাওয়া সব প্রথা
ঘোড়ার পেছনে বাহিনী আবার কই,
গণতান্ত্রিক হয়ে গেছে সভ্যতা,
রাজা মানবার মানুষ আমরা নই।
অথচ এখনো ঘোড়া নিয়ে ঘোরে সেনা
এ পাড়া ও পাড়া সে পাড়ার পথ ধরে
মূর্খ না হলে কেউ রশি ধরবে না,
সকলেই জানে বিরোধে কপাল পোড়ে।
বিজয়-গর্বে অশ্বটি ফিরে এলে,
এখনো রাজারা ঘোর উৎসবে মাতে
জয় জয় বলে জমা ভিড় ফিরে গেলে
ঘোড়াটিকে কেটে যত্নে সাজায় পাতে।
বদল হয়নি অশ্বমেধের কিছু,
ঘোড়া ঘরে এলে আজও কর দিয়ে থাকি
বাহিনীও ঘোরে অশ্বের পিছু পিছু,
রশি আটকিয়ে বিপদ ডাকবো নাকি?
নজরানা দিই নজরটি রেখে নিচু,
ঘোড়াকে আমরা আজ ভোট বলে ডাকি।










