সরণি ধরণী হলে কেউ বাপু রা কাড়ো না তো,
গায়ক নায়ক হলে তবে রাগ কেন করো অত?
স’ যদি ধ’ হতে পারে হুকুম তামিলে অনায়াসে
ন’ তবে গ’ হলে হাসি অত কোথা থেকে আসে?
আরে বাবা, গাওয়াও তো অভিনয়, নাকি?
সা রে গা মা পা ধা নি’কে ধরে ঝাঁকাঝাঁকি
করলেই গান হবে , হিসেবটা অত সোজা নয়
কথাতে আবেগ দিয়ে অভিনয়ে তবে গান হয়।
সৌমিত্র উত্তম লিপ দিয়ে ফেমাস খামোখা
হেমন্ত মান্না ছাড়া ওই গান হতো না রে বোকা.
গায়কের মাঝে থাকে বড় এক অভিনেতা বসে
প্রাইজের থেকে বাদ তবু দেখো দেওয়া বিনাদোষে
সেই পাপ খণ্ডন অবশেষে হয়েছে এবার,
গায়ক গেছেন পেয়ে অভিনয়ে বং-অস্কার।
যারা ভাবে অভিনয় অভিনেতাদের শুধু জানা,
অন্য কোথাও গিয়ে খুঁজে নিক রুজির ঠিকানা!
গ’ হলো ন’ সবে , স’ হয়েছে ধ’ সে তো বহুদিন আগে,
বর্ণবিপর্যয়ে আরো কী কী হতে পারে ভেবে ভয় লাগে।
ক্ষ আর ম’-বদলে কে জানে আরো কী আছে আমাদের ভাগে!









