যেহেতু রিমান্ডে আছি, সমস্ত স্বীকার করে নেব
মেনে নেব সব অভিযোগ
রক্তদাগ মুছে ফেলা অস্ত্রটা যে কাবার্ডেই রাখা
স্বীকার করব আমি,
ঠিক কীরকম ভাবে নিষ্ঠুরের মত
প্রেম নেই টের পেয়ে হত্যাকাণ্ড সমাধা করেছি
আমি যে আগেই মৃত ভুলেও সে যুক্তি দেখাব না
প্রশ্নকর্তা অমায়িক,
যেন ক্লাস নিচ্ছেন কোনও বাংলা স্যার
এমন কী এক কাপ চা ও চাইতে পারি
এরকম মোলায়েম দৃশ্যপট,
যেমন সিনেমা দৃশ্যে দেখা যায়
তীব্র কোনও আলো নেই চোখের উপরে
তীব্রতা রয়েছে প্রশ্নে
কতটা বান্ধবী ছিল বা কতটা নিছক লিবিডো
আমার দু চোখ খোলা, নিষ্পলক, স্থির
প্রশ্ন শেষ হলে বলব, আমারও প্রশ্ন আছে স্যার,
পোস্টমর্টেমে এনে
ঠিক কোন ধারা বলে আমাকে রিমান্ডে নেওয়া হল?
★










