(চিকিৎসক, গবেষক এবং সাংস্কৃতিক কর্মী। সম্প্রতি প্রকাশিত পুস্তক The Calcutta Medical College, 1822-1897: Medicine, Social Psyche and the Making of Modern Citizenry (Primus, 2025)
শুরুর কথা
চারপাশে যখন সামান্য পুঁজির হকারদের উচ্ছেদের জন্য বুলডোজার চলছে, বুলডোজার সংস্কৃতির আবহ গড়ে তোলার মহড়া চলছে, সে সময়ে এরকম দুই বাঙালি বিজ্ঞানীকে নিয়ে এরকম প্রবন্ধ রচনা আমার নিজের কাছেই নিরোর বেহালা বাজানোর মতো ঠেকছে। এটুকু বলা যায়, অন্ধকার যখন গাঢ় হতে থাকে তখন মুক্ত চিন্তার কাছে ফিরে যাওয়া একটি অবশ্যকর্ম। পৃথিবীর ইতিহাসে রেনেসাঁর সময়ে এবং প্রাক্কালে বারংবার ফিরে যেতে হয়েছে গ্রিক ও ল্যাটিন ক্ল্যাসিকের কাছে। ধরে নিন, এ লেখাও সেই লক্ষ্যে একটি যাত্রা।
উপেন্দ্রনাথ ব্রহ্মচারি
চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসের মান্য গবেষক রয় পোর্টার বলা যেতে পারে তাঁর ম্যাগনাম ওপাস দ্য গ্রেটেস্ট বেনিফিট টু ম্যানকাইন্ড গ্রন্থে বলছেন – “In many villages and clearings where the white men took his wares and weapons, he encountered ghastly unknown conditions: kala-azar, with its leprosy-like sympotoms, in India and Africa”। সে তো না হয় হল। ভারতে এবং আফ্রিকায় “বীভৎস অজানা পরিস্থিতির” মুখোমুখি হতে হয়েছিল রয় পোর্টারের নিজের দেশের ব্রিটিশ সাম্রাজ্যবাদকে। কিন্তু এর পরে আরও পরিষ্কার করে বলেছেন পোর্টার – “Colonial powers, however, would see disease in one light only: an evil, an enemy, a challenge, it had to be conquered in the name of progress.” উপনিবেশিক শক্তি রোগকে এক শত্রু, এক আপদ এবং এক চ্যালেঞ্জ হিসেবে দেখতো এবং ভাবতো এদের জয় করা আসলে প্রগতিরর নামান্তর। এখানে বলার কথা, হ্যাঁ, শুধু রোগের ক্ষেত্রে এ সমস্যা বিদ্যমান ভাবলে আমরা ভুল করবো। উপনিবেশের শ্রেষ্ঠ মেধাসমূহকেও আপদ, শত্রু এবং চ্যালেঞ্জ হিসেবে দেখা হয়েছে। হয়তো এ কারণে পোর্টার আবিষ্কারক হিসেবে রবার্ট কখ বা পল আর্লিখদের নাম তাঁর বইয়ে উল্লেখ করলেও kala-azar-এর আলোড়ন ফেলা চিকিৎসা ইউরিয়া স্টিবামিন বা এর আবিষ্কর্তা উপেন্দ্রনাথ ব্রহ্মচারীর নামোচ্চারণ করেননি।
আমার এ নাতিদীর্ঘ গবেষণাকর্ম জাতীয় স্মৃতিতে প্রায় সম্পূর্ণ বিস্মরণে চলে যাওয়া (collective amnesia) চিকিৎসক-গবেষক উপেন্দ্রনাথ ব্রহ্মচারী এবং তাঁর আবিষ্কারের নানা বাঁক নিয়ে আলোচনা করেছে।
গবেষক, চিকিৎসক, আবিষ্কারক তথা স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারীর মৃত্যুর পরে (জন্ম – ৭ জুন, ১৮৭৩। মৃত্যু – ৬ ফেব্রুয়ারি, ১৯৪৬) বন্দিত মেডিক্যাল জার্নাল ল্যান্সেট-এ “অবিচ্যুয়ারি” বিভাগে লেখা হয়েছিল – “By the death of Sir Upendrnath Brahmachari in Calcutta on Feb. 6, India has lost one her outstanding figures. He was not only a distinguished Indian physician – perhaps the most distinguished of his day – but also a research worker of unusual merit.” ল্যান্সেট জার্নাল বুঝতে পেরেছিল ভারতবর্ষ শুধুমাত্র একজন অসামান্য চিকিৎসককে হারিয়েছে তাই নয়, হারিয়েছে একজন অনন্যসাধারণ উচ্চমেধার গবেষককে।
তাঁর গবেষণা নিয়ে মন্তব্য করা হল – “His early researches on antileishmanial drugs, which culminated in his preparation of urea stibamine, were financed by the Indian Research Fund Association.” সবার শেষে প্রতিবেদনে বলা হয় – “If all distinguished Indians, and for that matter all British officials, had shared his liberal outlook, many of the difficulties India face today would have been resolved.” অর্থাৎ, যদি বিজ্ঞানের জগতে কেবল সমস্ত ভারতীয়ই নয়, ব্রিটিশ অফিসারেরাও যদি তাঁর মতো মুক্ত দৃষ্টিভঙ্গীর অংশীদার হতে পারতেন তাহলে ভারতের অনেক সমস্যারই সমাধান করে ফেলা সম্ভব হত।
ইতিহাসে কুখ্যাত “বর্ধমান ফিভার” বস্তুত দুটি রোগের যুগপৎ আক্রমণে হয়েছিল। ব্রহ্মচারী ইন্ডিয়ান মেডিক্যাল গেজেট-এ প্রকাশিত (সেপ্টেম্বর, ১৯১১) তাঁর গবেষণাপত্র “On the Nature of the Epidemic Fever in Lower Bengal Commonly Known as Burdwan Fever. (1854-75)”-এ দেখিয়েছিলেন – “It is thus evident that there was an epidemic of two diseases during the outbreak of Burdwan fever. The severe cases described by French were mostly cases of malaria (probably malignant tertian fever), while those that constituted the large majority of cases observed by Jackson were cases of Kala-azar.”
১৯২৮ সালে প্রকাশিত তাঁর A Treatise on Kala-azar গ্রন্থে ব্রহ্মচারী জানাচ্ছেন – “কালা-আজার নামটি যদিও বহুল ব্যবহৃত হয়, কিন্তু যথোপযুক্ত নয়। এ নাম দিয়ে বোঝানো হয় যে এক বিশেষ ধরনের জ্বরে ত্বকের রঙ কালো হয়ে যায়। এজন্য অনেকেই মনে করেন একে “কালা-জ্বর” বলা উচিত।” অঞ্চলভেদে কতভাবে এর নামের ভিন্নতা ঘটেছে তার ব্যাখ্যা করেন তিনি। ১৮২৪-২৫-এ যশোরে যখন এ রোগের প্রকোপ দেখা যায় তখন একে “জ্বর-বিকার” বলা হত। এরই অন্যান্য নামগুলো হল – “দমদম জ্বর”, “সাহেবদের রোগ”, “সরকারি অসুখ”, “কালা-দুঃখ”, “কালা-হাজার” “আসাম ফিভার”, ponos (Greece), semieh (Sudan), malattia de menssa (Sicily) ইত্যাদি। এসব থেকে কালাজ্বরের পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ার একটা আন্দাজ পাওয়া যায়। জলপাইগুড়িতে একে বলা হত “পুষ্করা” আর আসামের মানুষ একে বলতো “সাহেবদের রোগ”।
যাহোক, আসামের সুবিস্তীর্ণ এলাকা জুড়ে চা বাগান তৈরি হল, “সাহেবদের রোগ” ছড়িয়ে পড়তে শুরু করলো স্থানীয় অধিবাসী এবং চা বাগানের কুলি তথা শ্রমিকদের মাঝে। গ্রামকে গ্রাম উজাড় হয়ে যেতে লাগলো এই ব্ল্যাক ডেথ বা কৃষ্ণ মৃত্যুর থাবায়। তখন আড়কাঠিদের দিয়ে ছোটনাগপুর অঞ্চলে থেকে দরিদ্র, ভুখা মানুষদের নিয়ে আসা হল চা বাগানের কুলি হিসেবে। চা বাগান তৈরির মধ্য দিয়ে আগেই আসাম এবং গারো পার্বত্য অঞ্চলের টোপোগ্রাফি পরিবর্তিত হয়েছিল। এবার নতুন করে ডেমোগ্রাফির পরিবর্তন শুরু হল। আরেকটা পরিবর্তন হল – আসামের মানুষের মাঝে চা পানের অভ্যেস তৈরি করে দেওয়া হল। পরিবর্তন হল পানাভ্যাসেরও। ৩,৫০,০০০-এর বেশি মানুষ এ রোগে মারা গিয়েছিল। আবার কোন কোন হিসেবে এ সংখ্যা ২৫ লক্ষও হতে পারে। এ রোগে সেসময়ে মৃত্যুহার ছিল ৯০%।
উপনিবেশিক এবং সাম্রাজ্যবাদী পুঁজি এক গভীর সংকটের মুখে পড়লো – মানুষ তথা চা বাগানের কুলিদের মৃত্যু আটকানো না গেলে চা উৎপাদন হবেনা, মুনাফায় ঘাটতি পড়বে। আবার বিজ্ঞানীদের কাছে দুটি প্রশ্ন এলো – (১) এ রোগ কিভাবে হয়? বাহক কে? (২) মৃত্যুকে প্রতিরোধ করা যাবে কিভাবে।
মেরি গিবসন তাঁর “The Identification of Kala-azar and the Discovery of Leishmania Donovani” গবেষণাপত্রে জানাচ্ছেন – “In the years following 1858, when the British government formally assumed power over the whole of British India, the government of Bengal became concerned by reports of an epidemic of quinine-resistant fever occurring in the district of Burdwan in Lower Bengal. The mortality was so great that the population, the productivity of the land, and consequently the government revenue were greatly diminished.” (Medical History 1983, 27: 203)
এক অদ্ভুত সমাপতন ঘটলো – সাম্রাজ্যবাদ চায় মুনাফার জন্য কুলিদের বাঁচিয়ে রাখতে, এবং বিজ্ঞান চায় একটি মানুষেরও যেন মৃত্যু না ঘটে। বিজ্ঞান ও বিজ্ঞানী সে লক্ষ্যে তাদের সমস্ত শ্রম ঢেলে দেন। উপনিবেশিক শাসকেরা তার সুফলটুকুর পূর্ণ সদ্ব্যবহার করে। এটা বিজ্ঞানের ট্র্যাজেডি। শুধু তাই নয় একটি “মেডিক্যাল-স্টেট-পলিটিক্স কমপ্লেক্স” গড়ে ওঠে। রাজনীতি এবং রাষ্ট্রনীতির যূপকাষ্ঠে চিকিৎসক এবং বিজ্ঞানীরা বলি প্রদত্ত হন।
তাঁর নাম দুবার – ১৯২৯ এবং ১৯৪৬ – নোবেলের তালিকায় নমিনেশন পাওয়া সত্ত্বেও কেন নোবেল পুরষ্কার পেলেননা। এটা জেনে রাখা ভালো ইন্ডিয়া রিসার্চ ফান্ড থেকে অনুদান পাওয়ার দরুণ তার আবিষ্কৃত ইউরিয়া স্টিবামিনের বাজারে আসা সহজ হয়েছিল। কিন্তু ক্যাম্পবেল মেডিক্যাল স্কুলের (বর্তমানের নীলরতন সরকার মেডিক্যাল কলেজ) যে ঘরে এই অসম্ভব গবেষণাকর্মটি করেছেন সেটা আয়তনে জেলের একটা সেলের সাইজের বেশি কিছু ছিলনা। তাঁর নিজের কথায় – “I recall with joy that memorable night in the Calcutta Campbell Hospital at Sealdah, where after a very hard day’s work I found at about 10 o’clock that the results of my experiments were up to my expectations. But I didn’t know then that providence had put into my hands a wondrous thing and that this little thing would save the lives of millions of my fellowmen. I shall never forget that room where Urea Stibamine was discovered. The room where I had to labour for months without a gas point or a water tap and where I had to remain contented with an old kerosene lamp for my work at night. To me it will ever remain a place of pilgrimage where the first light of Urea Stibamine dawned upon my mind.” তাঁর গবেষণাকক্ষে কোন গ্যাসের সংযোগ ছিলনা, ছিলনা বিদ্যুৎ সংযোগ, এমনকি ট্যাপ ওয়াটারের সরবরাহও নয়। একটি পুরনো কেরোসিনের ল্যাম্প জ্বালিয়ে রাত্রিবেলা কাজ করতেন আবিষ্কারের অদম্য আকাঙ্খায়।
(যে ঘরে গবেষণা করতেন)
(যে যন্ত্র দিয়ে রোগীদের দেহে ইউরিয়া স্টিবামিন ইঞ্জেকশন দিতেন)
এক অনন্যসাধারণ মেধার অধিকারী এই মানুষটির গ্র্যাজুয়েশন ১৮৯৩ সালে হুগলি মহসিন কলেজ থেকে – অংক এবং কেমিস্ট্রি নিয়ে ডাবল অনার্স, Thysetes মেডেল পান। এরপরে ১৮৯৪ সালে প্রেসিডেন্সি কলেজ থেকে কেমিস্ট্রিতে এমএ পাশ, সাথে গ্রিফিথ মেমোরিয়াল প্রাইজ। একই সময়ে মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছিলেন। এলএমএস ডিগ্রি পান ১৮৯৯ সালে। ১৯০০ সালে এমবি ডিগ্রি – মেডিসিন এবং সার্জারি দুটিতেই প্রথম হয়ে গুডিভ এবং ম্যাকলিওডস মেডেল পান। ১৯০২ সালে এমডি পাশ করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। এরপরে ১৯০৪ সালে পিএইচডি অর্জন। বিষয় ছিল “Studies on Haemolysis”। তাঁর পিএইচডির থিসিসের সংক্ষিপ্ত এবং উন্নত চেহারার নতুন গবেষণাপত্র প্রকাশিত হয় বায়োকেমিক্যাল জার্নাল-এ ১৯০৯ সালে “Some Observations on the Haemolysis of Blood by Hyposmotic and Hyperosmotic Solutions of Sodium Chloride” শিরোনামে। এছাড়াও ক্যালকাটা স্কুল অফ ট্রপিকাল মেডিসিন অ্যান্ড হাইজিন থেকে Mente মেডেল এবং এশিয়াটিক সোসাইটির উইলিয়াম জোন্স মেডেল লাভ করেন।
পরবর্তী সময়ে প্রায় সম্পূর্ণ জীবন কেটেছে গবেষণার নির্ভুল লক্ষ্যে। প্রায় ১৫০টি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে নেচার, ল্যান্সেট, ব্রিটিশ মেডিক্যাল জার্নাল, বায়োকেমিক্যাল জার্নাল, ইন্ডিয়ান জার্নাল অফ মেডিক্যাল রিসার্চ বা ইন্ডিয়ান মেডিক্যাল গেজেট-এর মতো জার্নালগুলোতে।
মিশন ইউরিয়া স্টিবামিন
ব্রহ্মচারীর মাথায় আসে আর্সেনিক এবং অ্যান্টিমনি পর্যায় সারণীতে একই গ্রুপে রয়েছে। এবং দুটি মৌলের ক্ষেত্রে রাসায়নিক ও বায়োলজিক্যাল চরিত্রে অনেক মিল আছে। তিনি এবার অ্যান্টিমনি দিয়ে পরীক্ষা শুরু করলেন। প্রথমে পাউডার তৈরি করে, পরবর্তীতে অ্যান্টিমনির কোলয়ডিয় (colloidal) দ্রবণ তৈরি করে। সফল হলেন। তাঁর গবেষণাপত্র প্রকাশিত হল ল্যান্সেট পত্রিকায় (অক্টোবর ২১, ১৯১৬) “The Preparation of Stable Colloidal Antimony” শিরোনামে। তিনি জানালেন – “The remarkable trypanocidal properties possessed by antimony, its specific action against the Leishmania, and the fact that in the colloids generally the ratio dosis curativa : dosis tolerata is very low, make it desirable to prepare a stable solution of colloidal antimony.” তাঁর শেষ কথা ছিল – “The colloid obtained in this way seems to be a very stable substance, and in this respect differs from the Svedberg’s colloid. The therapeutic use of the colloidal metallic antimony has already been described n the Indian Medical Gazette (May, 1916) Further observations on the use of this drug in the same disease have shown similar beneficial results.” শেষ বাক্যটি খেয়াল করলে বুঝবো যে আজকের যুগের ফেজ ১ ট্রায়ালের ছায়া তাঁর পরীক্ষায় ধরা আছে। এই গবেষণার কাজে সাহায্যের জন্য ১৯১৯ সালে ইন্ডিয়ান রিসার্চ ফান্ড আর্থিক অনুদান পেয়েছিলেন।
এরপরে তাঁর গুরুত্বপূর্ণ গবেষণাপত্র প্রকাশিত হল ইন্ডিয়ান জার্নাল অফ মেডিক্যাল রিসার্চ-এ ১৯২২ সালে “Chemotherapy of Antominal Compounds in Kala-azar Infection” শিরোনামে। এখানে প্রতিটি যৌগের পরীক্ষালব্ধ ফলাফল নিখুঁতভাবে লিপিবদ্ধ করলেন। দেখালেন ইউরিয়া স্টিবামিন (carbostibamide) সবচেয়ে কার্যকরী, ফলদায়ক এবং কম সময় লাগে চিকিৎসার ক্ষেত্রে। ১৯৮৬ সালে Revista da Sociedade Brasileira de Medicina Tropical জার্নালে ফিলিপ মার্সডেন “The Discovery of Urea Stibamine” (এপ্রিল-জুন, ১৯৮৬) শিরোনামে একটি প্রবন্ধ লেখেন। সেখান থেকে উদ্ধৃতি ব্রহ্মচারীর কাজকে চুম্বকে ধরতে সাহায্য করবে – “He first synthesised several new inorganic antimonials and achieved some treatment success with colloidal metallic antimony which was taken up by the reticulo endothelial system.”
এবার এই ওষুধের ব্যাপক প্রয়োগ শুরু হল আসামে – চা বাগানে, গ্রামে-গঞ্জে, লোকালয়ে এবং অন্যত্র। ব্রিটিশ মেডিক্যাল জার্নাল-এ (৪ মে, ১৯২৯) “Preventive Medicine in Assam” শিরোনামের প্রতিবেদনে বলা হল – “In June, 1927, universal or mass treatment of all kalaazar patients with urea stibamine was inistituted consequient on a marked reduction having been effected in the cost of this preparation; previouisly only 10 per cent. of the patients had been so treated, the remainder having received the less effective sodiumin antimony tartrate. The change of treatment resulted at once in a most gratifying increase of cures and a more regular attendance of patients at treatinent centres.”
এরসাথে মাথায় রাখতে হবে ইউরিয়া স্টিবামিন ব্যবহারের আগে যেখানে মৃত্যুহার প্রায় ৯০% ছিল, এ ওষুধ ব্যবহারের পরে তা বদলে গিয়ে সুস্থতার হার ৯০% হয়। আসামে কিভাবে মৃত্যুহার কমেছিল সেটা নীচের গ্রাফ থেকে বোঝা যাবে।
ব্রহ্মচারির বৈষয়িক লোভ না থাকার জন্য ওষুধটির পেটেন্ট না নেবার কারণে ওষুধটি বাজার থেকে হারিয়ে গেল। এখন আর এ ওষুধ তৈরি হয়না। শুধুমাত্র ওষুধ হারালো না হারিয়ে গেল জ্ঞানের জগতের একটি অনন্য শাখাও। অথচ এখনও ২০১৭ সালের হিসেব অনুযায়ী কালাজ্বর “neglected tropical diseases”-এর মধ্যে ২য় প্রাণঘাতী রোগ। ৭০টি দেশের ২ কোটি মানুষ এ রোগে আক্রান্ত। ল্যান্সেট-এ ২০১৮ সালের একটি প্রতিবেদন থেকে জানা যাচ্ছে – “An estimated 0·7–1 million new cases of leishmaniasis per year are reported from nearly 100 endemic countries.” (“Leishmaniasis”, আগস্ট ১৭, ২০১৮) PLoS Tropical Neglected Disease-এ প্রকাশিত পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে যে ৯৮টি দেশের ৩৫ কোটি মানুষ এ রোগে আক্রান্ত হবার ঝুঁকির মধ্যে আছে। (“Prevalence of Leishmania infection in three communities of Oti Region, Ghana”, ২৭ মে, ২০২১) আরেকটি রিপোর্ট থেকে জানা যাচ্ছে ভারতে প্রায় ৭০,০০০ মানুষ প্রতিবছর এ রোগে আক্রান্ত হয়।
ব্রহ্মচারীর গবেষণা ১৯২৩ থেকে ১৯৪৫ পর্যন্ত কয়েক লক্ষ মানুষের জীবন রক্ষা করেছিল। বিজ্ঞানের জগতে এ এক পরম প্রাপ্তি। আমরা যদি এর পাশে কিডনি প্রতিস্থাপনের জন্য ১৯৯০ সালে নোবেলজয়ী জোসেফ মারের কথা স্মরণ করি তাহলে আরেকটু বোধগম্য হবে বিষয়টি। ডাক্তার জোসেফ মারে কোন তাত্ত্বিক কাজ করেননি। ১৯৫৪ সালে পৃথিবীতে প্রথম সফল কিডনি প্রতিস্থাপন করেছিলেন। কয়েক কোটি মানুষের জীবন বেঁচেছে। সমধর্মী কাজ ব্রহ্মচারী করেও নোবেল থেকে বঞ্চিত। ১৯৪৬ সালেও ব্রহ্মচারী নমিনেশন পেয়েছিলেন। কিন্তু নোবেল জয় হয়নি।
তাঁর জন্মের ১৫০ বছর পরে আমার মতো একজন সাধারণ নগণ্য চিকিৎসকের এই হল সামান্য শ্রদ্ধার্ঘ – একজন অসামান্য আবিষ্কারককে সম্পূর্ণ বিস্মরণে হারিয়ে যাওয়া থেকে বাঁচানোর ক্ষুদ্র প্রয়াস।
শম্ভুনাথ দে
“The year 2009 heralded the 50th anniversary of the discovery of cholera toxin by De, and 128 years have elapsed since the first isolation of pure cultures of the comma bacillus by Koch. Despite the great wealth of knowledge accrued on V. cholerae over the past 128 years, including the sequencing of the entire genome of 24 isolates of V. cholerae, the problem of cholera continues unabated in many parts of the world … We would need De’s pragmatic wisdom to solve the problem of cholera. Is there a simple solution?” (G Balakrish Nair & Jai P Narain, “From endotoxin to exotoxin: De’s rich legacy to cholera,” Bull World Health Organ 2010 (88): 237–240। এঁদের এই প্রবন্ধটি WHO-র বিবেচনায় Public Health Classics গোত্রে নির্বাচিত।)
আমার জ্ঞানত শম্ভুনাথের প্রথম গুরুত্ববাহী গবেষণাপত্র প্রকাশিত হয় ল্যান্সেট-এ “Intravascular haemolysis in cholera: the effect of oxyteracycline” শিরোনামে (এপ্রিল ১৭, ১৯৫৪, পৃঃ ৮০৭-৮০৯)। তিনি জানান – “Oxytetracycline seems to prevent a rise of the serum-bilirubin level to a peak on the second day … The incidence and the effects of these haemolytic phenomena should be studied in a larger number of cholera cases. on the second day.”
এক দশকেরও বেশি আগে এক গবেষণাপত্রে দু’জন গবেষক তাঁদের গবেষণাপত্রে পরিষ্কারভাবে শম্ভুনাথের গবেষণার যুগান্তকারী গুরুত্বের কথা অল্পকথায় জানান –
“De’s method to understand the pathogenesis of cholera was distinctly different from all previous approaches. At that time, researchers believed that the pathogenesis of cholera was related to endotoxin and therefore used a multiplicity of methods and routes to replicate the disease which included introducing cholera stools into a variety of animals with little success … Not only was De able to replicate the disease with the causative organism introduced in the ileal loops of the rabbit but also was able to replicate the disease with bacteria-free culture filtrate of V. cholerae clearly showing that the exotoxin nature of cholera toxin. He also went on to perform experiments which led to the birth of the concept of enterotoxin producing Escherichia coli which today is firmly entrenched as enterotoxigenic E. coli.”[1]
শম্ভুনাথের আবিষ্কৃত কলেরা টক্সিন কলেরা গবেষণার ক্ষেত্রে এক নতুন পথের সূচনা করেছিল – এক ‘প্যারাডাইম’ উন্মোচিত করেছিল বলা যায়। ইংল্যান্ডে তাঁর গবেষণাকর্মকে আরও পরিশীলিত এবং আন্তর্জাতিক মহলে প্রতিষ্ঠার জন্য তিনি একান্ত সুহৃদ এবং উৎসাহদাতা হিসেবে পেয়েছিলেন স্যার রয় ক্যামেরনকে। ১৯৬৬ সালে ক্যামেরনের মৃত্যু শম্ভুনাথের ক্ষেত্রে একটি বড়ো ক্ষতি। ক্যামেরন রয়্যাল কলেজ অফ প্যাথলজি-র প্রতিষ্ঠাতা ছিলেন। তাঁর ছাত্র শম্ভুনাথ দে সম্পর্কে তাঁর মূল্যায়ন মনে রাখার মতো – “There is no doubt about it – he is one of the most outstanding of young men I have had through my hands and am prepared to believe that he is probably the best of the experimental pathologists in India… I am confirmed in my belief by other people’s opinion”[2]।
শম্ভুনাথ দে-র কাজের গুরুত্ব কি ছিল? তাঁর গবেষণা দেখিয়েছিল –
(১) কলেরার শরীর থেকে যে “এনটেরোটক্সিন” বেরোয় সেটা অন্ত্রের গায়ে যে আচ্ছাদন (মিউকোসা) থাকে তাকে ক্ষতিগ্রস্ত না করে “intestinal permeability” বাড়িয়ে দেয় এবং অন্ত্রের নড়াচড়া (“intestinal motility”) পরিবর্তিত করে,
(২) একটি প্রদাহ (“inflammatory response”) তৈরি করে।
জনস্বাস্থ্যের ক্ষেত্রে কলেরা মানুষের অন্ত্রে ঠিক কিভাবে কাজ করে এ ধরণা রূপান্তরিত হবার ফলে “ওরাল রিহাইড্রেশনে থেরাপি”র – সঠিক অনুপাতে নুন-চিনির জলের মিশ্রণ ব্যবহার করা – রাস্তা প্রশস্ত করে দিল। ১৯৬০-পরবর্তী এই সহজ এবং সামান্য খরচের এই চিকিৎসার ফলে কোটি কোটি মানুষের প্রাণ বেঁচে গেল। জনস্বাস্থ্যের জগতে একে এক বিপ্লব বলা যায়। বাংলায় তথা ভারতে এই বিপ্লবের পুরোধা পুরুষ দিলীপ মহলানবিশ – সময়টা ১৯৭১-এর বাংলাদেশের মুক্তিসংগ্রামের ফলশ্রুতিতে কয়েক লক্ষ ছিন্নমূল মানুষের রিফিউজি ক্যাম্পে আশ্রয় নেওয়া এবং দাবানলের মতো কলেরা ছড়িয়ে পড়া। 
একজন আন্তর্জাতিকভাবে খ্যাতনামা ইনফর্মেশন সায়েন্টিস্ট ইউজিন গারফিল্ড তাঁর “Mapping Cholera Research and the Impact of Sambhu Nath De of Calcutta” গবেষণাপত্রে (Current Comments, Number 14, April 1986) জানিয়েছিলেন – “De and colleagues also published highly cited pioneering studies on V. cholerae action on the intestinal membrane. The 1953 paper “An experimental study of the mechanism of action of Vibrio cholerae on the intestinal mucous membrane” is De’s most-cited paper, cited 340 times since its publication. De passed away just before we wrote to ask him for a Citation Classic@ commentary.” ২০২৪ সালের সর্বশেষ তথ্য অনুযায়ী তাঁর এই গবেষণাপত্র ৭৬২ বার ‘সাইটেড’ হয়েছে।
রবার্ট কখ যেখানে থেমেছিলেন (কলেরার জীবাণুর আবিষ্কার) সে প্রস্থানবিন্দু থেকে শম্ভুনাথ দে-র যাত্রা শুরু – কখের পরবর্তী ধাপে আবিষ্কারের পথে এগিয়েছেন তিনি। সাম্প্রতিক সময়ে একটি গবেষণা পত্রে শম্ভুনাথের সাফল্য এবং এর অর্জনকে এভাবে বলা হয়েছে – “Nevertheless, despite being often nominated for the Nobel Prize, the physician Sambhu Nath De (1915-1985) did not win the honors. However, his contributions were later acknowledged internationally, including nominations for the Nobel Prize. After some time, De’s discovery of a diarrheagenic exotoxin served as the basis for contemporary cholera research, immunization, and therapy. In addition, a scientific breakthrough led to V. cholerae being recognized as the enteric pathogen with the most comprehensive understanding at the molecular level.”[3]
১৯৫৩ সালের অক্টোবর সংখ্যায় Journal of Pathology and Bacteriology-তে প্রকাশিত তাঁর পেপার “An experimental study of the mechanism of action of V. cholerae on the intestinal mucous membrane”-এ দেখালেন যে জীবাণুর শরীর থেকে নিঃসৃত এক্সোটক্সিন কলেরা রোগীর ডায়ারিয়ার কারণ। তাঁর এই গবেষণাপত্রে তিনি বিস্তৃতভাবে ব্যাখ্যা করেছিলেন কিভাবে খরগোশের অন্ত্রের ওপরে তাঁর পরীক্ষা করেছিলেন। ৩০ মে, ১৯৫৯-এ নেচার-এ তাঁর “Enterotoxicity of Bacteria-free Culture-filtrate of Vibrio cholerae” প্রকাশিত হয়।
WHO-র বুলেটিনে (Bull World Health Organ 2010; 88: 237–240) ক্ল্যাসিক পেপার (“From endotoxin to exotoxin: De’s rich legacy to cholera”) হিসেবে তাঁর কাজ গৃহীত হয়। এই পেপারের পরিচিতি হিসেবে বলা হয় – “Between 1951 and 1959, Sambhu Nath De made crucial discoveries on the pathogenesis of cholera that changed the course of our understanding of the disease”। যদিও নোবেল প্রাইজ তাঁর কাছে অধরাই থাকে।
রেজোনেন্স জার্নাল-এ প্রকাশিত অন্য একটি প্রবন্ধে (“Life and Work of Sambhu Nath De”, অক্টোবর, ২০১২) দু’জন গবেষক দেখিয়েছেন – “De began his studies on the remarkable pathological changes in the kidneys in cholera cases which showed renal shunt mechanism in operation – a feature of many other toxic conditions. He published a number of papers on this topic between 1950 and 1955.”
শম্ভুনাথের আবিষ্কারের পরবর্তীতে বিখ্যাত জীববিজ্ঞানী John P. Craig-এর নেচার-এ প্রকাশিত পেপার “A Permeability Factor (Toxin) Found in Cholera Stools and Culture Filtrates and its Neutralization by Convalescent Cholera Sera”। (Nature, August 7, 1965, (207): 614–616) লেখাটি ২০২৪ সাল অব্দি ৩৮০ বার ‘সাইটেড’ হয়েছে। এখানে তিনি শম্ভুনাথের পরীক্ষার এবং আবিষ্কারের কথা উল্লেখ করেন।
আরেকটি গুরুত্বপূর্ণ গবেষণাপত্র হল, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জীববিজ্ঞানী এবং জৈবরসায়নবিদ Robert A. Hall-এর শম্ভুনাথকে নিয়ে লেখা “A De in the life of cholera” (Indian Journal of Medical Research, Feb. 2011, 133 (2): 145-152)। রবার্ট হল কলেরা-সংক্রান্ত প্রাক-শম্ভুনাথ যুগের সাথে শম্ভুনাথ-উত্তর গবেষণার ধারার পার্থক্য করেছেন – “By the 1930s, the received wisdom invoked the action of an endotoxin in cholera, and not an exotoxin. In the 1950s the mucinase hypothesis was in fashion.” (পৃঃ ১৪৮)
রবার্ট কখের হাতে কলেরার জীবানুর আবিষ্কার হয়েছিল ১৮৮৪ সালে। ঠিক ৭৫ বছর পরে ১৯৫৯ সালে শম্ভুনাথের হাতে আবিষ্কৃত হল কলেরার জীবানুর রাসায়নিক চরিত্র – এক্সোটক্সিন।
নোবেলজয়ী বিজ্ঞানী জোশুয়া লেডারবার্গ শম্ভুনাথের নাম নোবেল কমিটিতে সুপারিশ করেছিলেন। কিন্তু প্রত্যাখ্যাত হয়। লেডারবার্গ শম্ভুনাথের উদ্ভাবনী ক্ষমতাকে দেখেছিলেন “iconoclastic creativity, experimental skill, and observational mastery” হিসেবে। কারেন্ট সায়ান্স পত্রিকা ১৯৯০ সালে (ভল্যুম ৫৯, ১৩-১৪ সংখ্যা, ২৫ জুলাই, ১৯৯০) শম্ভুনাথকে নিয়ে যে বিশেষ সংখ্যা প্রকাশ করে (পরে Supplement to Current Science নামে বই হিসেবে প্রকাশিত হয়) সেখানে লেডারবার্গের প্রবন্ধটির শিরোনামই শম্ভুনাথের গবেষণার গুরুত্ব বোঝানোর পক্ষে যথেষ্ট – “S. N. De – Regicide of Reigning Dogma” (পৃঃ ৬২৮-৬২৯)। তাঁর প্রবন্ধের শেষে লেডারবার্গ প্রশ্ন রেখেছিলেন – “Can we but still find a still deeper theoretical foundation for logical argument and expression in our arena of research?” (পৃঃ ৬২৯) শম্ভুনাথের প্রতি শ্রদ্ধা নিয়ে বায়োলজিক্যাল সায়ান্সে গবেষণার অগ্রগতির লক্ষ্যে কথাগুলো বলেছিলেন লেডারবার্গ।
১৯৮৩ সালে প্রকাশিত (২০১৮ সালে পুনঃপ্রকাশিত) W. E. van Heyningen এবং John R. Seal-এর লেখা সুবিখ্যাত গ্রন্থ CHOLERA: The American Scientific Experience, 1947-1980–তে শম্ভুনাথ সম্পর্কে মন্তব্য করা হয়েছে – “in 1959, S. N. De of Calcutta very clearly demonstrated the existence in cholera culture filtrates of an exotoxin that mimicked the symptom of cholera that was responsible for all the ill effects of the disease, namely, the outpouring of fluid into the gut. In other words, cholera, like diphtheria and tetanus, was an exotoxinosis. But the significance of De’s discovery was not immediately grasped, and his historical paper went unnoticed for some years, even,
apparently, in the PSCRL (Patient Security Category Review List).” (পৃঃ ১৬৯)
৩১ মে, ১৯৭৭ সালে W. E. van Heyningen (তিনি তখন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্যার উইল্যাম ডান স্কুল অফ প্যাথোলজির রিডার) শম্ভুনাথকে একটি চিঠি লেখেন। এতে তিনি উল্লেখ করেন – (১) “I think your work of tremendous significance and most serious researchers on cholera throughout the world acknowledge this.”, (২) “It is a great honour for me to be in correspondence with you.”
কিন্তু ততদিনে শম্ভুনাথের জীবন তিয়াষার ফল্গুধারা শুকিয়ে গেছে। তিনি এই চিঠির উত্তরে লিখলেন – “আমি আপনার নামের সাথে বিলক্ষণ পরিচিত এবং আপনার টক্সিনের ওপরে পেপারগুলো অত্যন্ত আগ্রহ নিয়ে পড়েছি। কিন্তু আমি এখন একটি মুদির দোকান চালাচ্ছি (grocery shop) – অর্থাৎ আমার বাড়িতে একটি ক্লিনিক্যাল ডায়াগনোস্টিক ল্যাবরেটরি চালাচ্ছি। অন্তত এটুকু আমার সান্ত্বনা যে ১৯৭৩ সালে চাকরি থেকে অবসর নেবার পরে আমার বিস্তৃত গবেষণার বিষয় থেকে ফলিত চেহারাটুকু মানুষের জন্য কোন কাজে লাগতে পারছি।” হৃদয়াভ্যন্তরের সমস্ত যন্ত্রণা এ কথাগুলোর মাঝে ঝরে পড়ছে। ২০১৮ সালে এমএসএস মুর্তি তাঁকে নিয়ে বই লিখেছেন – Sambhunath De: the Discovery of Cholera Toxin।
১৯৫৯ সালে তাঁর নোবেল প্রাইজ পাওয়ার যোগ্য আবিষ্কারের বহুদিন পরে আন্তর্জাতিক জগতে তিনি অবশেষে স্বীকৃতি পান। ১৯৭৮ সালে নোবেল সিম্পোসিয়ামে বিশেষ লেকচার দেবার জন্য আমন্ত্রিত হন তিনি। এখানেও উল্লেখ করা দরকার যে নোবেল সিম্পোসিয়ামের তরফে পাঠানো প্রথম চিঠি তাঁর কাছে পৌঁছয়নি। (অমিতাভ সেন এবং জলধিকুমার সরকার, “Life and Work of Sambhu Nath De”, Resonance, অক্টোবর ২০১২, পৃঃ ৯৫১)
নোবেল সিম্পোসিয়ামে (Nobel Symposium on Cholera and Related Diarrhoeas) তাঁর অভিভাষণের শুরুতে শম্ভুনাথ বলেছিলেন – “When discoveries are published in scientific literature, they are presented in a form which does not tell us very much about how things really happened.” (কারেন্ট সায়ান্স, প্রাগুক্ত, পৃঃ ৬৯২)
পরম যন্ত্রণা নিয়ে সে লেকচারের শেষে তিনি বললেন – “সভাপতি এবং বন্ধুবর্গ, শেষ করার আগে, আমি কয়েকটি ব্যক্তিগত মন্তব্য করতে চাই। ১৯৬০-এর দশকের গোড়া থেকে আমি মৃত অবস্থায় ছিলাম। Nobel Symposium Committee আমাকে আবার কবর থেকে খুঁড়ে তুলেছে এবং আপনাদের সান্নিধ্যে এই দু’দিন কাটানোর ফলে আমি অনুভব করছি যে আমি আবার জীবনে ফিরে আসছি।” (প্রাগুক্ত, পৃঃ ৬৯৫)
এই প্রেক্ষিতে বর্তমান প্রবন্ধে আলোচিত এই বিজ্ঞানীর কাজকে পুনরায় বিবেচনা করে দেখতে পারি।
শম্ভুনাথ দের মতো বিজ্ঞানীরা তাঁদের দুঃস্বপ্নেও বিজ্ঞানের মুক্ত চরিত্রের বাইরে অন্য কোন কথা ভাবতে পেরেছেন বলে মনে হয়না। তাঁরা স্বাধীন, মৌলিক এবং উন্মুক্ত পরিসরের বিজ্ঞানচর্চায় বিশ্বাসী ছিলেন।
বাকিটা বিচারের ভার পাঠকের হাতে তোলা রইলো।
______________________________
[1] G. Balakrishn Nair & Yoshifumi Takeda, “Dr. Sambhunath De: Unsung Hero”, Indian Journal of Medical Research, Feb 2011 133 (2): 117.
[2] A Sen and JK Sarkar, “Life and work of Sambhu Nath De,” Current Science (Special Issue on S. N. De and Cholera Enterotoxin), 25 July 1990, 59 (13 & 14): 630–6.
[3] Alisha Handa, Sunil G. Chaudhari, Abhay Gaidhan, “From Pathogen to Toxin: The Revolutionary Work of Dr. Sambhu Nath De in Understanding Cholera”, Cureus 2024, 16 (9): e68414 (p.3).
















