যে যা চেয়েছিল, প্রায় প্রত্যেকেই চাহিদা মতন
সব কিছু পেয়ে গেল… অবিকল…
যারা সিবিআই চায়, পেয়ে গেল।
যে চেয়েছে সুগভীর চন্দ্রচূড়-স্নেহ
সেও পেল যথাযথ সুয়োমোটো নিরাপত্তাটুকু।
প্রমাণ মুছতে চাওয়া রাষ্ট্রীয় মাংসাশীর দল,
যথার্থ পেয়ে গেল সময় ও সুযোগ।
পতাকা প্রচার পেল…
যারা বলল পতাকা বিষাক্ত আর চূড়ান্ত খারাপ…
প্রত্যেকে প্রচার পেল ঘন নেট-যুগে
ব্যারিস্টার ফিজ্ পেলো মিথ্যে সাজাবার
লেখকেরা প্লট পেল
উত্তেজিত গল্প পেলো তন্নিষ্ঠ পাঠক
অজস্র সাবস্ক্রিপশন পেল উদগ্র ইউটিউবার।
শুধু অন্ধকার ঘরে মুখোমুখি বসে থাকা, অভাগা ও অভাগিনী
যা চেয়েছে, কিছুই পেল না।
আর কোনও দিনই তৃষ্ণাদগ্ধ সে দুজন শুনতে পাবে না,
“মা, আজকে বাড়ি ফিরব। বাপী, তুমি ওষুধ খেয়েছ?”
★










