বর্তমান সময়ে চিকিৎসা এবং চিকিৎসকদের জগতে অন্যতম মান্য ও ঐতিহ্যশালী জার্নাল হল নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন (NEJM)। জার্নালটির ইমপ্যাক্ট ফ্যাক্টর ১৭৬.০৭৯। এর গুরুত্ব সহজেই অনুমেয়। ১৮১২ সালের জানুয়ারি মাসে জন কলিনস ওয়ারেন এবং জেমস জ্যাকসনের হাত ধরে শুরু হয় এর পথচলা New England Journal of Medicine and Surgery and Collateral Branches of Science হিসেবে। ১৮২৮ থেকে এ জার্নাল প্রকাশিত হয় The Boston Medical and Surgical Journal হিসেবে। ১০০ বছর অতিক্রম করে ১৯৩৮ সালে এ জার্নালের নাম হয় The New England Journal of Medicine এবং এখনও অব্দি এ নামেই বিশ্বখ্যাত এ জার্নাল। ২০০ বছরের বেশি সময় ধরে বিবর্তিত হয়ে NEJM-এর পথচলা অব্যাহত। যেসময়ে এর পথচলা শুরু সেসময় আমেরিকা এবং ইংল্যান্ডে দাস ব্যবসার রমরমা। বিশেষ করে আমেরিকায় রেড ইন্ডিয়ানদের (বা তথাকথিত ইন্ডিয়ান) থেকে লুণ্ঠিত সুবিস্তীর্ণ অঞ্চল জুড়ে তামাক এবং তুলো চাষের জন্য নিগ্রো দাসদের বেজায় চাহিদা। চিকিৎসার ক্ষেত্রেও “সাদা” এবং “কালা”দের মধ্যেকার প্রভেদ প্রকট হয়ে বিরাজ করছিল। অত্যাচারের কোন সীমানা ছিলনা, বায়োলজি ছিলনা, লিঙ্গভেদ ছিলনা, ছিলনা কোন মানুষী প্রতিক্রিয়া বা সমবেদনা – এ ইতিহাস আমাদের প্রায় সবারই কমবেশি জানা।
ইতিহাসের দিকে ফিরে তাকিয়ে দুটি ঐতিহাসিক ঘটনার কথা স্মরণ করে নিই। প্রথম, ১৮৫২ সালে ২ খণ্ডে প্রকাশিত হ্যারিয়েট বীচার স্টো-র ইতিহাস-কাঁপানো উপন্যাস আঙ্কল টম’স কেবিন।
দ্বিতীয়, ১ জানুয়ারি, ১৮৬৩-তে আমেরিকার ষোড়শ প্রেসিডেন্ট আব্রাহাম লিনকনের তরফে ইস্যু করা বিখ্যাত ঘোষণাপত্র Emancipation Proclamation (Presidential Proclamation #95)। তাঁর ঘোষণাপত্রে বলা হল – এতদিন ধরে যাদেরকে দাস হিসেবে বন্দী করে রাখা হয়েছে তারা “henceforward shall be free.”
মেডিসিন ও দাসব্যবসা-ব্যবস্থার যুগলবন্দী
ধরে নেওয়া হয় মেডিসিনের জগৎ সেকুলার – কোন ধর্ম, বর্ণ, রাজনৈতিক বিশ্বাস বা লিঙ্গবিভাজনের কোন স্থান এখানে। ধরে নেওয়া হয়, এখানে তাত্ত্বিকভাবে উচ্চাবচ কোন ভেদাভেদ নেই। কিন্তু ২০০ বছর আগে (বা এখনও কী এমনটাই ছিল বা আছে। আমাদের এ প্রবন্ধের বিষয় বর্তমান সময় নয়, যদিও প্রাসঙ্গিকভাবে কখনো আসতে পারে। দেখে নেওয়া যাক NEJM-এর শুরুর যুগে কেমন ছিল মেডিসিনের মাঝে সামাজিক বোধ এবং অর্থনৈতিক-রাজনৈতিক ধারণার অনুপ্রবেশের অধ্যায়টি।
ডিসেম্বর ৭, ২০২৩ থেকে এই জার্নাল স্বাধীন ইতিহাসবিদদের দিয়ে জার্নালের অতীত মূল্যায়ন শুরু করেছে। আলোচনার প্রধান ক্ষেত্র হিসেবে বেছে নেওয়া হয়েছে দাসব্যবস্থা এবং ইউজেনিকস।
অতীত ইতিহাসের ধারাবাহিক উন্মোচন ও মূল্যায়নের নান্দীমুখ NEJM-এর সম্পাদকীয়র শিরোনাম “Recognizing Historical Injustices in Medicine and the Journal”।[1] সম্পাদকীয়র শুরুর বাক্যটি – “It is far easier to confront biases in others than in ourselves.” সম্পাদকীয়র মূল সুরটি বাঁধা রয়েছে ২০০ বছর ধরে জার্নালের পাতায় বিভিন্ন মাত্রার এবং চরিত্রের যে পক্ষপতাদুষ্টতা, সামাজিক অন্যায় ও অবিচার হয়েছে, যেভাবে অনৈতিক জাতিগত বৈষম্য ক্রমাগত বিধৃত হয়েছে তার স্বরূপ উদ্ঘাটন বা নিজের কাছে নিজের পাপস্খালন।
এ সম্পাদকীয়তে বলা হল – “Systemic racism persists even among people who ostensibly recognize the underlying biases. Antisemitic acts are on the rise, and centuries-long injustices against Indigenous Americans remain unresolved.”[2] সঙ্গে এটাও স্বীকার করে নেওয়া হয়েছে, এ প্রচেষ্টা অনিবার্যভাবেই অসম্পূর্ণ। আরও অনেক ক্ষুদ্রতর অধ্যায় থেকে যাবে এ আলোচনার বাইরে। বলা হয়েছে – “Medicine in general and the Journal in particular have a mission — to relieve suffering and improve health. The injustice that we have helped disseminate in the past painfully undercuts this goal. We hope that in learning from our mistakes, we can prevent new ones.” এ কথাটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের সামাজিক অভ্যাস এবং বাতাবরণে, প্রতিদিনের নির্মিত সাংস্কৃতিক বোধে আমরা কি এ কথাগুলো স্মরণে রাখতে পারব?
প্রসঙ্গত বলার যে, আব্রাহাম লিঙ্কনের দাসদের মুক্ত করার আন্দোলন যেসময় শুরু হয়নি – যাকে বলা হয় antebellum period – সেসময় থেকেই তথাকথিত উদার এবং দাসপ্রথা উচ্ছেদের পক্ষে থাকা চিকিৎসকদের মধ্যেও বর্ণবৈষম্যের উপাদান মজবুতভাবে ছিল – “Once they graduated, physicians acted as the foot soldiers for racial science and medicine, and they were a part of an emergent managerial class in American life. Faculty at colonial North American and later U.S. medical schools taught that race had a profound impact on medical practice. In his 1798 printed syllabus, MDUP (Medical Department of University of Pennsylvania) professor, abolitionist, and signer of the Declaration of Independence Benjamin Rush included a section for students to take notes on the “peculiar diseases of negroes.” In his lectures in 1809–10, MDUP professor Benjamin Smith Barton told his students that humanity comprised five races or varieties: “Caucasian,” “Mongolians,” “Etheopica,” “Americana,” and “Malaical—or those inhabiting the islands of the South Seas.”[3]
আমেরিকায় মেডিক্যাল স্কুলগুলোর জন্মের প্রথম ১০০ বছরে স্কুলের অধ্যাপক এবং ছাত্ররা “created a structural relationship between medical education and the dissemination of racial science.”[4] লেখক জানাচ্ছেন, অ্যানাটমির ক্ষেত্রে “Giving racial essentialism a greater veneer of legitimacy, faculty provided students opportunities to gain direct experience in manipulating and analyzing Black people’s bodies.”[5]
অধিকন্তু, দাসব্যবস্থা্র আইন এবং সংবিধানগত অবসান হলেও “Even before slavery was abolished, medical racial theories were connected to and being applied to other social and political issues, ensuring that these ideas’ utility would outlive the slave system.”[6]
এসময় দিয়েই ছাত্রদের মধ্যে প্রচুরসংখ্যক মেডিক্যাল জার্নালে নিজেদের লেখা প্রকাশ করার ক্রমবর্ধমান প্রবণতা দেখা যায় – “Medical periodicals not only grew in number, but they also acted as a forum to debate the medical and biological meanings of race.”[7]
আরেক গবেষক দেখিয়েছেন, antebellum period-এও যথেষ্টসংখ্যক “মুক্ত নিগ্রো” ছিল। মৃত্যুর পরে এদের কবর দেবার জন্য আলাদা Negro Burying Ground ছিল। মেডিক্যাল ছাত্ররা প্রথমদিকে এদের দেহ কবর থেকে তুলে ডিসেকশনের কাজে ব্যবহার করত। পরবর্তীতে এদের মৃতদেহ সংগ্রহের উন্মত্ততা সাদাদের কবরস্থানেও পৌঁছয়। তখন প্রশাসন নড়েচড়ে বসে।[8]
(নিগ্রোদের নিলামে কেনাবেচার ঘর)
মেডিসিনের সাথে দাসব্যবস্থার পারস্পরিক সম্পর্ক নিয়ে বলতে গিয়ে পূর্বোক্ত নিউ ইংল্যান্ড জার্নাল-এ লেখা হচ্ছে – “Slavery remained legal in the United States until 1863 and shaped every aspect of American life, medicine included. The word “slavery” first appeared in the Journal in 1813, in a tribute to Benjamin Rush that highlighted his writings opposing slavery.”[9] এখানে উল্লেখযোগ্য, সেসময়ে যারা জার্নালটির কর্ণধার কিংবা নিয়মিত লেখক ছিলেন তারা সবাই হয় দাসদের মালিক ছিলেন অথবা এই ব্যবস্থা থেকে আর্থিক মুনাফা পেতেন – “The Journal, like the New England economy, was thus bound to slavery.”[10]
এখানে উল্লেখ করার মতো তথ্য হল, দাসব্যবসা এবং মেডিসিনের যেমন গভীর সংযোগ ছিল, তেমনি দাসব্যবস্থার সাথে পুঁজিবাদের বিকাশের প্রশ্নও জড়িয়ে ছিল। এ বিষয়ে মনোজ্ঞ আলোচনার জন্য দ্রষ্টব্য – এরিক উইলিয়াম, Capitalism and Slave Trade, Penguine UK, 2022।
ল্যান্সেট-এর সম্পাদক রিচার্ড হর্টন জানিয়েছেন – “কলোনিয়ালিজম নির্ভর করত উপনিবেশকারীদের থেকে উপনিবেশিতের কাছে দাসদের সরবরাহ চালু রাখার ব্যবস্থাটি সচল রাখার ওপরে। যেহেতু মূল উপনিবেশকারী দেশ কলোনিগুলোর লুণ্ঠন থেকে বিপুল মুনাফা করত, ফলে শেষের দিকে ক্রীতদাসদের সংখ্যায় টান পড়ে। মানবসম্পদ উৎপাদনের জন্য একটি বিকল্প ব্যবস্থা তৈরি করার প্রয়োজন পড়ল। ত্রিমুখী বানিজ্য ছিল এর উত্তর। ব্রিটেন থেকে আফ্রিকায় শিল্পোৎপাদিত পণ্য রপ্তানি করা হত, যেখানে এর বিনিময়ে প্রচুর মুনাফা পাবার জন্য দাসদের আনা হত। এই দাসদের ওয়েস্ট ইন্ডিজে নিয়ে যাওয়া হত – প্রত্যেকের জন্য কফিনের চেয়েও ছোট একটি ঘর বরাদ্দ করা হত। দাস “অবমানুষ”দের বিনিময়ে কাঁচা মাল, যেমন চিনি, তামাক এবং তুলো থেকে বিপুল মুনাফা হত। এ কাঁচামালের সম্ভার ব্রিটেনে ফিরে আস্ত এবং বাণিজ্যের এ চক্রটি চলতে থাকত। আমেরিকান বিপ্লব বাণিজ্যের এই ত্রিমুখী চক্রটিকে ভেঙ্গে দিল। এবং ব্রিটেন এর নজর সরালো ওয়েস্ট ইন্ডিজ থেকে ভারতের দিকে। এসময় দিয়ে দাসব্যবসা আর অলাভজনক হয়ে উঠল।”[11]
যেহেতু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ইন্ডাস্ট্রিয়াল পুঁজির পক্ষে এ ব্যবসা অলাভজনক হয়ে উঠল এ কারণে এর অবসানও পুঁজির জন্যই প্রয়োজনীয় ছিল। মানবিক তাগিদ এক্ষেত্রে নিতান্তই গৌণ ছিল।
দাস তথা নিগ্রো মহিলাদের সন্তানধারণ ক্ষমতা এবং স্ত্রীরোগ নিয়েও অতি অবজ্ঞাপূর্ণ লেখা প্রকাশিত হয়েছে জার্নালের পাতায়। ১৮৫১ সালের একটি লেখায় দেখা যায় ৩০ বছর বয়সী এক নিগ্রো দাস রমণীর গর্ভাশয়ে জল জমেছে (“ovarian dropsy”) এবং তার কখনও সন্তান হয়নি। তার যৌন জীবনের অমিতচারিতা (নাকি “সাদা”দের যৌন খিদে অন্তহীনভাবে মিটিয়ে যাওয়া?) নিয়ে অশীলিত মন্তব্যের পরে যুক্ত করা হয় – ডাক্তার সফলভাবে কয়েক লিটার ফ্লুইড (তরল পদার্থ) বের করে দেবার পরে সে আবার ফিরে যায় “to her ordinary labor on the plantation.”[12]
আরেকজন পুরুষ নিগ্রো দাসের শুক্রাশয়ে টিবি হয়েছিল। ১৮৫৭ সালে ক্লোরোফর্মের সাহায্যে অ্যানেস্থেসিয়া করে এর শুক্রাশয় এবং অণ্ডকোষ দুটোই বাদ দিয়ে দেওয়া হয়। এদেরকে নিতান্ত অবজ্ঞাভরে জাতিগত বৈষম্যসূচক অভিধায় মেডিসিনের জার্নালের পাতায় অভিহিত করা হত – “The medical literature, in turn, normalized and often justified racism.”[13]
দাসদের মাথায় যে ঘিলু কম এবং এজন্য এদের মাঝে পাগলামোও কম দেখা যায় এ সংক্রান্ত বহু লেখা প্রকাশিত হয়েছে। এ কথাও নামী চিকিৎসকের লেখায় লেখা হয়েছে – “It is impossible for 83 cubic inches of cerebral matter, fed by negro blood, to compete with 92 of educated, Teutonic brain. It is not the province of the anatomist to decide what should be done; but it is safe to assume, that any being, however degraded, if he possesses reason and conscience, should also possess the liberty to use them for his own welfare.”[14]
একজন মেডিক্যাল ট্রাভেলারের বর্ণনায় পাচ্ছি যে নিউ ইয়র্কের এই চিকিৎসক চিকিৎসক আমেরিকার উত্তর ও দক্ষিণ অংশে বিস্তীর্ণভাবে ঘুরেছিলেন – উটিকা থেকে নিউ অরলিয়ানস। তাঁর বিবরণে অনেক দর্শনীয় স্থানের মধ্যে পড়ে – “We have now been at New Orleans ten days, and seen much to interest us … the slave markets, the burial grounds, the old French market. etc, are peculiarly interesting, as exhibiting customs and manners new to the residents of the North.”[15]
(আমেরিকার স্লেভ মার্কেটের সচিত্র বিজ্ঞাপন)
দাসদের বাজারও একটি দেখার সামগ্রী ছিল – স্বাভাবিকভাবেই। এ প্রবন্ধের গোড়াতেই দাসদের কেনাবেচার নিলামঘরের ছবি দেওয়া আছে। এখানে উল্লেখ করা দরকার, ১৮৬৩ সালে আইন করে দাসব্যবস্থা এবং ব্যবসা নিষিদ্ধ করার পরেও “Racist thinking about Black people extended beyond the topic of insanity. In 1894, a Washington, D.C., doctor reported that “Since they had been free, they had become shiftless; they lived in entire disregard of all sanitary regulations and requirements, and were often intemperate.”[16]
নতুন চেহারায় ও রূপে বর্তমানেও বাহিত মেডিসিনের জগতে ভিন্নভাবে এই “রেসিস্ট” ভাবনার রেশ থেকে যায়। কোভিডকালে বিশেষ করে প্রকটিত হয়েছে এ ভাবনার কাঠামোগত রূপ। “Since the first data on racial disparities in Covid-19 mortality were published in April 2020, and in the wake of widespread mobilization and attention to bodily effects of structural racism after the police killing of George Floyd last May, more health care experts have acknowledged the centrality of structural racism as a driver of racial
and ethnic disparities in clinical medicine and public health … Today’s physicians and physicians-in-training must grapple with our openness to more than reeducation about the way Black people are seen.”[17]
পল ফার্মারের বারংবার ব্যবহৃত শব্দবন্ধ “স্ট্রাকচারাল রেসিজম” বা “কাঠামোগত বর্ণবৈষম্য”কে অন্য একটি লেখায় (NEJM-এ প্রকাশিত) ব্যাখ্যা করা হয়েছে এভাবে – “Structural racism is a form of racism that is embedded in the laws, policies, institutions, and practices that provide advantages to certain racial groups while disadvantaging others.”[18]
একেবারে সাম্প্রতিক সময়েও বর্ণ ও জাতিগত বৈষম্য কিরকমভাবে মেডিসিনের কাঠামোর মধ্যে স্তরায়িত হয়ে আছে এ বিষয়ে NEJM-এই লেখা প্রকাশিত হচ্ছে। বলা হচ্ছে – “Important questions remain. Even the most basic decisions (e.g., which population descriptors are appropriate when considering human diversity in medical research and practice) are contested. American medicine has long accepted racializing narratives that propagate social perceptions about White superiority.”[19]
জার্নাল ও ইউজেনিক্সের অটুট বন্ধন
(“শুদ্ধ রক্ত” খোঁজা তথা ইউজেনিক্সের মেডিক্যাল পরীক্ষা চলছে – সূত্রঃ NEJM)
শিক্ষিত মানুষের একটি উল্লেখযোগ্য অংশ আমেরিকার বিখ্যাত মেয়ো ক্লিনিকের নাম জানে। মিনেসোটায় ডঃ উইলিয়াম মেয়ো এর প্রতিষ্ঠা করেন এবং কাজের সাফল্যের জন্য অচিরেই বিখ্যাত হয়ে ওঠেন। ১৯২৩ সালে Boston Medical and Surgical Journal-এ তাঁর চিন্তাভাবনা লেখার আকারে প্রকাশিত হয়। তাঁর অভিমত অনুযায়ী, দারিদ্র্যের কারণ – “onstitutional inferiority and mental instability,” declaring both “to a large extent hereditary.”[20] সহজ কথায়, একজন মানুষের শরীরে রয়েছে বংশানুক্রমিকভাবে “বাজে জিন” এবং এর ফলশ্রুতিতে দৈহিক গঠন, মানসিক সাম্যের অভাব, কাজের অক্ষমতা ইত্যাদি সবকিছুই এর ফলে একে একে দেখা দেয়।
১৯২৩ সাল তো ১০০ বছর আগের কথা। এরও অনেকদিন আগে শুরু হয়েছে ইউজেনিক্সের গোড়া পত্তনের ইতিহাস। ফ্রান্সিস গালটন ১৮৮৩ সালে “eugenics” শব্দটির ব্যবহার চালু করেন। ১৯০৬ সালে এই জার্নালে প্রথম ব্যবহার ঘটে – “in a brief discussion of new research related to heredity.”[21] এর আগের ইতিহাস হল, জুলাই এবং আগস্ট, ১৮৬৫-তে MacMillan’s Magazine-এ ফ্রান্সিস গালটনের দু-কিস্তির লেখা “Hereditary Character and Talent” প্রকাশিত হয়। (https://www.eugenicsarchive.ca/timeline) গালটনের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হিসেবে এ লেখাকে ধরা হয়। তাঁর প্রতিপাদ্য ছিল প্রতিভা এবং চরিত্র বংশানুক্রমিক। দু-কিস্তির এ প্রবন্ধ, গবেষকদের মতে – “are also noted for suggesting that embryos of the next generation come from those of the previous one – a theory which was proven by August Weismann almost 20 years later.” ১৮৬৯ সালে প্রকাশিত হয় গালটনের সুবিখ্যাত পুস্তক হেরেডিটারি জিনিয়াস।
যাহোক, আমরা জার্নাল-এর ক্রমানুসারি ইতিহাসে ফিরে আসি। ১৯০৯ সালের একটি লেখায় স্মরণ করিয়ে দেওয়া হল যে গালটন হচ্ছেন “ইউজেনিক্স বিজ্ঞানের প্রতিষ্ঠাতা।[22] সেসময় জার্নাল-এ ধারাবাহিকভাবে প্রকাশিত লেখাগুলোর ৩টি উপপাদ্য ছিল (সবই ইউজেনিকস সংক্রান্ত) যেগুলোকে অভিহিত করা হয়েছিল “the proper mission of medicine.” উপপাদ্যগুলো হল – (১) “মানসিকভাবে যারা ত্রুটিযুক্ত” তারা সামাজিক খরচ বাড়িয়ে দিচ্ছে, (২) বিদেশ থেকে আসা “ত্রুটিযুক্তদের” আগমন নিয়ন্ত্রণ করতে হবে ও কমাতে হবে, এবং (৩) ইউজেনিকস-এর প্রয়োজনে বন্ধ্যাত্বকরণ করতে হবে যাতে দেশে সক্ষম মানুষের সংখ্যা বৃদ্ধি পায়।
১৯১০ সালে প্রকাশিত একটি প্রবন্ধে বলা হল – “The transmission to their children of moral, mental and physical defectiveness by people unfit for parenthood is familiar to no one more than to the physician.”[23] আরও বলা হল – “It will be interesting, however to see whether preventing marriage between these persons will indeed prevent their having children.”
রাষ্ট্র-নির্ধারিত এবং জায়মান মেডিসিনের ধারণা দিয়ে পুষ্ট একটি সমাজ তৈরির প্রকল্প গৃহীত হল যেখানে প্রথমত, মানসিকভাবে দুর্বল, এবং দ্বিতীয়ত, জিনগত “শুদ্ধতা” না-থাকা ব্যক্তিদের কোন স্থান নেই। পরবর্তীতে ইতিহাসে ঘৃণিত হিটলারের নরমেধ যজ্ঞের সূচনা হয়েছিল আমেরিকায় ফ্রান্সিসি গালটনদের হাত ধরে। এবং আজকের NEJM ছিল এ ধারণার নির্ভরশীল বাহক।
এসময় চার্লস ড্যাভেনপোর্টের নেতৃত্বে Eugenics Record Office (ERO) তৈরি হল। ইতিহাস ঘাঁটলে দেখা যায় – “The Journal printed accounts of each International Eugenics Congress, from the 1912 meeting in London to the 1921 and 1932 meetings in New York.”
(১৯২১ সালে নিউ ইয়র্কের আমেরিকান মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্টরি-তে অনুষ্ঠিত ২য় ইউজেনিকস কংগ্রেসের লোগো – উইকিপিডিয়া)
এ কংগ্রেসে অংশগ্রহণকারী একজনের হিসেবে জেনেরাল কমিটির ২০% ছিল ডাক্তার। এর আগে জার্নাল-এ গুরুত্ব দিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছিল – “Insanity is widespread … The cost of caring for them was nearly $33,000,000 a year. The economic loss due to their being unable to work was estimated at more than $130,000,000 annually—the total cost of insanity being equal to the value of the combined annual exports of wheat, corn, tobacco and dairy and beef products, nearly $163,000,000.”[24]
জিনগতভাবে “অশুদ্ধ” মানুষদের জন্য “শুদ্ধ” রক্তের সিদ্ধিস্থান এত টাকা খরচ করবে কেন? সাধারণ মানুষও এতে সায় দেবে। এখন যেমন ভারতবর্ষে বিশেষ ধর্মের সামাজিক নিধনে সংখ্যাগরিষ্ঠের সম্মতি নির্মাণ করা গেছে তেমনি অতীতের আমেরিকা বা জার্মানিতেও এরকম মানসিকতার নির্মাণ হয়েছে। সাধারণভাবে social psyche তরল, অগভীর এবং মৌহূর্তিক কাজে যুক্ত হবার বিপুল তাগিদে ভেসে যায়। একেই হাতিয়ার করে রাষ্ট্র এর করতৃত্ব কায়েম করে – কখনো গণতন্ত্রের পরতে, কখনো ফ্যাসিজমের চেহারা। মূলগতভাবে দুটিই কার্যত এক।
১৯০৯ সালে নেচার-এর মতো জার্নালে প্রকাশিত হয়েছিল The Problem of the Feeble-minded. An Abstract of the Report of the Royal Commission on the Care and Control of the Feeble-minded পুস্তকের বুক রিভিউ। এতে বলা হল – “The book also contains some special articles, of which that upon segregation, by Mr. Galton, we can especially recommend to our readers.”[25]
১৯১৩ সালে জার্নাল-এর সম্পাদকেরা “issued an early and full-throated endorsement of eugenic surgery, concluding that “if the lay mind is ripe for such drastic measures we see no reason for the scientists to object.”[26] পরিণতি? ১.৫ কোটি “socially inadequate” মানুষের বন্ধ্যাত্বকরণ করা হল। ডাক্তারদের মধ্যে ইউজেনিক্সের জন্য বিপুল সমর্থন ছিল “ranging from immigration restriction to sterilization. The role of physicians in the eugenics movement more generally has been well established, and it is clear that from the earliest days of the 20th century they wielded an oversized influence on public attitudes and policies.”[27] এমনকি সময়ের সাথে সাথে বিবর্তিত ইউজেনিক্সের ধারণা এখনও আমেরিকার সমাজজীবনের একটি বিশেষ উপাদান।
(জার্মানিতে ইউজেনিক্সের প্রতিরূপ – যখন pseudoscience আইনে পরিণত হয়)
____________________________
[1] Eric J. Rubin, Debra Malina, Winfred W. Williams and Stephen Morrissey, “Editorials: Recognizing Historical Injustices in Medicine and the Journal,” NEJM 2023, 389 (23): 2202.
[2] Ibid.
[3] Christopher D. E. Willoughby, Masters of Health: Racial Science and Slavery in U. S. Medical Schools (Chapel Hill: The University of North Carolina Press, 2022), 4.
[4] Ibid.
[5] Ibid, 5.
[6] Ibid, 7.
[7] Ibid, 30.
[8] Michael Sappol, A Traffic nof Dead Bodies: Anatomy and Embodied Social Identity in Nineteenth-Century America (Princeton, Oxford: Princeton University Press, 2004), 107.
[9] David S. Jones et al, “Slavery and the Journal,” NEJM 2023, 189 (23): 217-223.
[10] Ibid, 2118.
[11] Richard Horton, “The slave trade – medicine’s necessary remorse,” Lancet 2022, 400 (10362): 1499.
[12] John Douglas, “Ovarian dropsy, cured by a simple operation,” Boston Med Surg J 1851 (45): 240-241.
[13] “Slavery and the Journal,” 2118.
[14] S. B. Hunt, “The Cranial Characteristics and Powers of Human Races,” Boston Med Surg J 1854, 51 (4): 69-74.
[15] Anonymous, “Sketches of Medical Man and Matters at the South,” Boston Med Surg J 1848, 39 (4): 71-75.
[16] “Slavery and the Journal,” 2120.
[17] Alexander White, Rachel L.J. Thornton and Jeremy A. Green, “Remembering Past Lessons about Structural Racism,” NEJM 2021, 358 (9): 850-855.
[18] Catherine L. Chain et al, “Calling Out Aversive Racism in Academic Medicine,” NEJM 2021, 358 (27): 2499-2501. এ সংক্রান্ত বিস্তৃত আলোচনার জন্য আরও দ্রষ্টব্য, জয়ন্ত ভট্টাচার্য, অতিমারি নিয়ে মারামারি (কলকাতাঃ গুরুচণ্ডালী, ২০২১), এবং “করোনা অতিমারি – প্রকট স্বাস্থ্যবৈষম্য, প্রকট মানুষী অস্তিত্বের সংকট,” ডক্টরস’ ডায়ালগ, মে ২১, ২০২০ – https://thedoctorsdialogue.com/corona-pandemic-health-inequity-crisis-of-human-existence/
[19] David S. Jones et al, “Explaining Health Inequities – The Enduring Legacy of Historical Biases,” NEJM 2024, 390 (5): 389-395.
[20] Paul A. Lombardo, “Riding the Race of His Defective Blood” – Eugenics in the Journal, 1906-1948,” NEJM 2024, 390 (10): 869-873.
[21] Ibid, 870.
[22] “A Peppys of Modern Science,” Boston Med Surg J 1909 (160): 756-759. Published on June 10, 1909.
[23] “Eugenics Again,” Boston Med Surg J 1910, 163 (1): 27-32. Published July 7, 1910.
[24] Stanley E. Abbott, “Preventable Forms of Mental Disease and How to Prevent Them,” Boston Med Surg J 1916, 174 (16): 555-563.
[25] Nature 1909, 81 (2075): 158.
[26] “Riding the Race of His Defective Blood” – Eugenics in the Journal, 1906-1948,” 871.
[27] Ibid, 872.



















লেখাটি চমৎকার! দাসপ্রথার সঙ্গে মেডিসিনের কেমন সম্পর্ক খুব সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে।নীরস বিষয়ও সহজ সুন্দরভাবে তুলে ধরা হয়েছে,গবেষণার নীতি সর্বত্র রক্ষিত হয়েছে।
Beautiful and well researched work. Came to know substantially more about Eugenics from your article. Such dedication is remarkable. Thank you…
খুব সুন্দর লেখা, informative as well. কিছু কথা থেকেই যায়, “স্বাধীন ইতিহাসবিদ ” বলে আদৌ কিছু হয় কিনা। তাছাড়া, যুগ যুগ ধরে, মানুষের এই “ইগো”, “racism” র মানসিকতা, “superiority complex “, এসব ছিল,আছে,থাকবে। সভ্যতা র মোড়কে কিছুটা মুখোশের আড়ালে থাকে, কিন্তু থাকে। এটা দূর্ভাগ্য কিন্তু এটাই সত্যি। very good piece of writing but it’s a never ending debate.
Excellent one sir 🙏🏼
Very nice 🙏🙏🙏
Very nice 🙏🙏🙏
ইতিহাসে একটি কলঙ্কিত অধ্যায় । কেনা বেচা অংশটা বাদ দিলে সে “বিশুদ্ধ রক্ত” আর “ নোংরা রক্ত” এর তফাৎ আজও গভীর ভাবেই বিদ্যমান । শেতাঙ্গরা আজও কালো/ বাদামি – people of colour দের একই চোখে শুধু দেখেই তাই নয় একই ব্যবহার ও আর্থসামাজিক বৈষম্য চাপিয়ে দেয , প্রকাশ্যে বা নীরবে ।
ভারতীয় উপমহাদেশে বর্ণভেদ ও একই চিন্তা ও আর্থসামাজিক বৈষম্য চাপিয়ে দেয কার্যত প্রকাশ্যেই ।