ধ্যানে বসবার আগে পরে নিই চশমাটা মনে করে।
ক্যামেরাম্যানকে খেয়াল করাস, শেষবেলা ফোনে ধরে।
প্রেসকার্ডধারী সাংবাদিকের ল্যাপটপ পেনটেন…
তৈরি থাকুক। জুতিয়ে করব মিডিয়াকে মেনটেন।
এ দেশের লোক, মনুষ্যেতর। নাটক দেখলে মুগ্ধ।
হিজাব-গেরুয়া বশ্য গাধারা পিটুলিকে ভাবে দুগ্ধ।
মন খুশি করা নাটক সাজিয়ে, দিব্যি নামাই স্টেজে।
পেটে ভাত নেই। বিবাদ বাধাই ভেজ আর ননভেজে।
ভোলাতেই হবে সত্যি চাহিদা রোটি কাপড়া ও মকান।
ইকনমিস্টরা ভারি নমস্য। কেন মিছিমিছি বকান?
সত্যি যা কিছু, অন্য রকম। সেটা বলা মানা… তাই
আসল কথাটা… পাওয়ার চাওয়ার প্রকরণ জানা চাই।
এ অপারেশনে হিজাব-গেরুয়া দরকারি অ্যাপ্রন।
চশমাটা কেন? বুঝিয়ে বলছি। গোপন কথাটা শোন।
চশমা থাকলে ধ্যানের ভেতরে দেখব স্পষ্টতর
নাক বরাবর ওই তো দাঁড়ানো… আল্লা বা ঈশ্বরও।
★











